দেশের টিউলিপ এখন ইউরোপ-আমেরিকায়
পঞ্চগড় জেলায় এবার ফুটেছে দৃষ্টিনন্দন টিউলিপ। একটি কুঁড়ি ও দুটি পাতার সবুজ প্রান্তরে এই বিদেশি ফুল এখন নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। বাজারে প্রতিটি টিউলিপের পাইকারি দাম প্রায় ১০০ টাকা, আর টবে উৎপাদিত ফুল খুচরা বিক্রি হচ্ছে কমপক্ষে দেড়শ টাকায়। ২০২১ সালে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া গ্রামে প্রথম ২০ শতাংশ জমিতে পরীক্ষামূলক চাষ শুরু করে। এখন সেখানে ১০০ শতাংশ জমিতে কমপক্ষে ২০ জন চাষী টিউলিপ চাষ করছেন। এ ফুল চাষ স্থানীয় অর্থনীতিতে নতুন আশার আলো জাগিয়েছে।
ঠাকুরগাঁওভিত্তিক দেশের অন্যতম বড় এ বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহিদ উজ জামান জানান, এক একর জমিতে এক লাখ টিউলিপ ফুল উৎপাদন সম্ভব। দেশের বাইরে এ ফুলের বাজার আছে কি না এ প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ শহীদ উজ জামান বলেন, ‘বিভিন্ন উৎসব ও নববর্ষকে সামনে রেখে ইউরোপ ও আমেরিকায় এ ফুল রপ্তানি সম্ভব কারণ নেদারল্যান্ডসসহ শীতপ্রধান অন্যান্য দেশে এ ফুল বাজারে আসে মার্চের শেষে। অথচ দেশের তেঁতুলিয়ায় এ ফুল ফুটতে শুরু করে ডিসেম্বরে আর থাকে ফেব্রুয়ারি পর্যন্ত।’
বাণিজ্যিকভাবে এ ফুল চাষ কতটা লাভজনক এ প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ শহীদ উজ জামান বলেন, ‘যদি স্থানীয়ভাবে এ ফুলের কন্দ উৎপাদন সম্ভব হয় তবে বাজারে ৫০ টাকাতেই বিক্রি করা সম্ভব হবে। আর এ দরে দেশের বাজার চাহিদা পূরণ করাই কঠিন হবে। নেদারল্যান্ডসে উৎপাদিত প্রতিটি কন্দ এখন কিনতে হয় ৮০ থেকে ৮৫ টাকা দরে সে কারণে এখনো লাভের জায়গাটি তেমনভাবে প্রতিষ্ঠিত নয়। দেশে ৫ থেকে ৭ টাকায় কন্দ উৎপাদনের চেষ্টা আমরা করছি’।
পঞ্চগড়ে আমন ধান উঠার পর জমি পড়ে থাকে প্রায় দুই মাস। আর এ সময়েই চাষ করা হয় টিউলিপ। শীতনির্ভর এ ফুল চাষ টিকিয়ে রাখতে তাপমাত্রা থাকতে হয় ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ড. মুহাম্মাদ শহীদ উজ জামান আরও বলেন, ‘তেঁতুলিয়ায় এখন ২৫০ জন নারী ও ২৫০ জন পুরুষ টিউলিপ চাষ করছেন। গ্রামীণ নারীরা সুযোগ পেলে সব ধরনের কাজ করতে পারেন– এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা তাদের টিউলিপ চাষে প্রশিক্ষণ দিই আর আমাদের সে লক্ষ্য সফল হয়েছে। তবে বড় চ্যালেঞ্জ টিউলিপ কন্দ উৎপাদন, এটা এখনো সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে আর তা সম্ভব হলে টিউলিপ ফুল দেশে একটি বড় কৃষিপণ্য হতে পারে’।
ইএসডিওর টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট অফিসার মো. আসাদুর রহমান তেঁতুলিয়ায় টিউলিপ চাষের শুরু থেকেই আছেন। তিনি জানান, টবে উৎপাদিত খুচরা একটি টিউলিপ ফুল বিক্রি হয় দেড়শ টাকায় আর রাজধানী ঢাকায় পাইকারি বাজারে এ ফুলের দর গড়ে ১০০ টাকা। কলি আসতে কেমন সময় লাগে এ প্রশ্নের জবাবে মো. আসাদুর রহমান বলেন, ‘জাতভেদে কলি ও ফুল পাওয়া যায় ১৭ থেকে ২২ দিনে, আমার যদি ডিসেম্বরের শুরুতে কন্দ রোপণ করতে পারি, তবে বড় দিনের আগেই ফুল পাব। নববর্ষে বাজার পাব আর ভালোবাসা দিবসে নানা রঙের টিউলিপ দেখতে পাব’।
হিমালয় পর্বতের কাঞ্চনজঙ্ঘার মতোই মানুষের কাছে প্রিয় টিউলিপ ফুল। আর তা দেখা যায় শীতে, সে কারণেই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তেতুলিয়ায় পর্যটকদের চাপ থাকে খুব বেশি। যে কারণে এখন ‘ইকো মহানন্দা কটেজ’ নির্মাণ করেছে ইএসডিও। প্রতিষ্ঠানটির ম্যানেজারের দায়িত্বে বেশ কয়েক বছর ধরেই আছেন শ্রী বিপ্লব চন্দ্র রায়। তিনি জানান, গত কয়েক বছর ধরেই পঞ্চগড়ে ডিসেম্বর ও জানুয়ারি মাসের পুরোটাই বুকড থাকে।
পর্যটকদের কেন এত চাপ এ প্রশ্নের জবাবে শ্রী বিপ্লব চন্দ্র রায় বলেন, ‘দর্শকদের একটি বড় অংশের লক্ষ্য থাকে টিউলিপ ফুল দেখার, সে সঙ্গে কখনো কখনো সুযোগ নেয় কাঞ্চনজঙ্ঘা দেখার। আর এ কারণেই কটেজে দর্শনার্থীদের চাপ থাকে বেশি’।
তেঁতুলিয়ার সারিয়াল জুট গ্রামের চাষি মো. রবিউল ইসলাম জানান, আগে এখানে চাষ হতো মরিচ, ভুট্টা ও গমসহ বিভিন্ন ধরনের ফসল। তার দাবি তিনিই প্রথম দর্জিপাড়ায় চাষ করেন টিউলিপ ফুল।
প্রথম কত শতাংশ জমিতে টিউলিপ চাষ করেন এ প্রশ্নের জবাবে মো. রবিউল ইসলাম বলেন, ‘২০২১ সালে প্রথম ১০ শতাংশ জমিতে রোপণ করি টিউলিপের কন্দ। ১০ শতাংশ চাষে সব মিলিয়ে খরচ হয় প্রায় ৫০ হাজার টাকা। ইএসডিও এ টাকা দিয়ে সহায়তা করেছে। কিন্তু পরীক্ষামূলকভাবে টিউলিপ চাষ করে দর্শনার্থীদের কাছে টিকিট ও ফুল বিক্রি করে পেয়েছি ৬০ হাজার টাকা’।
তিনি জানান, ২০২২ সালে ১০০ শতাংশ জমিতে কন্দ রোপণ করা হয় প্রায় এক লাখ টাকা। কয়েকজন চাষীসহ ওই সময় টিউলিপ বিক্রি করে পেয়েছি ১০ লাখ টাকা। ওই সময়ও টিউলিপ চাষে সব ধরনের সহযোগিতা করে ইএসডিও।
তেতুলিয়ার দর্জিপাড়ায় টিউলিপ ফুল দেখার এ সুযোগ থাকে সাধারণত ফেব্রুয়ারি মাস পর্যন্ত তবে সবচেয়ে ভালো সময় ডিসেম্বর মাসের শেষ থেকে জানুয়ারি পর্যন্ত কারণ তখন বাগানে থাকে নানা রঙের টিউলিপ। স্থানীয়রা বলছেন, মৌসুমে টিউলিপ ফুল দেখতে আসেন রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম, দিনাজপুর ও বগুড়াসহ দেশের প্রায় সব জেলা থেকেই। বাগানে আসার পর সবাই চেষ্টা করেন তার পছন্দের রঙের একটি টিউলিপ ফুল কেনার।











