সংসদে উত্তাপ ছড়াতে পারে সংবিধান সংস্কার পরিষদ
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে সংবিধান সংস্কার ইস্যুতে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে প্রথম দিনেই অধিবেশন কক্ষে হট্টগোল হয় এবং ওয়াকআউট করেন জামায়াতে ইসলামী ও তাদের মিত্রদলের সংসদ সদস্যরা। এ অবস্থায় ‘জুলাই জাতীয় সনদ’ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং এ বিষয়ে পৃথক অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছে বিরোধী জোট। দাবি না মানলে আন্দোলনে যাওয়ার হুশিয়ারিও দিয়েছে তারা।
জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ তাদের নির্বাচনী জোট এরই মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে পৃথক শপথগ্রহণ করেছে। তবে সরকারি দল বিএনপি বলছে, বিষয়টি সংসদে আলোচনা হতে পারে, কিন্তু এই মুহূর্তে সংস্কার পরিষদের জন্য আলাদা অধিবেশন ডাকার পক্ষে তারা নয়। ফলে চলমান সংসদ অধিবেশন ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, জটিলতা সৃষ্টি না করে সমস্যার সমাধান করা জরুরি। তিনি বলেন, আমরা সমজাতীয় জাতি হলেও নানা কারণে বিভক্ত। বিভক্ত জাতি বেশি দূর এগোতে পারে না। বিভিন্ন রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও এসব গুরুত্বপূর্ণ বিষয়ে জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী, সংসদ নির্বাচনের ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে। সেই সময়সীমা শেষ হচ্ছে আজ ১৫ মার্চ। কিন্তু এখনও পরিষদ গঠন করা হয়নি। সময়সীমা পার হলে কী হবে, তা নিয়েও আদেশে স্পষ্ট কোনো নির্দেশনা নেই।
এদিকে আজ রবিবার সকালে সংসদের মুলতবি অধিবেশন বসছে। এর আগেই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জোরালো করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। গতকাল শনিবার জোটের বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচনী ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হব। শিগগিরই শীর্ষ নেতারা বৈঠক করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। তিনি আরও বলেন, ১৫ মার্চ (আজ) সরকারের ৩০ দিন পূর্ণ হবে। এর মধ্যে যদি সরকার জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকে, তাহলে সরকারকে এর দায় নিতে হবে এবং তারা জাতির কাছে ক্ষমা পাবে না।
এদিকে গতকাল শনিবার সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, ‘বিষয়টি আজকের কার্যসূচিতে ছিল না। সংবিধান সংস্কার নিয়ে সংসদেই আলোচনা হবে এবং সরকার সংসদের মাধ্যমেই বিষয়টির সমাধান চায়।’
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও জানিয়েছেন, সংবিধান সংস্কার বিষয়ে বিএনপির অবস্থান সংসদেই তুলে ধরা হবে। তার ভাষায়, ‘সংসদই সব ধরনের আলোচনার কেন্দ্রবিন্দু’।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান সংসদে জানার পর তাদের পরবর্তী করণীয় ঠিক করা হবে। তিনি বলেন, গণভোটের রায় যেহেতু সংস্কারের পক্ষে এসেছে, তাই সংসদ অধিবেশনের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও ডাকার কথা ছিল। আমরা চাই সংসদ দ্রুত সংবিধান সংস্কার পরিষদে রূপ নিক।
গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সেদিন রীতি অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেন। তবে তাকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ভাষণ চলাকালেই ওয়াকআউট করেন জামায়াত জোটের সদস্যরা।
গতকালের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। সেই আলোচনায় ওয়াকআউট করা সংসদ সদস্যরাও অংশ নেবেন বলে জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণের ওপর আমরা অবশ্যই বক্তব্য দেব। কেন ওয়াকআউট করেছি, কেন মনে করেছি এই সংসদে তার ভাষণ অনুচিত- সেটি সেখানে তুলে ধরা হবে।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ১৫ মার্চ সংসদ বসার পর ১৬ মার্চ থেকে মুলতবি থাকবে। এরপর ২৯ মার্চ আবার অধিবেশন শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ পরীক্ষা করতে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, অধ্যাদেশগুলো রবিবারের অধিবেশনে হ্যাঁ-না ভোটের মাধ্যমে বিশেষ কমিটিতে পাঠানো হবে।
জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এটিএম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির। স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, চলতি অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৪৬৮। এ ছাড়া বিধি ৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি ১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিশ জমা পড়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশন শেষে আজ রবিবার বেলা ১১টায় আবারও মুলতবি সভা বসবে।









