সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

‘মামলা-বাণিজ্যের’ শিকার ব্যবসায়ীরা ন্যায়বিচার চান

news-image

আব্দুল্লাহ কাফি
দেশ গঠনে ব্যবসায়ী সমাজের ভূমিকা অনস্বীকার্য। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক ব্যবসা প্রতিষ্ঠানে চালানো হয় তাণ্ডব; শিল্প-কারখানায় অগ্নিসংযোগ করে বিনষ্ট করা হয় শত শত কোটি টাকার সম্পদ। ওই সময় অনেক ব্যবসায়ীর নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলাও করা হয়। তৎকালে ব্যবসায়ীদের কেউ কেউ পেশাগত কাজে দেশের বাইরে অবস্থান করছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে তারা আর দেশে ফেরেননি। এর মধ্যে পেরিয়ে গেছে দেড় বছরের বেশি সময়। এ দীর্ঘ সময়ে তাদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়ার পাশাপাশি যারপরনাই হয়রানি করা হয়েছে। শুধু তাই নয়, এসব মিথ্যা মামলার বিষয়ে কোনো ব্যবস্থা পর্যন্ত নেওয়া হয়নি। সর্বশেষ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠিত হওয়ার পর ভুক্তভোগী ব্যবসায়ীদের মনে আশার সঞ্চার হয়েছে। তারা মনে করছেনÑ এবার নিশ্চয় তারা দেশে ফিরতে পারবেন; প্রয়োজনীয় আইনি সুরক্ষা পাবেন এবং পুর্নোদ্যমে মনোযোগ দিতে পারবেন ব্যবসায়িক কর্মকাণ্ডে। এ জন্য ব্যবসায়ীরা চান দ্রুত এ সমস্যা থেকে উত্তরণে টাস্কফোর্স গঠন করা হোক এবং টাস্কফোর্সের মাধমেই প্রকৃত অপরাধীদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক যেন ভবিষ্যতে কেউ বা কোনো গোষ্ঠী এমন ঘৃণিত অপরাধ করার দুঃসাহস না পায়। এর পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই যারা নিরাপরাধ, তাদের মামলার জাল থেকে মুক্ত করা হোক।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার কর্মসংস্থান ও অর্থনীতি পুনরুদ্ধারের মাধ্যমে দেশ পুনর্গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছে। এক্ষেত্রে ব্যবসায়ীরাও চান যথোপযুক্ত ভূমিকা রাখতে। সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর নিরীহ অনেক ব্যবসায়ীর বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ উদ্দেশ্যে গণহারে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেছে একটি চক্র। উপরন্তু চাঁদাবাজি ও দখলবাজির জন্য বন্ধ করে দিয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এর জেরে অনেক শিল্প-প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে, বেকার হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। এ থেকে রক্ষা পেতে ওই সময় অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে দেশ ছেড়েছেন। আরও অনেক ব্যবসায়ী, যারা ওই সময় বিদেশে ছিলেন, তারাও আর ফেরেননি। এতে অনেক প্রতিষ্ঠান এখন বন্ধের

পথে। নতুন বিনিয়োগ হচ্ছে না। নতুন সরকারের কাছে হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে মুক্তি চেয়েছেন তারা। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে টাস্কফোর্স গঠন করে মিথ্যা মামলাগুলো নিষ্পত্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি নতুন সরকারের কাছে তাদের অনুরোধÑ নিরীহ ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হোক দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে। সংশ্লিষ্টরা আরও বলছেন, প্রয়োজনে ব্যবসায়ীদের প্যারোলে জামিন দিয়ে হলেও শিল্প-কারখানা চালু করা প্রয়োজন। অন্যথা দেশের অর্থনীতিতে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।

এদিকে দীর্ঘদিন ব্যবসা-বাণিজ্য অচলাবস্থার কারণে সরাসরি উৎপাদন, কর্মসংস্থান ও বাজার সম্প্রসারণে নেতিবাচক প্রভাব পড়েছে। নতুন শিল্প স্থাপনে আগ্রহ কমে গেছে, বিদ্যমান শিল্পগুলোও সক্ষমতার পুরোটা ব্যবহার করতে পারছে না। বেসরকারি খাতে ঋণ প্রবাহ কাক্সিক্ষত মাত্রায় বাড়ছে না; অনেক উদ্যোক্তা ব্যাংকঋণের উচ্চ সুদ ও কঠোর শর্তে নিরুৎসাহিত হচ্ছেন। ফলে বিনিয়োগ না বাড়ায় কর্মসংস্থানও থেমে গেছে।

