রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়নের সিদ্ধান্ত

news-image

জিয়াদুল ইসলাম
সংকটাপন্ন ছয়টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়নের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বাংলাদেশ ব্যাংক। আসন্ন জাতীয় নির্বাচনের আগেই এসব প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করতে চায় বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণার পরই ব্যক্তি আমানতকারীদের অর্থ ফেরত দেবে সরকার। এ লক্ষ্যে প্রশাসক নিয়োগসহ প্রতিষ্ঠানগুলো অবসায়ন প্রক্রিয়া শুরু করতে সরকারের কাছে ৫ হাজার কোটি টাকার তহবিল চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। গত বুধবার ওই চিঠি পাঠানো হয়।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সময়কে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চূড়ান্ত শুনানির পর সংকটাপন্ন ছয়টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত হয়েছে। এখন সরকার থেকে তহবিল পেলেই অবসায়ন প্রক্রিয়া শুরু হবে। গত সপ্তাহে সরকারের কাছে প্রয়োজনীয় তহবিল চেয়ে একটি ডিও লেটার পাঠিয়েছেন গভর্নর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা

জাতীয় নির্বাচনের আগেই প্রতিষ্ঠানগুলো অকার্যকর ঘোষণার লক্ষ্য নিয়ে কাজ করছি। কারণ এখন যদি করা সম্ভব না হয়, তা হলে দীর্ঘসূত্রতায় পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ কার্যকর করেছে। এর আওতায় অকার্যকর প্রতিষ্ঠান চিহ্নিত করে সময়মতো ব্যবস্থা নেওয়ার সক্ষমতা পেয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। ছয় প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ সেই প্রক্রিয়ারই অংশ। প্রতিষ্ঠানগুলো হলোÑ ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, অ্যাভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। বাংলাদেশ ব্যাংকসূত্র জানায়, দীর্ঘদিন ধরে মূলধন ঘাটতি, তীব্র তারল্য সংকট ও উচ্চ খেলাপি ঋণে জর্জরিত এসব আর্থিক প্রতিষ্ঠান কার্যত পরিচালন অযোগ্য হয়ে পড়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক অনিয়ম-দুর্নীতির কারণে এসব প্রতিষ্ঠান এখন গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। একাধিকবার সময় ও নীতিগত ছাড় দিয়েও প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থার উন্নতি হয়নি। ফলে সর্বশেষ ধাপ হিসেবে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আওতায় ধারাবাহিক শুনানির পর এগুলোকে অবসায়নের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে কেন্দ্রীয় ব্যাংক।

আমানতকারীর অর্থ ফেরত দিতে ব্যর্থতা, উচ্চ খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি এই তিন সূচককে ভিত্তি ধরে ৯টি আর্থিক প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে চূড়ান্ত শুনানির পর আর্থিক অবস্থার উন্নতির জন্য তিনটি প্রতিষ্ঠানের আবেদন বিবেচনায় নিয়ে তাদের তিন মাস করে সময় দেওয়া হয়েছে। এগুলো হলোÑ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), জিএসপি ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত মাসে পৃথকভাবে এই ৯টি প্রতিষ্ঠানের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে প্রতিটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, খেলাপি ঋণের চিত্র, তারল্য পরিস্থিতি, মূলধন ঘাটতি, পরিচালনা পর্ষদের ভূমিকা এবং ভবিষ্যৎ পুনরুদ্ধারের বাস্তবসম্মত সম্ভাবনা যাচাই করা হয়। শুনানির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নির্বাচনের আগে ছয়টি আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণার সিদ্ধান্ত রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্পর্শকাতর হলেও দীর্ঘমেয়াদে এটি আর্থিক খাতের জন্য প্রয়োজনীয়। দুর্বল প্রতিষ্ঠানগুলো ঝুলিয়ে রাখার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারলে ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ফিরবে বলে মনে করেন তারা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এসব আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার অস্বাভাবিকভাবে বেশি। এর মধ্যে ৬টি প্রতিষ্ঠানে মোট ঋণের ৯০ থেকে ৯৯ শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে। আর ৩টির খেলাপি ঋণ ৭০ থেকে ৯০ শতাংশের মধ্যে। পাশাপাশি প্রত্যেকটি মূলধন ঘাটতিতে রয়েছে। এ ছাড়া আমানতের বিপরীতে নগদ অর্থ ও তরল সম্পদের ঘাটতি চরম আকার ধারণ করেছে। ফলে নিয়মিত আমানত ফেরত দেওয়া ও নতুন ঋণ কার্যক্রম পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

গত ৩০ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সংকটাপন্ন এই ৯টি আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়নের প্রাথমিক অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর আগে এই ৯টিসহ মোট ২০টি প্রতিষ্ঠানকে কেন বন্ধ করা হবে নাÑ এই মর্মে গত বছর মে মাসে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ১১টি প্রতিষ্ঠানের পুনরুদ্ধার বা ঘুরে দাঁড়ানোর কর্মপরিকল্পনা সন্তোষজনক হওয়ায় সেগুলো বন্ধ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, অবসায়নের পথে থাকা ৯টি রুগ্ন এনবিএফআইয়ের ব্যক্তিপর্যায়ের আমানতকারীরা আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগেই মূল টাকা ফেরত পাবেন। এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্পদ মূল্যায়নের কাজও শুরু করা হবে। মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে প্রতিষ্ঠানগুলোর সম্পদ ইতিবাচক না নেতিবাচক। এর ভিত্তিতেই শেয়ারহোল্ডাররা কিছু পাবেন কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল