সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে সংকট নতুন সরকারের চ্যালেঞ্জ

news-image

জ্বালানি তেলের সংকট সব শ্রেণির মানুষের ওপর প্রভাব ফেলবে

আবু আলী
মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শুধু বিশ্ব জ্বালানি বাজারকে অস্থির করছে না, বরং বাংলাদেশসহ বিশ্ব অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলছে। হরমুজ প্রণালির অনিশ্চয়তা, তেলের দাম বৃদ্ধি, এলএনজি ও অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। এসব কেবল নতুন সরকারের জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জ নয়, এটি দেশের সাধারণ মানুষ, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ওপর সরাসরি প্রভাব ফেলছে। নতুন সরকারের দায়িত্ব শুরু থেকেই এই সংকট বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় পরীক্ষার মুখে ফেলেছে।

১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে সরকারের পথচলা শুরু হয়। নতুন সরকারের ওপর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান তৈরি, ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে করা বাণিজ্যচুক্তি, এলডিসি থেকে উত্তরণ পেছানো, আগামী অর্থবছরের বাজেট তৈরির চ্যালেঞ্জ ছিলই। কিন্তু এরই মধ্যে ইরানে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনে বিশ^ব্যাপী নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে বড় সংকট তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালি। বিশে^র প্রায় ২০ শতাংশ তেল পরিবহনে এ রুট ব্যবহৃত হয়। এই রুটে কোনো ধরনের বিঘ্ন ঘটলে তেলের দাম বেড়ে যায়। তেলে দাম বাড়লে মূল্যস্ফীতিও বেড়ে যায়। যার নেতিবাচক প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে। বাংলাদেশ জ্বালানি আমদানিনির্ভর দেশ। অধিকাংশ জ্বালানি বিশেষ করে অপরিশোধিত তেল, এলএনজি ও এলপিজি মধ্যপ্রাচ্য থেকে আসে। ইরানের প্রতিরোধে মধ্যপ্রাচ্যের ওপর নেতিবাচক প্রভাবের তাপ সব ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে। পাশাপাশি কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান- কাতার এনার্জি দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তিতে ‘ফোর্স মাজ্যুর’ ঘোষণা করেছে। বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদক এবং বাংলাদেশের সবচেয়ে বড় সরবরাহকারী কাতার এনার্জি চলতি সপ্তাহে ইরানের হামলার পর উৎপাদন স্থগিত করে। এতে দেশের বাজারে তেল নিয়ে সংকট দেখা দিয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের জন্য সবচেয়ে ঝুঁকি হবে জ¦ালানি সরবরাহে। জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি খাদ্যপণ্যের দামও বাড়বে। ফলে মূল্যস্ফীতি আবার বাড়ার ঝুঁকি তৈরি হবে। বাংলাদেশের অর্থনীতি এখনও বৈদেশিক মুদ্রা আমদানি ব্যয়ের চাপের মধ্যে রয়েছে, নতুন করে তেলের দাম বাড়লে বাজেট ঘাটতি ও ভর্তুকির চাপ বাড়তে পারে। ফলে উৎপাদন ব্যয় বাড়ে এবং শেষ পর্যন্ত ভোক্তাদেরই বেশি দাম দিতে হয়।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ঢাকাকে জ্বালানি ও গ্যাস রেশনিং শুরু করতে বাধ্য করেছে। একই সঙ্গে যুদ্ধের প্রভাবে অস্থির স্পট মার্কেট থেকে এলএনজি ও পরিশোধিত তেল জোগাড়ে মরিয়া চেষ্টা চালাচ্ছে সরকার। এর প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান। পেট্রোল পাম্পগুলোয় উদ্বিগ্ন গ্রাহকের ভিড়, যাদের অনেকে আগাম জ্বালানি মজুদ করছেন। গ্যাস সংকটে সার কারখানাগুলো উৎপাদন বন্ধ করে দিয়েছে।

চলমান সংকট থেকে উত্তরণ ও অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ইতোমধ্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। এই কমিটিতে অর্থ মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), পরিকল্পনা কমিশনসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা রয়েছেন। মধ্যপ্রাচ্যের সংঘাতে ইতোমধ্যে বৈশ্বিক জ্বালানি বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। সংঘাত তীব্র হওয়ার পর ব্রেন্ট ক্রুড তেলের এক সপ্তাহে প্রায় ২০ শতাংশ বেড়েছে এবং ব্যারেলপ্রতি প্রায় ৮৭ ডলারে পৌঁছেছে। সংঘাত দীর্ঘস্থায়ী হলে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে ১৫০ পর্যন্ত যেতে পারে।

অন্যদিকে, দেশে রাজস্ব আয়ে বড় ঘাটতি, উন্নয়ন বাস্তবায়নে ধীরগতি এবং বিনিয়োগে অনিশ্চয়তাসহ নানা চাপে রয়েছে দেশের অর্থনীতি। নতুন করে ইরানের ওপর মার্কিন আগ্রাসন দেশের জন্য নতুন সংকট তৈরি করেছে। এটি দীর্ঘায়িত হলে সংকট আরও ঘনীভূত হবে। এ অবস্থায় সৌর ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, প্রযুক্তি ব্যবহারের মতো কর্মসূচিগুলো এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে।

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, জ্বালানি তেলের সংকট সব শ্রেণির মানুষের ওপর প্রভাব ফেলবে। অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য সব ক্ষেত্রেই জ্বালানি তেলের প্রভাব আছে। জ্বালানি তেলের সংকট মূলত দুভাবে- অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যে প্রভাব ফেলবে। বিদ্যমান বিনিয়োগের ওপর চাপ সৃষ্টি করবে। ব্যবসা-বাণিজ্য শ্লথ হবে। নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক দেশি-বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারী নতুন বিনিয়োগের পরিকল্পনা করছে। জ্বালানি-সংকট থাকলে তাদের নতুন সিদ্ধান্ত নিতে প্রভাব ফেলবে। ফলে বিনিয়োগ পিছিয়ে দিতে পারেন।