শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নারী-পুরুষের বেতন বৈষম্য দূর করার ঘোষণা জামায়াত আমিরের

news-image

গাজীপুর প্রতিনিধি : ক্ষমতায় গেলে শিল্প কারখানায় নারী-পুরুষদের বেতন বৈষম্য দূর করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এ কথা বলেন।

প্রায় ২০ মিনিট বক্তব্যে তিনি নারী অধিকার, নারী শ্রমিক, গাজীপুর উন্নয়নসহ নানা বিষয়ে কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘৫৪ বছরে দেশে উন্নয়ন হয়েছে এটা অস্বীকার করব না। তবে এই উন্নয়ন হয়েছে দুই ধরনের। উন্নয়ন হয়েছে একটা জনগণের, একটা রাজনৈতিক নেতাকর্মীদের। জনগণের উন্নতি করতে গিয়ে গেল ১৫ বছরে সাড়ে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। জনগণের উন্নয়ন করতে গিয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে, সিমেন্টের বদলে ছাঁই ব্যবহার করা হয়েছে। যারা মানুষের সম্পদ চুরি করে, আল্লাহ তাদের ওপর প্রতিশোধ গ্রহণ করেন। এ জন্য দফায় দফায় তারা লাঞ্ছিত হন।’

শফিকুর রহমান বলেন, গাজীপুর সত্যিকার অর্থে একটি শিল্প এলাকা। পুরো গাজীপুর এখন শিল্প এলাকায় পরিণত হয়েছে। কিন্তু সমস্যা হলো এখানে শৃঙ্খলা নেই। শিল্প যেখানে থাকবে, সেখানে পরিকল্পনা থাকবে। উন্নয়ন যেখানে থাকবে, সেখানে শৃঙ্খলা থাকবে। এখানে ৪০ লক্ষ শ্রমিক কর্মকর্তা কাজ করেন, কিন্তু তাদের না আছে নিরাপত্তা, না আছে শৃঙ্খলা। তবে তাদের ভোটে নির্বাচিত হলে ইনসাফের বাংলাদেশ কায়েম করা হবে।

জামায়াতের আমির নারী শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘আমি বাস্তব অবস্থা দেখার জন্য মাঝেমধ্যে কারখানায় যাই। সেখানে সব মালিকের দৃষ্টিকোণ সমান নয়। বেশিরভাগ ক্ষেত্রেই শ্রমিকদের সম্মান দেওয়া হয় না। বিশেষ করে মায়েদের সম্মান দেওয়া হয় না। সেখানে বেতন বৈষম্য আছে, নারীদের এক রকম, পুরুষদের আরেক রকম। আমরা ক্ষমতায় গেলে এই বৈষম্য দূর করে দেব ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘সন্তান থাকা মায়েরা বাসায় থাকবে তিন ঘণ্টা, আর কাজ করবে ৫ ঘণ্টা। শিশুর বাঁচার জন্য অবশ্যই ডে কেয়ার সেন্টার থাকতে হবে। সেখানে গিয়ে সে বাচ্চাকে দুধ খাওয়াবে, খোঁজ-খবর নেবে। যাতে একজন মা তার সন্তানের সেবা করতে পারে এবং পেশাগত দায়িত্ব পালন করতে পারে। একটি সুস্থ শিশু, একটি সুস্থ মা আগামী দিনের সুস্থ সমাজ। আমরা চাই মায়েরা কাজও করবে, সন্তানকেও জড়িয়ে ধরবে।’

প্রশিক্ষণ দিয়ে প্রত্যেক তরুণ-তরুণীর হাতকে শক্তিশালী করার কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘যুব সমাজ তৈরি হয়ে যাও। আমরা দেশটাকে তোমাদের হাতে তুলে দিতে চাই। যুবকরা আর পেছনে তাকাবে না, ওরা সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ।’

প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, ‘ওদের কাজ চিংড়ি মাছের মতো, ওরা শুধু পেছনে চলে যায়। তারা ইসলামের পক্ষে জাগরণ দেখে দিশেহারা হয়ে গেছে। আমরা তাদের অনুরোধ করি, কোনো মায়ের গায়ে হাত দেবে না সাবধান। তোমরা যদি মায়ের সম্মান করতে পারো, তুমি বাংলাদেশকে সম্মান করতে পারবা। যারা মায়ের সম্মান করে না, তারা আল্লাহকে সম্মান করে না।’