নাম প্রকাশ না করার শর্তে দেশের বেশ কয়েকটি বড় ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, তাদের প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের নামে মামলা দেওয়া হয়েছে। এখন গ্রেপ্তারের ভয়ে তারা প্রতিষ্ঠানেই আসেন না। এতে প্রতিষ্ঠান পরিচালনায় ব্যাঘাত ঘটছে। এমনকি এমন পরিস্থিতি চলতে থাকলে মালিকরা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারেন বলে শঙ্কিত তারা। প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যেও এমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সুপ্রতিষ্ঠিত বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মালিক বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। মাঝারি অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালিকও আতঙ্কে দেশ ছেড়েছেন কিংবা দেশে আসছেন না। তারা এখন দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। দেশের পরিবেশ ব্যবসাবান্ধব হলে তারা দেশে ফিরবেন, ব্যবসা করবেন। অন্যথা দেশের পাট চুকিয়ে বিদেশেই স্থায়ী হবেন। নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন একাধিক ব্যবসায়ী। এরই মধ্যে কেউ কেউ ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলেছেন। এভাবে চলতে থাকলে দেশের ব্যবসা-বাণিজ্যে নিঃসন্দেহে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে যা সংক্রামিত হবে পুরো দেশের অর্থনীতিতেও।

প্রাপ্ত তথ্যমতে, জুলাই অভ্যুত্থানে হতাহতসহ বিভিন্ন ঘটনায় অন্তত ১ হাজার ৪৯৯টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৫৯৯টি। অন্যান্য ৯০০টি। এসব মামলায় মোট আসামির সংখ্যা প্রায় ১০ লাখ। যাদের মধ্যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা অন্তত দুই হাজার।

সূত্রমতে, যেসব ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে তাদের অনেকেই সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না। এমনকি অনেকে ওই সময় দেশে পর্যন্ত ছিলেন না। আবার অনেকে দেশে অবস্থান করলেও এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।

ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) আমাদের সময়কে বলেন, যেসব নিরীহ ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা হয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করা দরকার। তাদের মামলার জাল থেকে মুক্তি দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ দেওয়া হোকÑ নতুন সরকারের কাছে এটাই প্রত্যাশা।

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, প্রকৃত ব্যবসায়ীরা দেশকে ভালোবেসে নিজের অর্থ, সম্পদ, মেধা, শ্রম দিয়ে দেশের উন্নয়নে কাজ করেন। নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প-কারখানার মাধ্যমে অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যাপক ভূমিকা রাখেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে কর্মসংস্থান বাড়াতে হলে নতুন নতুন শিল্প-কারখানা স্থাপন করা দরকার। তাই ব্যক্তিগত রোষের জেরে নিরীহ ও অভিজ্ঞ যেসব ব্যবসায়ীর বিরুদ্ধে সাজানো মামলা দেওয়া হয়েছে, সেগুলোর দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। এতে দেশ উপকৃত হবে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, অনেক ব্যবসায়ীর বিরুদ্ধে হয়রানিমূলক মিথা মামলা দেওয়া হয়েছে। ব্যক্তি যদি অপরাধ করে সেজন্য আইন আছে, আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা, অথবা তাকে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করা কোনোভাবেই ঠিক না। তিনি বলেন, দেশের স্বার্থেই তাদেরকে প্রয়োজনে প্যারোলে জামিন দিয়ে শিল্প-কারখানা চালু করা প্রয়োজন। যারা অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে প্রকৃত ব্যবসায়ীদের হয়রানি করছে, তাদের বিরুদ্ধেই বরং নতুন সরকারের আইনি ব্যবস্থা নেওয়া উচিত, বলেন তিনি।

ব্যবসায়ী নেতারা বলছেন, সাধারণ নিব্যবসায়ীদের মামলা থেকে রেহাই দিতে হবে। সাধারণ ব্যবসায়ীরা আতঙ্কে থাকলে এর প্রভাব পড়বে দেশের পুরো সাপ্লাই চেইনের ওপর। তাই অর্থনীতির চাকা সচল রাখতে সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের স্বার্থেই ব্যবসায়ীদের হয়রানিমুক্ত রাখা দরকার।

বর্তমান পরিস্থিতিতে এ সংকট উত্তরণের একমাত্র সমাধান সরকারের হাতে। কেবল সরকার চাইলেই এ সংকট থেকে সাধারণ ব্যবসায়ীরা মুক্তি পেতে পারেন। ব্যবসায়ীরা যদি আতঙ্কে থাকেন, নিজ প্রতিষ্ঠানে না যান, তাহলে প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখা যাবে না।

দেশের বৃহত্তর রপ্তানিকারক প্রতিষ্ঠান ও বিজিএমইএ’র সাবেক দুই সহসভাপতির নামে হত্যা মামলা হয়েছে। ব্যবসায়িক কাজে বিদেশে থাকা অবস্থায়ই তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। রাজনৈতিক দলের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলেও জানা গেছে। একই সঙ্গে বেশ কয়েকজন পরিচালকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়।

এর বাইরেও জনশক্তি রপ্তানিকারকদের বিরুদ্ধে গণহারে হত্যা মামলা দেওয়া হয়েছে। এখন তারা দেশে আসতে পারছেন না মামলার ভয়ে। মালিক ছাড়া এসব প্রতিষ্ঠানের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে।