অর্থ তছরুপে অভিযুক্ত ব্যক্তিই অর্থের দায়িত্বে
নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ তদন্তে যে কর্মকর্তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ তছরুপের অভিযোগ পাওয়া যায়, তাকেই দেওয়া হয়েছে পরিচালক প্রশাসন ও মহাব্যবস্থাপকের (অর্থ বিভাগ) মতো দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। মোহাম্মদ মিজানুর রশিদ প্রতিষ্ঠানের আর্থিক বিভাগের দায়িত্বে থেকে দুটি সফটওয়্যার ক্রয়ের ক্ষেত্রে আর্থিক অনিয়ম করেন বলে বিমানের অভ্যন্তরীণ তদন্তে বেরিয়ে আসে। এ ছাড়া গোয়েন্দা তদন্তে তার অভিযোগের সত্যতা মিলেছে। অভিযোগের বিষয় খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে। দুদকের তদন্তেও প্রমাণ মিলে তার দুর্নীতি-অনিয়মের চিত্র। এসব কোনো কিছুকেই তোয়াক্কা না করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অসাধুচক্র যারা আওয়ামী লীগ শাসনামলে দলদাস ছিল, ভোল পাল্টে বিএনপি অনুসারীর তকমা লাগিয়েছে। তারাই এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
চক্রটি এতই শক্তিশালী যে, গত ২৬ ফেব্রুয়ারি এবিএম রওশন কবীরকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) এবং পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ ভারপ্রাপ্ত) করা হয়। এ ছাড়া একই আদেশে আবু সাঈদ মো. মঞ্জুর ইমামকে মহাব্যবস্থাপক (রেভিনিউ অ্যান্ড এফএমআইএস) দেওয়া হয়। সেই আদেশ বাতিল করে একাধিক পদ বাগিয়ে নেন মিজানুর রশিদ। ২৬ ফেব্রুয়ারির অফিস আদেশ আটকে রেখে ৪ মার্চ নতুন আদেশ জারি করে বিমান বাংলাদেশ। সেখানে এবিএম রওশন কবীরকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) ও আবু সাঈদ মো. মঞ্জুর ইমামকে মহাব্যবস্থাপক রাজস্ব ও এফএমআইএস (মূল দায়িত্ব) এবং মহাব্যবস্থাপক অর্থ ও হিসাব (প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব) দেওয়া হয়। অভিযোগ রয়েছেÑ আর্থিক লেনদেনের মাধ্যমে মিজানুর রশিদ একাই সব পদ বাগিয়ে নেন।
গত ৪ মার্চের অফিস আদেশ অনুযায়ী মোহাম্মদ মিজানুর রশিদ বর্তমানে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ) মূল দায়িত্ব, পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব এবং পরিচালক অর্থ (প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব)। অর্থাৎ, প্রতিটি বিভাগের সঙ্গেই আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে। একজনকে এত বড় সব পদ দেওয়ায় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তাদের ভেতর অসন্তোষ দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বিমান বাংলাদেশের সব কাজ মিজানুর রশিদের হাতে জিম্মি। তিনি চাইলে অনেক কিছু করতে পারেন। সব আমলেই তিনি ক্ষমতাধর।
এত অভিযোগ তবুও গুরুত্বপূর্ণ পদে পদায়নের বিষয়টি জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান বিমানের এমডি। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. হুমায়রা সুলতানা আমাদের সময়কে বলেন, আমি এখানে নতুন, অনেক কিছুই আমার জানা নেই। যা জানা দরকার আমাদের গণসংযোগ শাখার সঙ্গে যোগাযোগ করুন। এ কথা বলে তিনি ফোনকল কেটে দেন।
ভারতের মেসার্স অ্যাসেলিয়া স্যুলিউশন লিমিটেড থেকে (ঋরহবংংব ঋচঝ) এবং ঋরহবংংব পড়ংঃ ্ ইঁফমবঃরহম সংক্রান্ত দুটি সফটওয়্যার কেনাকাটায় বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে ক্রয়কার্য সম্পাদন করায় বিমানে আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়।
সেই তদন্ত কমিটির প্রতিবেদনে অ্যাসেলিয়া স্যুলিউশন লিমিটেড থেকে (ঋরহবংংব ঋচঝ) এবং ঋরহবংংব পড়ংঃ ্ ইঁফমবঃ সংক্রান্ত দুটি সফটওয়্যার কেনাকাটায় বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের জন্য মোহাম্মদ মিজানুর রশিদ এবং বিমানের তৎকালীন সিইও ভিনিত সুদকে দায়ী করে রিপোর্ট দেয়। এরপর গোয়েন্দা সংস্থার তদন্তে অভিযোগ প্রমাণিত হয় বলে জানা গেছে।
এরপর দুদক থেকে অভিযুক্ত মিজানুর রশিদের বক্তব্য শ্রবণ করার জন্য নোটিশ করে। সেখানে সব তথ্যউপাত্ত যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায় দুদক। এরপরও প্রভাব খাটিয়ে একসঙ্গে একাধিক পদ বাগিয়ে নিয়েছেন মিজানুর রশিদ।
এর আগে গত বছর ১০ সেপ্টেম্বর ‘বিমানের ভরাডুবির নেপথ্যে সাবেক মহাব্যবস্থাপক মিজানুর’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয় দৈনিক আমাদের সময়ে। সেই প্রতিবেদনের তথ্যগুলো তদন্ত করে দুদকসহ অন্য সংস্থা। তাতেও মিজানুর রশিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে বলে জানা গেছে।
বিমান বাংলাদেশের ভরাডুবিতে (আর্থিক ক্ষতি) সংস্থাটির তৎকালীন মহাব্যবস্থাপক (অর্থ বিভাগ) মিজানুর রশীদ ও ভারতের নাগরিক ভিনিত সুদ জড়িত বলে অভিযোগ ওঠে। বিমান বোর্ডের অনুমতি ছাড়া ভারতের প্রতিষ্ঠানের কাছ থেকে সফটওয়্যার কেনা, বাজার দরের চেয়ে বেশি দর দেখিয়ে জ্বালানি কেনা, চুক্তি ভঙ্গ করে বাড়ি ভাড়া উত্তোলন, নিয়মবহির্ভূত বোনাস উত্তোলন এবং বিমানের সংবেদনশীল তথ্য ফাঁসসহ নানা অপকর্মে জড়িত এই সিন্ডিকেট। চক্রটির খপ্পরে পড়ে বিমানের হাজার কোটি টাকা গচ্চা গেছে বলে অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে।
বিমানের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন থেকে পাওয়া তথ্যানুযায়ী, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২০ সালের ৩১ জুলাই পর্যন্ত প্রায় ৫ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অর্থ বিভাগের পরিচালক ছিলেন ভারতীয় নাগরিক ভিনিত সুদ। তিনি বিমানের আইটি বিভাগকে পাশ কাটিয়ে ভারতের একটি কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলেন। ভিনিত নিয়ম-নীতির তোয়াক্কা না করেই শুধু একটি খুদে বার্তার মাধ্যমে ভারতীয় কোম্পানির বিক্রয় বিভাগের প্রধানের সঙ্গে যোগসাজশ করে চলেন। বিমান বোর্ডের অনুমতি ছাড়াই তিনি বিমানের নিজস্ব উদ্ভাবিত এক্সেল প্রোগ্রাম তুলে দেন ভারতীয় ওই প্রতিষ্ঠানের হাতে। ফলে ফ্লাইট প্রোফিটেবল সিস্টেম (এফপিএস) নামে ওয়েবভিত্তিক একটি সফটওয়্যার বিপুল বৈদেশিক মুদ্রা খরচ করে কেনা হয়। অথচ সফটওয়্যারটির সব তথ্য ইনপুট দিতে হয় বিমানের কর্মীদের, আর আউটপুট আসে ঠিক সেই এক্সেল প্রোগ্রামের মতোই। শুধু তাই নয়, ‘ফাইন্যান্স বাজেট’ নামে আরেকটি অকেজো সফটওয়্যার ক্রয়ে বাধ্য করেন তিনি। এসব সফটওয়্যার থেকে ব্যবহারযোগ্য ফলাফল না থাকা সত্ত্বেও ২ বছরে ২৪ হাজার মার্কিন ডলার (প্রায় ২৮ লাখ ৮০ হাজার টাকা) গচ্চা দেয় বিমান। কোনো সফলতা না পাওয়ায় প্রতিষ্ঠানটিকে পুরনো ম্যানুয়াল পদ্ধতিতেই বাজেট প্রস্তুত করতে হয়েছে।