তিনি আরও বলেন, ‘আমরা জীবন দেব কিন্তু মাকে অসম্মান করতে দেব না। এসব কথা বলায় ওরা আমার পেছনে লেগেছে। আমি কাউকে ভয় করি? আমি একমাত্র আল্লাহকে ভয় করি। আমার বিবেক নিয়ে আমি চলি।’

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে শ্রমিক, ছাত্র, যুবক, মায়েরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রাণ দিয়েছে। আমরা ন্যায়বিচার চাই। দেশে অনেক টাকা আছে। এসব টাকার বেশিরভাগ পাচারকারীরা বিদেশে পাচার করেছে। ইনশাআল্লাহ ক্ষমতায় গেলে ওদের মুখের ভিতরে হাত দিয়ে পেটের ভিতর থেকে টাকা বের করে নিয়ে আসব। নিজেদের উন্নয়ন করব না ১৮ কোটি মানুষের ভাগ্য বদরের উন্নয়ন করবে ইনশাল্লাহ।’

রাজার ছেলে রাজা হবে, এটা আর হবে না উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘একজন শ্রমিকের সন্তানের নেতা হলে তার দায়িত্ব নেবে রাষ্ট্র। সবাই আন্দোলন করেছে ন্যায়বিচারের জন্য। ন্যায়বিচার নিশ্চিত হলে সবার অধিকার সমুন্নত থাকবে।’

তিনি বলেন, ‘গাজীপুর দেশের জিডিপিতে বিরাট ভূমিকা রেখে চলেছে। আমাদের প্রার্থীদের ভোট দিলে কথা দিচ্ছি, গাজীপুরের লোকদের প্রতি আমরা বেইনসাফি করব না।’

ইনসাফপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ গড়ার। আমি জামায়াতে ইসলামীর লিডার হতে চাই না। আমরা আঠার কোটি মানুষের লিডার হতে চাই। দুর্নীতির শাসন আমরা চাই না। আমরা চাই ন্যায় ও ঐকমত্যের শাসন। কিন্তু তারা ক্ষমতায় গেলে একটা মানুষও শান্তিতে থাকতে পারবে না। তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ। লুটপাটের বিরুদ্ধে আমাদের আওয়াজ। জনগণ ফ্যাসিস্টকে ক্ষমা করে নাই আর এই সমস্ত ভোট ডাকাতকে মোকাবিলা করা তো ব্যাপারই না।’

দুপুরে জনসভার আনুষ্ঠানিকতা থাকলেও ১১টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে। মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীরা তাদের ইসলামী সংগীত পরিবেশন করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাসহ দলীয় স্বেচ্ছাসেবীরা সভার নিরাপত্তায় কাজ করেন। দুপুরের পর রাজবাড়ী মাঠে নারী পুরুষ নির্বিশেষে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দুপুরের পর হেলিকপ্টারযোগে রাজবাড়ী মাঠে পৌঁছান জামায়াত আমির। অনুষ্ঠানের শেষ জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং ভোট প্রার্থনা করেন।

গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জামায়াত নেতা মাওলানা জয়নাল আবেদিন, গাজীপুর জেলা জামায়াতের আমির জাহাঙ্গীর আলম, গাজীপুর-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী খায়রুল হাসান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান।

 

এ জাতীয় আরও খবর

আসিফসহ ৪২ জনের নামে পুলিশ হত্যা মামলার আবেদন, আমলে নেয়নি আদালত

মার্চের ১১ দিনে রেমিট্যান্স এল ১৯২ কোটি ডলার

শহিদদের রক্তের প্রতিশোধ নেব: মোজতবা খামেনি

৫টি আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

বিসিবি সভাপতি হতে চান তামিম

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান

স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় কোনো বিরোধ থাকতে পারে না

স্পিকারের কাছে ইনসাফ চাইলেন বিরোধীদলীয় নেতা

খালেদা জিয়া, খামেনিসহ ৩১ জনের স্মরণে সংসদে শোক প্রস্তাব

যাদের নিয়ে সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রতি তুরস্কের সমর্থন