মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের যুদ্ধের হিসাব পাল্টে দিচ্ছে ইরান

news-image

জাহিদুল ইসলাম জন
ইরানের বিরুদ্ধে দ্রুত ও সীমিত সামরিক অভিযান চালিয়ে সহজে বিজয় অর্জনের যে হিসাব করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধের প্রথম সপ্তাহেই তা ভেঙে পড়তে শুরু করেছে। যুদ্ধের শুরুতেই মার্কিন সেনা নিহত, মধ্যপ্রাচ্যে মিত্রদেশগুলোর ওপর হামলা, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং দ্রুত বাড়তে থাকা যুদ্ধ ব্যয়Ñ সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাচ্ছে। এতে সংঘাতের পরিধি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মার্কিন সেনা নিহত, ব্যয় আকাশছোঁয়া

যুদ্ধের প্রথম সপ্তাহেই অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে উপসাগরীয় বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টাতেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় ৩৭০ কোটি ডলার। অর্থাৎ প্রতিদিন যুদ্ধ পরিচালনায় প্রায় ৯০ কোটি ডলার ব্যয় হচ্ছে।

গবেষক মার্ক

ক্যানসিয়ান ও ক্রিস পাক জানান, প্রথম ১০০ ঘণ্টায় আনুমানিক ৩৭০ কোটি ডলার ব্যয়ের মধ্যে প্রায় ৩৫০ কোটি ডলারই এসেছে বাজেটের বাইরে। এর অর্থ হলো, এই অনির্ধারিত ব্যয় মেটাতে খুব শিগগিরই পেন্টাগনকে সরকারের কাছে অতিরিক্ত অর্থ চাইতে হতে পারে। তাদের মতে, বিষয়টি ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এবং যুদ্ধবিরোধীদের সমালোচনার সুযোগ বাড়াবে।

হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের ওপর হামলার তীব্রতা আরও বাড়ানো হবে। তিনি বলেন, ‘আমরা গতি কমাচ্ছি না, বরং আরও বাড়াচ্ছি।’

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার জানান, গতকাল শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমান ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র লঞ্চার লক্ষ্য করে ডজনখানেক দুই হাজার পাউন্ডের ‘পেনিট্রেটর’ বোমা নিক্ষেপ করেছে।

হামলার সপ্তম দিনে প্রথমবারের মতো বি-২ বিমান থেকে বোমা হামলার কথা নিশ্চিত করে মার্কিন কর্তৃপক্ষ। একই সময় ইসরায়েলও জানায়, তারা ইরানে দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে।

ইরানের পাল্টা হামলা

ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা তেল আবিবের কেন্দ্রস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরের রানওয়ে এলাকায় ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে।

এ ছাড়া কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় বিভিন্ন ধরনের বিধ্বংসী ড্রোন দিয়ে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একাধিক হামলা চালানো হয়েছে এবং এই হামলা অব্যাহত থাকবে।

এদিকে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় শুক্রবার সকালে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে গিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলে এসব বিস্ফোরণ ঘটে।

ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ইরানের লোরেস্তান প্রদেশের আকাশে একটি এমকিউ-নাইন ড্রোন ধ্বংস করার দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। একই সঙ্গে তেহরানের আশপাশে একটি হারমেস ড্রোন ভূপাতিত করার কথাও বলা হয়েছে।

ইসরায়েলের পাল্টা দাবি

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের বিমানবাহিনী রাতভর হামলা চালিয়ে ইরানের ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দিকে ছোড়ার আগেই সেগুলো ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়।

এ ছাড়া ইরানের তিনটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে

যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম দ্রুত বাড়তে শুরু করেছে।

ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ্পে তাবারো জানিয়েছেন, পারস্য উপসাগরে বর্তমানে ৫২টি ফরাসি জাহাজ আটকা পড়েছে। তিনি বলেন, ‘পারস্য উপসাগরে বর্তমানে নির্দিষ্ট করে বলতে গেলে ৫২টি এবং লোহিত সাগরে ৮টি জাহাজ অবস্থান করছে। আমরা এই জাহাজগুলোর ক্রুদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি, কারণ সেখানে বেশ কিছু ফরাসি নাবিক রয়েছেন।’

‘অনন্ত যুদ্ধের’ আশঙ্কা

মার্কিন কংগ্রেস সদস্য জেসন ক্রো সতর্ক করে বলেছেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আবারও দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। তিনি বলেন, ‘আমরা আবারও সেই অনন্ত যুদ্ধের পথে এগোচ্ছিÑ যেখানে লাখো কোটি ডলার ব্যয় হবে, হাজার হাজার মার্কিন নাগরিক প্রাণ হারাবে এবং সংঘাত চলবে কয়েক দশক।’

এক সপ্তাহে ব্যাপক মানবিক ক্ষয়ক্ষতি

যুদ্ধের এক সপ্তাহেই নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে। ইরানি রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, গত শনিবার শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৩২ জন নিহত হয়েছেন। হামলায় ৩ হাজার ৯০টি বাড়িঘরসহ মোট ৩ হাজার ৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ৫২৮টি বাণিজ্যিক ও সেবাকেন্দ্র, ১৪টি চিকিৎসাকেন্দ্র বা ওষুধ কারখানা এবং রেড ক্রিসেন্টের ৯টি স্থাপনা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ৬৮৩ জন।

এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, উত্তরের সীমান্ত থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা শহরগুলো থেকে সরে যেতে হবে।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১৮১ জন শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্কুলে হামলা নিয়ে তদন্ত

ইরানের মিনাব শহরের একটি মেয়েদের স্কুলে হামলায় ১৬৫ শিশু নিহত হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলার জন্য ‘সম্ভবত মার্কিন বাহিনী দায়ী’। তবে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কখনই ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না, তবুও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

দ্রুত বিজয়ের আশা অনিশ্চিত

বিশ্লেষকদের মতে, ইরানের মতো বড় ও সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ দ্রুত শেষ করা কঠিন। বিশেষ করে যদি যুক্তরাষ্ট্র ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন আনার চেষ্টা করে, তাহলে এই সংঘাত দীর্ঘ, ব্যয়বহুল এবং অস্থিরতাপূর্ণ যুদ্ধে পরিণত হতে পারে।

ইরানের পরবর্তী নেতা নির্বাচন নিয়েও মন্তব্য

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা থাকা উচিত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরানের জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরই সেই ব্যক্তিকে বেছে নিতে হবে।’

পাল্টে যাচ্ছে ট্রাম্পের হিসাব

বিশ্লেষকদের মতে, অতীতে বেশ কয়েকটি দ্রুত সামরিক অভিযানে সাফল্য পাওয়ায় ট্রাম্প প্রশাসনের আত্মবিশ্বাস বেড়েছিল। ভেনেজুয়েলায় অভিযান, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুতে হামলাসহ বিভিন্ন অভিযান দ্রুত শেষ হয়েছিল এবং এতে মার্কিন প্রাণহানি ও ব্যয় ছিল তুলনামূলক কম।

তবে ইরানের বিরুদ্ধে বর্তমান সংঘাত সেই ধরনের দ্রুত শেষ হওয়া অভিযানের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে।

ক্যাটো ইনস্টিটিউটের গবেষক জন হফম্যান বলেন, ‘ট্রাম্প কম খরচে চমকপ্রদ বিজয় পছন্দ করেন। কিন্তু এবারের পরিস্থিতি ভেনেজুয়েলার ঘটনার মতো নয়। এখানে ব্যয় ইতোমধ্যেই বাড়ছে।’ তিনি সতর্ক করে বলেন, ইরানের ভেতরে অস্থিতিশীলতা তৈরি হলে তা পুরো মধ্যপ্রাচ্যের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। এতে শরণার্থী সংকট, উগ্রপন্থি গোষ্ঠীর উত্থান এবং দীর্ঘমেয়াদি অস্থিরতার মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ

এজলাসের ছবি তুলে ‘জেল-জুলুম লীগ’ গ্রুপে পাঠানো ব্যবসায়ী কারাগারে

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা চালায়নি ইরান: ইসমাইল বাঘেই

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারত কোন পক্ষে, জানালেন এস জয়শঙ্কর

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী

সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর