বিদেশে প্রশিক্ষণের নামে প্রকল্পের টাকা নয়ছয়
# দুই মাসে তিন দফায় আট কর্মকর্তার পাঁচ দেশে সফর # প্রতিবারই প্রশিক্ষণের খরচ নগদে উত্তোলন # তদন্ত শুরুর পরই নীরবতা # এবার একসঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন ৯ কর্মকর্তা, যার ৮ জনই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট নয়
জিয়াদুল ইসলাম
বিদেশি অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের মুনাফার টাকায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণের নামে বিদেশ সফর থামছেই না। এবার একসঙ্গে ৯ জন কর্মকর্তা সিঙ্গাপুরে যাচ্ছেন, যার মধ্যে ৮ জনই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট নন। আবার প্রশিক্ষণের বিষয়বস্তু যেটি ঠিক করা হয়েছে, সেটির সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পের বিষয়বস্তুর কোনো সম্পর্ক নেই। আগামী ৯ থেকে ১১ মার্চ অনুষ্ঠিতব্য ‘স্ট্র্যাটেজিক থিংকিং অ্যান্ড ডিসিশন-মেকিং ফর সেন্ট্রাল ব্যাংকিং লিডার্স প্রোগ্রাম’ শীর্ষক ওই প্রশিক্ষণে অংশ নিতে গত মাসে এই সফরের অনুমোদন দেওয়া হয়েছে। সফরের যাবতীয় ব্যয় আলোচ্য ‘সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্টের (এসএমইডিপি-টু)’ বাজেট থেকে বহন করা হবে। তবে বিগত কয়েকটি প্রশিক্ষণে এই প্রকল্পের অর্থ ব্যবহারের ধরন নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে ও বাইরে। কারণ প্রশিক্ষণে অনুমতির অফিস আদেশ জারি হওয়ার আগেই খরচের টাকা নগদে উত্তোলন করা হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগ প্রাথমিকভাবে তদন্তের উদ্যোগ নিলেও পরে সেটি আর এগোয়নি।
অভিযোগ রয়েছে, তদন্তে যুক্ত কিছু কর্মকর্তাকে সমঝোতায় এনে বিদেশে প্রশিক্ষণের সুযোগ দিয়ে বিষয়টি কার্যত থামিয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে প্রকল্পটির অর্থ ব্যয়ের প্রকৃত চিত্র সামনে আনতে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অধিদপ্তর (ফাপাদ) দিয়ে বিশেষ নিরীক্ষা করানো জরুরি বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের সচেতন কর্মকর্তারা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী আমাদের সময়কে বলেন, পুরো বিষয়টিতে অনৈতিকতা ও অনিয়মের গন্ধ রয়েছে। তাই প্রথমেই দেখতে হবে ওই তহবিলের চুক্তি বা মেমোরেন্ডামে এ ধরনের ব্যয় বা বিদেশ সফরের অনুমতি আদৌ আছে কিনা। যদি কোনোভাবে অনুমোদন থেকেও থাকে, তবুও বিদেশে প্রশিক্ষণের জন্য যাকে-তাকে পাঠানো ঠিক নয়। নগদ অর্থ উত্তোলনের অভিযোগের বিষয়ে তিনি বলেন, প্রকল্পের অর্থ এভাবে নগদে উত্তোলন করার সুযোগ থাকার কথা নয়। আর যাদের বিরুদ্ধে তদন্ত হওয়ার কথা, সেই তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিদেশ সফরে অন্তর্ভুক্ত করায় তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে। তার মতে, দুর্নীতি দমন কমিশন বা বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প নিরীক্ষার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করা হলে প্রকৃত ঘটনা সামনে আসতে পারে।
জানা গেছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের পুনঃঅর্থায়ন সুবিধা দিতে বেশ কয়েক বছর আগে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নেওয়া হয়েছিল এই প্রকল্প। কিন্তু নানা জটিলতায় প্রকল্পের পুরো অর্থ সময়মতো বিতরণ হয়নি। ফলে অব্যবহৃত প্রায় ৯৫০ কোটি টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে সরকারি ট্রেজারি বিল কেনায় বিনিয়োগ করা হয়। ওই বিনিয়োগ থেকে যে মুনাফা এসেছে, সেখান থেকে প্রশিক্ষণ ব্যয় হিসেবে রাখা ৪ কোটি খরচে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নিয়ম না থাকলেও প্রতিবারই বিদেশে প্রশিক্ষণ আয়োজনের ব্যয় পরিশোধে নগদে টাকা উত্তোলনের ঘটনা ঘটছে, যা রহস্যজনক। বিশেষ করে প্রকল্পের অর্থে বারবার বিদেশ সফর, তৃতীয় পক্ষের মাধ্যমে প্রশিক্ষণ আয়োজন, প্রশিক্ষণের ব্যয় বাবদ নগদে অর্থ উত্তোলন- সব মিলিয়ে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে-বাইরে গভীর প্রশ্ন ও অস্বস্তি তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা আমাদের সময়কে বলেন, বিদায়ী গভর্নরের সময়ে এই বিদেশ সফরের অনুমোদন দেওয়া হলেও বাস্তবে সফরটি হচ্ছে নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর। আবার এই সফরে প্রকল্পের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নন এমন কর্মকর্তাদের অন্তর্ভুক্তি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। কর্মকর্তাদের বিদেশ সফরের অনুমোদন দেওয়া ও অর্থ খরচের ক্ষেত্রে স্বচ্ছতা না থাকলে প্রতিষ্ঠানটির ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অনুসন্ধানে জানা গেছে, এর আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনে কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রকল্পের আট কর্মকর্তা দুই মাসে তিন দফায় (ডিসেম্বর ও জানুয়ারি মাস) পাঁচটি দেশে প্রশিক্ষণ সফরে যান। এই কর্মকর্তারা হলেন- কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মুনিরা ইসলাম, অতিরিক্ত পরিচালক তারিকুল ইসলাম ও টুটুল হোসেন মল্লিক, যুগ্ম পরিচালক প্রশান্ত মোহন চক্রবর্তী, উপ-পরিচালক দীপন কর, সহকারী পরিচালক নূর সুলতান নজরবায়েভ, কাজী নওরিন এবং উপ-সহকারী পরিচালক সানজিদা নাসরিন সোমা। তারা প্রশিক্ষণের নামে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালদ্বীপ, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া সফর করেন। কিন্তু এসব ভ্রমণের ক্ষেত্রে প্রশিক্ষণ খরচ নিয়ম অনুযায়ী বিদেশে পাঠানো হয়নি বলে অভিযোগ উঠেছে, বরং প্রকল্পের তহবিল থেকে নগদ অর্থ তুলে তা ব্যয় দেখানো হয়েছে। বড় অঙ্কের নগদ লেনদেন ও প্রশিক্ষণ ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলেও কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এর মধ্যেই আলোচ্য প্রকল্পের খরচে নতুন করে আরও ৯ কর্মকর্তা প্রশিক্ষণের নামে সিঙ্গাপুর সফরে যাচ্ছেন, যার মধ্যে ৮ জনই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট নন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আমাদের সময়কে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দক্ষতা ও নীতিনির্ধারণী সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আন্তর্জাতিক মানের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সিঙ্গাপুরে আয়োজিত প্রশিক্ষণটিও সেই ধারাবাহিকতার অংশ। নগদ অর্থ উত্তোলন নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সব ক্ষেত্রে নগদে পরিশোধ করা যাবে না- এমন নয়। তাছাড়া যেসব ক্ষেত্রে নগদে পরিশোধ করা হয়েছে, সেগুলোর বিপরীতে অবশ্যই যথাযথ ভাউচার ও সমর্থনযোগ্য নথিপত্র সংরক্ষিত রয়েছে। ভবিষ্যতে অডিট হলে সংশ্লিষ্ট অডিটররা সব নথি যাচাই-বাছাই করবেন এবং তখনই পুরো বিষয়টি পরিষ্কার হবে।
নগদ উত্তোলন ঘিরে রহস্য : আমদের সময়ের হাতে আসা ব্যাংক স্টেটমেন্টের নথি ঘেঁটে দেখা যায়, বিদেশি প্রশিক্ষণ আয়োজনের খরচ পরিশোধের জন্য এখন পর্যন্ত চার দফায় প্রায় ২ কোটি ৩৯ লাখ ৯ হাজার ৯৮৮ টাকা নগদে উত্তোলন করা হয়েছে। এর মধ্যে ১১ নভেম্বর ও ২৬ নভেম্বর ওই প্রকল্পের সহকারী পরিচালক নূর সুলতান নজরবায়েভ উত্তোলন করেন যথাক্রমে ৪৮ লাখ ৭৯ হাজার ৯৫৬ টাকা ও ১০ লাখ ৮৯ হাজার ৭৭ টাকা। ৩০ নভেম্বর যুগ্ম পরিচালক প্রশান্ত মোহন চক্রবর্তী উত্তোলন করেন ৬৬ লাখ ৮৪ হাজার ৬৫৯ টাকা। আর ৮ জানুয়ারি উত্তোলন করা হয় ১ কোটি ১২ লাখ ৫৬ হাজার ২৯৫ টাকা। তবে এই টাকা কে উত্তোলন করেন সেটি নথিতে উল্লেখ নেই। আর প্রশিক্ষণে যাওয়ার অফিস আদেশ জারি হওয়ার আগেই খরচের টাকা অগ্রিম তোলা হয়েছে। যেমন, সহকারী পরিচালক নূর সুলতান নজরবায়েভ চার সদস্যের যে টিমে ৮ থেকে ১২ ডিসেম্বর থাইল্যান্ডে প্রশিক্ষণে অংশ নেন, তার অফিস আদেশে জারি হয় ১৭ নভেম্বর। কিন্তু তিনি প্রথম দফায় নগদ অর্থ তোলেন ১১ নভেম্বর। এই সফরে তার সঙ্গে আরও ছিলেন উপ-পরিচালক দীপন কর, সহকারী পরিচালক ?কাজী নওরিন এবং উপ-সহকারী পরিচালক সানজিদা নাসরিন সোমা। অন্যদিকে যুগ্ম পরিচালক প্রশান্ত মোহন চক্রবর্তী চার সদস্যের যে টিমে ১৫ থেকে ২১ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণে অংশ নেন, তার অফিস আদেশ জারি হয় ৩ ডিসেম্বর। কিন্তু তিনি প্রথমবার অর্থ তোলেন ৩০ নভেম্বর। এই টিমে আরও ছিলেন পরিচালক মুনিরা ইসলাম, অতিরিক্ত পরিচালক তারিকুল ইসলাম ও টুটুল হোসেন মল্লিক। এ ছাড়া এই চার সদস্যের টিম ১৯ থেকে ২১ জানুয়ারি মালদ্বীপ এবং ২২ থেকে ২৫ জানুয়ারি থাইল্যান্ড সফর করেন, যার অফিস আদেশ জারি হয় ৮ জানুয়ারি। আর অফিস আদেশের দিনেই বেনামে ১ কোটি ১২ লাখ টাকার বেশি নগদ উত্তোলনের ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিদেশি আয়োজকদের অর্থ পরিশোধের ক্ষেত্রে নগদ উত্তোলনের কোনো সুযোগ নেই। নিয়ম অনুযায়ী, বিদেশি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রশিক্ষণের ফি সুইফট বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিদেশে পাঠাতে হয়। আর স্থানীয় আয়োজকদের ক্ষেত্রে ব্যাংক চেক, আরটিজিএস বা এনপিএসপি ব্যবস্থার মাধ্যমে পেমেন্ট করতে হয়। কিন্তু উল্লিখিত প্রকল্পের কর্মকর্তারা সেই নিয়ম ভেঙে প্রশিক্ষণের খরচ নগদে উত্তোলন করেন এবং নিজেদের মধ্যে তা ভাগ-বাঁটোয়ারা করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ধরনের প্রকল্প নিরীক্ষা করে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের (সিএজি) আওতাধীন বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অধিদপ্তর (ফাপাদ)। এ বিষয়ে যোগাযোগ করা হলে ফাপাদের ফোকাল পয়েন্ট কর্মকর্তা শাহীন আলম সরদার আমাদের সময়কে বলেন, বিদেশে কোনো প্রশিক্ষণ বা কর্মসূচির ক্ষেত্রে খরচ পরিশোধের জন্য নগদ অর্থ দেওয়ার সুযোগ নেই। সাধারণত সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগে বিল জমা দিতে হয় এবং সেই বিলের বিপরীতে অর্থ তার ব্যাংক হিসাবেই স্থানান্তর করা হয়। অর্থাৎ এসব ক্ষেত্রে পেমেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই হয়ে থাকে। নিরীক্ষা পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন প্রকল্পে অনিয়ম বা অসঙ্গতি থাকলে অডিটের সময় সেগুলো ধরা পড়ে। তবে অডিট বিভাগ মূলত অনিয়ম শনাক্ত করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়; সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তাদের নেই। এ জন্য অনেক সময় অনিয়ম ধরা পড়লেও পরবর্তী পদক্ষেপ না নেওয়ার কারণে কার্যকর পরিবর্তন দেখা যায় না।
তদন্ত শুরুর পরই নীরবতা : বিষয়টি অভ্যন্তরীণভাবে জানাজানি হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগ প্রশিক্ষণগুলোর তথ্য যাচাইয়ের উদ্যোগ নেয়। প্রাথমিক যাচাইয়ে তারা জানতে পারে, এসব প্রশিক্ষণের আয়োজনের সঙ্গে যুক্ত বিভিন্ন দেশের ট্রাভেল এজেন্সি। এ ছাড়া ব্যাংক স্টেটমেন্ট থেকে নগদ উত্তোলনের বিষয়ে নিশ্চিত হয় বিভাগটি। তবে এ বিষয়ে তদন্ত-সংশ্লিষ্ট কোনো নোটিং এখনও নীতিনির্ধারণী পর্যায়ে উপস্থাপন করা হয়নি। এর মধ্যেই গত ১০ ফেব্রুয়ারি এক অফিস আদেশে এই প্রকল্পের টাকায় একাধিক দলকে পৃথক দুটি প্রশিক্ষণে বিদেশ সফরে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি দুজন নির্বাহী পরিচালককে গ্লোবাল হরাইজন কর্তৃক আয়োজিত ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক প্রশিক্ষণে যোগদানে সুইজারল্যান্ডে সফরের অনুমোদন দেওয়া হয়। তবে প্রকল্পের সঙ্গে একজনের সরাসরি সংশ্লিষ্টতা না থাকায় সফর নিয়ে প্রশ্ন ওঠায় ওই কর্মকর্তা নিজ থেকে অপারগতা প্রকাশ করলে ১৯ ফেব্রুয়ারি আরেক অফিস আদেশে সেই সফর স্থগিত করা হয়। যদিও অফিস আদেশে ভিসা না পাওয়ার কারণে সফরটি বাতিল করা হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে চ্যারিয়ট গ্রুপের আয়োজনে ৯-১১ মার্চ সিঙ্গাপুরের অনুষ্ঠিতব্য ‘স্ট্র্যাটেজিক থিংকিং অ্যান্ড ডিসিশন-মেকিং ফর সেন্ট্রাল ব্যাংকিং লিডার্স প্রোগ্রাম’ শীর্ষক প্রশিক্ষণে একসঙ্গে যে ৯ জন কর্মকর্তাকে যোগদানের অনুমোদন দেওয়া হয়েছে, সেটি এখনও স্থগিত করা হয়নি। এই ৯ জনের মধ্যে ৮ জনের প্রকল্পের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই।
ধামাচাপা দেওয়ার চেষ্টা : সূত্রগুলো বলছে, যখন প্রশিক্ষণের জন্য তহবিল বরাদ্দ দেওয়া হয়, তখন কেবল প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরই প্রশিক্ষণের জন্য বিদেশ সফরে যাওয়ার কথা ছিল। আর প্রশিক্ষণের বিষয়বস্তুও ঠিক করা হয় এসএমই সংক্রান্ত। এখন জানাজানির পর বিষয়টি ধামাচাপা দিতে ভিন্ন বিষয়বস্তুতেও অন্য বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণের নামে বিদেশ সফরে পাঠিয়ে তাদের খুশি করার চেষ্টা চলছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ২৩-২৭ ফেব্রুয়ারি ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ এবং আগামী ৯-১১ মার্চ অনুষ্ঠিতব্য ‘স্ট্র্যাটেজিক থিংকিং অ্যান্ড ডিসিশন-মেকিং ফর সেন্ট্রাল ব্যাংকিং লিডার্স’ প্রোগ্রাম শীর্ষক প্রশিক্ষণগুলোতে অন্য বিভাগের কর্মকর্তাদের যোগদানের অনুমোদন দেওয়া হয়। এই দুটি প্রশিক্ষণের বিষয়বস্তু এসএমই সংক্রান্ত নয়।
গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে জারি করা অফিস আদেশ অনুযায়ী, ৯-১১ মার্চ সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘স্ট্র্যাটেজিক থিংকিং অ্যান্ড ডিসিশন-মেকিং ফর সেন্ট্রাল ব্যাংকিং লিডার্স প্রোগ্রাম শীর্ষক প্রশিক্ষণ সফরে নির্বাহী পরিচালক থেকে অতিরিক্ত পরিচালক পদমর্যাদার মোট ৯ জন কর্মকর্তা অংশ নেবেন। কর্মকর্তাদের মধ্যে তিনজন নির্বাহী পরিচালক, চারজন পরিচালক ও ২ জন অতিরিক্ত পরিচালক রয়েছেন। এর মধ্যে একজন কেবল প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তা, যিনি আলোচ্য প্রকল্পের পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. এনামুল করিম খান।
সূত্র বলছে, অডিট ও শাস্তি এড়ানোর জন্য প্রকল্পের উপ-পরিচালক এবং কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মুনিরা ইসলাম তার ব্যাচমেটদের সহযোগিতায় (একসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকে কাজে যোগদান) নীতি-নির্ধারণী ও প্রভাবশালী কর্মকর্তাদের প্রশিক্ষণে যাওয়ার সুযোগ করে দিয়ে তাদের খুশি করার চেষ্টা করছেন। যেমন, সিঙ্গাপুরে প্রশিক্ষণের জন্য যেসব কর্মকর্তাদের মনোনীত করা হয়েছে, সেখানে আলোচ্য অভিযোগ তদন্তের দায়িত্বপ্রাপ্ত অ্যকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের পরিচালক মাহবুবুল আলম রয়েছেন, যিনি মুনিরা ইসলামের ব্যাচমেট। এ ছাড়া অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে যে বিভাগ শাস্তি নিশ্চিত করে (মানব সম্পদ বিভাগ) সেই বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক, পরিচালক ও অতিরক্ত পরিচালককে রাখা হয়েছে। যদিও বিদায়ী গভর্নর আহসান এইচ মানসুরের নিয়োগ বাতিলের দিন এক অফিস আদেশে মানব সম্পদ বিভাগের ওই পরিচালককে অন্য বিভাগে বদলি করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন সবুজ দলের দুজন নেতাকে প্রশিক্ষণে রাখা হয়েছে। এর মধ্যে একজন পরিচালক পদমর্যাদার এবং অন্যজন অতিরিক্ত পরিচালক পদমর্যাদার। আহসান এইচ মানসুরের বিদায়ের দিন অতিরিক্ত পরিচালক পদমর্যাদার ওই কর্মকর্তাকে সদরঘাট অফিসে বদলি করা হয়েছে।
এ বিষয়ে প্রশিক্ষণের জন্য মনোনীত কর্মকর্তাদের কেউ কথা বলতে রাজি হননি। প্রকল্পের উপ-পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মুনিরা ইসলাম আমাদের সময়কে বলেন, প্রকল্পের অধীনে গঠিত আট সদস্যের একটি কমিটি রয়েছে, যেখানে সরকারের প্রতিনিধিও আছেন। ওই কমিটির মতামতের ভিত্তিতেই প্রশিক্ষণের জন্য কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। এর মাধ্যমে এডিবির কোনো শর্তভঙ্গ করা হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে এডিবির কোনো বিষয় নেই। কারণ এটি একটি রিভলভিং ফান্ডের অংশ, যেখানে মূলত সরকারের অংশের অর্থ ব্যবহৃত হচ্ছে। নগদ অর্থ উত্তোলনের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। তাদের সঙ্গে প্রোগ্রাম আয়োজনকারী প্রতিষ্ঠানের চুক্তি রয়েছে, সেই অনুযায়ী বাংলাদেশি টাকায় অর্থ পরিশোধ করা হয়েছে। এটি নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই করা হয়েছে এবং নগদ উত্তোলন নিয়ে যে ধরনের অভিযোগ করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই।











