শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রশাসনে বিশৃঙ্খলা কাটেনি ভোটের আগে ভঙ্গুর দশা

news-image

তাওহীদুল ইসলাম
প্রশাসনের বিশৃঙ্খলা দূর করতে পারছে না অন্তর্বর্তী সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অথচ এর আগেই প্রশাসনিক স্থবিরতা কাটানো সম্ভব হয়নি। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ফাইলের স্তূপ জমে আছে। মাঠ প্রশাসনে নিরপেক্ষভাবে কাজ করা নিয়েও একের পর এক অভিযোগ আসছে। কোথাও বদলির আদেশ দিয়ে আবার তা প্রত্যাহারের ঘটনা ঘটছে। সব মিলিয়ে প্রশাসনে এক ধরনের ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে।

গত ২০ জানুয়ারি আটজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই আদেশে ২২ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হবে বলে জানানো হয়। কিন্তু এর পর দিনই সকালে আরেকটি আদেশে আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়। জাতীয় নির্বাচনের মাত্র ২২ দিন আগে এমন সিদ্ধান্ত প্রশাসনে নানা প্রশ্ন ও উদ্বেগের জন্ম দিয়েছে। ভোটের প্রচার শুরুর মুহূর্তে হঠাৎ বদলির এ সিদ্ধান্ত মাঠ প্রশাসনের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।

মাঠ প্রশাসনের একাধিক সূত্র জানায়, ইউএনওদের বদলির পেছনে রাজনৈতিক নেতাদের তদবির ছিল। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা করলে আরও বদলির হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কর্মকর্তারা কোনো দলের প্রার্থী বা নেতাকর্মীদের অনুরোধ উপেক্ষা করলে তাদের বিরুদ্ধে বদলির তদবির শুরু হয়।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ঘটনার জেরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ইউএনও মাসুদুর রহমানসহ আট কর্মকর্তাকে বদলি করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ইউএনওকে শাসিয়ে বলেন, আমার অনুমতি ছাড়া এখানে মোবাইল কোর্ট করা যাবে না। এ ঘটনায় পর দিন চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে ঘটনার একদিন পরই ইউএনও মাসুদুর রহমানকে অন্য জেলায় বদলি করা হয়। মাঠ প্রশাসনের কর্মকর্তারা জানান, আটজনের মধ্যে অন্তত পাঁচজন ইউএনও স্থানীয় প্রভাবশালী মহলের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট বিরোধের কারণে বদলির শিকার হয়েছেন। এ ছাড়া উদ্দেশ্যমূলকভাবে ভুঁইফোড় কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশ করে কর্মকর্তাদের বিতর্কিত করার অভিযোগও উঠেছে।

নির্বাচন ঘিরে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ চলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মাঠপর্যায়ে রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও থানার ওসিরা একটি দলের পক্ষে পক্ষপাতমূলক আচরণ করছেন-এমন অভিযোগ তারা পেয়েছেন। জামায়াতে ইসলামীও প্রশাসনের ভূমিকা নিয়ে বিতর্কিত অবস্থান নিয়েছে। তবে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ দাবি করেন, সরকার প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার স্পষ্ট নির্দেশনা দিয়েছে।

তফসিল ঘোষণার পর কয়েকটি জেলায় মাঠ প্রশাসনে সমন্বয়হীনতা ও সিদ্ধান্তহীনতার চিত্র স্পষ্ট হয়েছে। জেলা প্রশাসক জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি হলেও অনেক জেলায় পুলিশ সুপার ব্যাচে সিনিয়র হওয়ায় নেতৃত্বে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, বাগেরহাট, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জে ডিসি ও এসপিদের ব্যাচগত এই অসামঞ্জস্য প্রশাসনিক সমন্বয়ে প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বর্তমানে ময়মনসিংহের পুলিশ সুপার করা হয়েছে ২৫তম ব্যাচের কর্মকর্তা মো. মিজানুর রহমানকে। সেখানে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা। নারায়ণগঞ্জ জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা। অন্যদিকে জেলা প্রশাসক মো. রায়হান কবির বিসিএস ২৯তম ব্যাচের কর্মকর্তা। মানিকগঞ্জের জেলা প্রশাসক মিজ নাজমুন আরা সুলতানা বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা। এ ছাড়া বাগেরহাটের ডিসি গোলাম মোহাম্মদ বাতেন, নেত্রকোনার ডিসি মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসেন বিসিএস ২৮তম ব্যাচের। এই তিন জেলাতেই ডিসিরা

সংশ্লিষ্ট এসপির তুলনায় জুনিয়র।

অন্যদিকে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির ফাইলও আটকে আছে। বিসিএস ২০ ব্যাচের কর্মকর্তাদের নিয়ে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠক হলেও একজন কর্মকর্তার নাম বাদ পড়ায় পদোন্নতির পুরো প্রক্রিয়া থমকে গেছে। এতে প্রায় ১৩০ কর্মকর্তা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অতিরিক্ত সচিবের স্বল্পতার কারণে অনেক মন্ত্রণালয় ও সংস্থায় গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকছে, একজন কর্মকর্তাকে একাধিক দায়িত্ব পালন করতে হচ্ছে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কেউ প্রকাশ্যে বক্তব্য দিতে রাজি হননি।

এর মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রজ্ঞাপন জারি করেছে। এ বিসিএসের মাধ্যমে তিন হাজার ২৬৩ জনকে বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

নির্বাচনের আগে প্রশাসনের এ অস্থিরতা ও সিদ্ধান্তহীনতা পুরো প্রক্রিয়ার ওপর কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

 

এ জাতীয় আরও খবর

মামুনুল হককে হারিয়ে বিজয়ী ববি হাজ্জাজ

যে কারণে ৩ আসনের ফল স্থগিত রাখার সিদ্ধান্ত ইসির

ঢাকা-১৫ আসনে জামায়াত আমির জয়ী

বিএনপির ‘ডাবল সেঞ্চুরি’

তারেক রহমানকে অভিনন্দন মোদির, একসঙ্গে কাজের প্রত্যাশা

নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হলেন ৭ নারী

নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করেছে আমরা বিজয়ী: ইসি সানাউল্লাহ

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানালো যুক্তরাষ্ট্র

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

তারেক রহমানের সঙ্গে কাজ করতে আগ্রহী পাকিস্তান

আমরা সবসময় কমিটমেন্টে অটুট থাকি: মির্জা ফখরুল

গণতন্ত্র ও বাকস্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি : বিবিসিকে মাহদী আমিন