মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মজুদ গুজবে ফিলিং স্টেশনগুলোয় ভিড়

news-image

অনলাইন প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফিলিং স্টেশনে মানুষের ভিড়, গুজব ও আতঙ্কে অতিরিক্ত তেল সংগ্রহের ঘটনা বেড়ে গেছে। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের মানুষকে আশ^স্ত করেছেন, দেশে ডিজেল, পেট্রল ও অকটেনসহ সব ধরনের তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে।

গতকাল শনিবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মন্ত্রী জানিয়েছেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত রাখতে সরকার ইতোমধ্যেই বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে। আগামীকাল ৯ মার্চ আরও দুটি জাহাজ দেশে তেল পৌঁছাবে, যা সরবরাহব্যবস্থায় কোনো ঘাটতির শঙ্কা থাকবে না। এ ছাড়া দেশের বিভিন্ন সীমান্তে তেল পাচার ও অপব্যবহার রোধে বিজিবি সতর্কতা জোরদার করেছে, বিশেষ টহল, নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে।

রাজশাহী, বরিশাল, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, সুনামগঞ্জসহ বিভিন্ন জেলার পাম্পগুলোয় মানুষ তেলে পেতে দীর্ঘ লাইন ধরে অবস্থান নিয়েছে। অনেক জায়গায় গুজবের কারণে স্বাভাবিক চাহিদার চেয়ে অনেক বেশি তেল নেওয়ায় মজুদ দ্রুত শেষ হয়ে গেছে। পাম্প মালিকরা বলছেন, সরকারি ছুটির দিন এবং ডিপো থেকে সরবরাহ সীমিত থাকায় সমস্যা আরও বেড়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তথ্যে জানা যায়, দেশের মাসিক ডিজেল চাহিদা ৩ লাখ ৮০ হাজার টন। বিপিসির কাছে ইতোমধ্যেই ১ লাখ টনের বেশি ডিজেল মজুদ রয়েছে, বাকি অংশ সমুদ্রপথে বা শিপমেন্ট প্রক্রিয়ায় আছে। এ ছাড়া চারটি ভিন্ন উৎস থেকে ১ লাখ টন অতিরিক্ত ডিজেল আমদানি প্রায় চূড়ান্ত পর্যায়ে। কাতার থেকে বাংলাদেশের জন্য নতুন এলএনজি সরবরাহের একটি ট্যাঙ্কারও যাত্রা করেছে, যা ১৪ মার্চ পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

মন্ত্রী ও যুগ্ম সচিবরা বারবার দেশের মানুষকে অনুরোধ করেছেন, গুজব বা আতঙ্কে অপ্রয়োজনীয় তেল সংগ্রহ না করে প্রয়োজন অনুযায়ী তেল ব্যবহার করুন। সরকারের সার্বিক পরিকল্পনা, আন্তর্জাতিক উৎসের সঙ্গে যোগাযোগ এবং সীমান্ত নিরাপত্তা সব মিলিয়ে নিশ্চিত করছে- দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কোনো ঘাটতি হবে না।

জ্বালানি তেল সরবরাহে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ এড়াতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান মন্ত্রী। জনভোগান্তি কমাতে আগামীকাল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে, যা বিভিন্ন ফিলিং স্টেশনগুলোয় চলমান থাকবে। মন্ত্রী বলেন, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং জনগণের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

এদিকে ইরান যুদ্ধে বিশ^ব্যাপী জ¦ালানি তেল গ্যাস নিয়ে নানা ধরনের শঙ্কা তৈরি হওয়ায় সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক উৎসের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জ¦ালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী বলেন, গণামধ্যমকে বলেছেন, ডিজেল সংকটের কোনো কারণ নেই। কেউ প্রয়োজনের অতিরিক্ত ডিজেল সংগ্রহ না করলে পাম্পগুলোয় সরবরাহ স্বাভাবিক ও পর্যাপ্ত থাকবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা পরিস্থিতির হালনাগাদ তথ্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। গতকাল শনিবার ছুটির দিন সকালে প্রধানমন্ত্রীর কাছে এ সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রতিবেদনে জানানো হয়েছে, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে এবং সংকটের কোনো কারণ নেই।

মনির হোসেন বলেন, সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে এবং তিনি এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। এ ছাড়া, দেশে যেন কোনো সংকট তৈরি না হয়, সে লক্ষ্যে আন্তর্জাতিক উৎসগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, দেশে ডিজেলের মাসিক চাহিদা ৩ লাখ ৮০ হাজার টন। বর্তমানে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে ১ লাখ টনের বেশি ডিজেল মজুদ রয়েছে। চাহিদার অবশিষ্ট ২ লাখ ৮০ হাজার টন ডিজেলের মধ্যে কিছু অংশ ইতোমধ্যে দেশে পৌঁছাতে শুরু করেছে, কিছু পরিমাণ সমুদ্রে জাহাজে রয়েছে এবং বাকি অংশ শিপমেন্ট প্রক্রিয়ায় আছে। ফলে চলতি মার্চ মাসে ডিজেল সংকটের কোনো আশঙ্কা নেই।

এদিকে ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, ইরান যুদ্ধের কারনে জ্বালানি উৎপাদন বন্ধ করে দেওয়ার পর কাতার নতুন করে প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো লোড করেছে বলে মনে হচ্ছে। একটি ট্যাঙ্কার বাংলাদেশকে তার পরবর্তী গন্তব্য হিসেবে সংকেত দিয়েছে। লেব্রেথা ট্যাঙ্কারটি শুক্রবার কাতারের রাস লাফান রপ্তানি টার্মিনাল থেকে বর্ধিত ড্রাফট লেভেলের সঙ্গে যাত্রা করেছে, যা বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে।

এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে দেশে জ¦ালানি তেলের সংকট বা দাম বাড়তে পারে এমন আশঙ্কায় রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কয়েক দিন ধরে তেল নিতে ভিড় করছেন ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চালকরা। গত বৃহস্পতিবার থেকেই পেট্রলপাম্পগুলোতে তেল নিতে গ্রাহকদের ভিড় বাড়তে থাকে। গতকাল শনিবারও ঢাকার ফিলিং স্টেশনগুলোতে তেল না পেয়ে ভোগান্তিতে পড়েন অনেক মানুষ। সরকার থেকে বিশেষ পরিস্থিতি বিবেচনায় আজ পাম্পে তেল সরবরাহ না করায় সংকট আরও বেড়েছে বলে অভিযোগ করছেন পেট্রলপাম্প মালিকরা। পাম্পসংশ্লিষ্টরা জানান, গুজব বা আশঙ্কার কারণে গত দুই দিনে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি তেল বিক্রি হয়েছে।

এদিকে বাংলাদেশ পেট্রলপাম্প মালিক সমিতির সভাপতি নাজমুল হক গতকাল আমাদের সময়কে বলেন, তেল পাওয়া যাবে না এমন গুজব থেকে অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করছে। ফলে পাম্পগুলোতে তেল শেষ হয়ে যাচ্ছে। আতঙ্কের কারণে অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল নিয়েছেন। তিনি বলেন, শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় তেলবাহী গাড়ি চলাচল বন্ধ থাকে। এ সময় পাম্পে তেলে সরবরাহ করা হয় না। তবে মার্চ-এপ্রিল এবং মে মাসে সেচের জন্য এই নিয়ম শিথিল করা হয়। তিনি বলেন সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সরকারের উচিত শুক্র ও শনিবারেও ডিপো থেকে তেল সরবরাহ অব্যাহত রাখা।

রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে তেল সংকটের গুঞ্জনের মধ্যে কয়েকটি ফিলিং স্টেশনে পুলিশি পাহারায় তেল বিক্রি হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পাম্পগুলোয় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। এদিকে, গত শুক্রবার রাত থেকেই তেলস্বল্পতা কিংবা সীমিত মজুদের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে নগরীর বেশিরভাগ পেট্রলপাম্প। গতকাল শনিবার সকালে শাহ মখদুম বিমানবন্দরের সামনে অবস্থিত হাবিব ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পুলিশি পাহারায় ক্রেতাদের তেল দেওয়া হচ্ছে। এ সময় পাম্প কর্তৃপক্ষ নির্দিষ্ট ক্রয়সীমা নির্ধারণ করে দেন এবং সেই সীমার বাইরে কাউকে তেল দেওয়া হয়নি।

জানা যায়, তেল সংকটের গুঞ্জনে শুক্রবার রাজশাহীর বিভিন্ন এলাকায় চালকদের মধ্যে ফুল ট্যাংক করে জ্বালানি নেওয়ার হিড়িক পড়েছে। ফিলিং স্টেশনগুলোতে হঠাৎ করে পেট্রল, অকটেন ও ডিজেলের চাহিদা বেড়ে যায়। এতে তিন দিনের তেল এক দিনেই শেষ হয়ে যায়। ফলে অধিকাংশ পাম্পে তেল বিক্রি বন্ধ রাখা হয়।

পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ পাওয়া যাচ্ছে না। যেখানে প্রতিদিন প্রায় দুই হাজার লিটার তেলের চাহিদা থাকে, সেখানে অনেক সময় এক হাজার লিটার বা তারও কম সরবরাহ করা হচ্ছে। ফলে বাজারে চাপ তৈরি হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমিত পরিমাণে তেল বিক্রি করতে হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগের আট জেলায় মোট ২৭৯টি ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে রাজশাহী জেলাতেই রয়েছে প্রায় ৪২টি পাম্প।

সংগঠনটির রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, তিন দিন ধরে ফিলিং স্টেশনগুলো চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না। ফলে পাম্পগুলো স্বাভাবিকভাবে তেল বিক্রি করতে পারছে না। ইতোমধ্যে কয়েকটি ফিলিং স্টেশন তেল না থাকায় বন্ধ হয়ে গেছে। যেগুলোতে কিছু মজুদ রয়েছে, সেগুলোতে অল্প অল্প করে তেল দেওয়া হচ্ছে।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেল পাচার ও অপব্যবহার প্রতিরোধে সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, বিশেষ তল্লাশি ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে বলে শনিবার দুপুরে ভোমরা সীমান্তে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার ও অপব্যবহার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় সম্ভাব্য পাচার রুটগুলো চিহ্নিত করে নিয়মিত তল্লাশি, বিদ্যমান চেকপোস্টের পাশাপাশি বিশেষ চেকপোস্ট স্থাপন এবং মোবাইল টহল জোরদার করা হয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জ সীমান্তপথে অবৈধভাবে জ¦ালানি তেল পাচার প্রতিরোধে জেলার ৯০ কিলোমিটার সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন।

বিজিবি জানিয়েছে, সুনামগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন তাহিরপুর উপজেলার তিনটি শুল্কস্টেশন পয়েন্টে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে, যাতে ভারত থেকে নিয়ে পাথর ও কয়লার বড় ট্রাক-ডাম্পারগুলো দিয়ে ফেরত যাওয়ার সময় অবৈধভাবে তেল পাচার করতে না পারে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানিয়েছে, চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে জনবল বৃদ্ধি, টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বিজিবি।

বরিশাল ব্যুরো জানিয়েছে, হঠাৎ করে দুদিন যাবৎ বরিশাল নগরীর পেট্রলপাম্পগুলোয় অকটেন পাওয়া যাচ্ছে না। পাম্প মালিকরা তীব্র সংকটের কথা জানিয়েছেন। তারা বলছেন, পেট্রোলিয়াম ডিপো দিতে না পারায় আমরাও ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছি। তবে সংকট কেটে যাবে বলে মনে করেন পাম্প মালিকরা।

বেনাপোল প্রতিনিধি জানিয়েছেন, বেনাপোলের বিভিন্ন সীমান্তে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত টহল জোরদারসহ জনবল মোতায়েন করা হয়েছে।

?চাঁদপুরের কচুয়ায় মজুদ সংকটের অজুহাতে তেল বিক্রি বন্ধ রেখেছে সেখানকার মেসার্স সুলতানা ফিলিং স্টেশন। আকস্মিক এই সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় যানবাহন চালক ও সাধারণ মানুষ। এ ছাড়া পঞ্চগড়, রাঙামাটি, মানিকগঞ্জ, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর প্রতিনিধিরা জানিয়েছেন, তেলের জন্য পাম্পগুলোয় গ্রাহকদের ভিড় থাকলেও পর্যাপ্ত তেল পাননি। রংপুরে জ্বালানি তেলের কৃত্রিম সংকটের চেষ্টার অভিযোগে ৪টি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে প্রশাসন।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ

এজলাসের ছবি তুলে ‘জেল-জুলুম লীগ’ গ্রুপে পাঠানো ব্যবসায়ী কারাগারে

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা চালায়নি ইরান: ইসমাইল বাঘেই

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারত কোন পক্ষে, জানালেন এস জয়শঙ্কর

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী

সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর