ইসিকে চ্যালেঞ্জে ফেলবে এআইয়ের অপব্যবহার
শাহজাহান মোল্লা
বিশ্ববিদ্যালগুলোর ছাত্র সংসদ নির্বাচনকে জাতীয় নির্বাচনের ‘রোল মডেল’ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। তবে ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। নির্বাচনগুলো নিয়ে যেসব অভিযোগ সামনে এসেছে, সেসব জাতীয় নির্বাচনেও উঠতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশেষ করে বড় চ্যালেঞ্জ হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক মাধ্যমের অপব্যবহার, যা ছাত্র সংসদ নির্বাচনেও প্রার্থীদের ভুগিয়েছে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিপক্ষকে ঘায়েল করতে এআইয়ের অপব্যহারের শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এ জন্য দলগুলোকে অঙ্গীকারবদ্ধ হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। তাদের মতে, আগামী নির্বাচনে যে বিষয়গুলো বড় ইস্যু হয়ে উঠতে পারে, সেসব বিষয় নিয়ে ইসির কাজ করার মতো যথেষ্ট সময় রয়েছে।
ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তকর তথ্য দিয়ে বুলিং করার মতো ঘটনা ঘটেছে। এ নিয়ে প্রার্থীরা আলাদা করে অভিযোগও দিয়েছে নির্বাচন কমিশনে। কিন্তু প্রস্তুতি না থাকায় সেসব অভিযোগ মোকাবিলা করতে হিমশিম খেতে হয়েছে বিশ^বিদ্যালয়ের প্রশাসনকে। তাই সংসদ নির্বাচনের আগে প্রার্থীদের বুলিং বন্ধে ইসিকে ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এআইয়ের অপব্যবহার নিয়ে উদ্বিগ্ন
নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, সম্প্রতি একটি বড় চ্যালেঞ্জ আমাদের সামনে এসেছে- কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার। মিথ্যা বা বানোয়াট তথ্য দিয়ে তৈরি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ জন্য যে কোনো তথ্য যাচাই না করে তা বিশ্বাস বা শেয়ার না করার অনুরোধ করেন তিনি।
আগামী বছর ১৫ ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন কমিশনও নিজেদের পথনকশা প্রকাশ করে কাজ চালিয়ে যাচ্ছে। নির্বাচনসংশ্লিষ্ট অধিকাংশ কাজ গুছিয়ে নিয়েছে ইসি। চলতি মাসের শেষ সপ্তাহে অংশীজনের সঙ্গে সংলাপ করবে। এই সংলাপের মূল উদ্দেশ্য নির্বাচনের ব্যাপারে দলগুলোর মতামত নেওয়া। সাধারণত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত হওয়ার পূর্বে ইসি সংলাপ করে থাকে। কিন্তু এবার এসব আইন ও বিধি চূড়ান্ত হওয়ার পর সংলাপের ডাক দিয়েছে ইসি। বিশেষজ্ঞদের মতে, এই সংলাপের লক্ষ্য থাকবে নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরিতে দলগুলোর প্রতিশ্রুতি নেওয়া।
আগামী নির্বাচনে প্রচার-প্রচারণার ক্ষেত্রে অনেকগুলো বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এর মধ্যে সামাজিক মাধ্যমে নির্বাচনসংক্রান্ত সব কনটেন্ট শেয়ার ও প্রকাশ করার পূর্বে ফ্যাক্ট চেক বা সত্যতা যাচাই করতে হবে। প্রার্থীদের পক্ষে কোনো দেয়াল লিখন করা যাবে না। তা ছাড়া পোস্টার ব্যবহারেও রয়েছে বিধিনিষেধ। ইসির এই নির্দেশনাগুলো প্রার্থীদের জন্য ইতিবাচক হলেও মেনে চলা কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে প্রার্থীর সমর্থক ও দলীয় কর্মীদের মধ্যে এ বিষয়ে সচেতনতামূলক প্রচারের অভাব রয়েছে।
এদিকে ডাকসু ও জাকসু নির্বাচনকে আদর্শ ধরে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী নির্বাচনও অবাধ ও সুষ্ঠু হবে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন জাতীয় নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। ছাত্র সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থী সবাই উচ্চ শিক্ষিত। সংসদ নির্বাচনের ক্ষেত্রে অনেক ভোটার রয়েছেন যাদের আধুনিক পদ্ধতি সম্পর্কে খুব একটা ধারণা নেই। তাই তাদের বোঝানো এবং মাঠপর্যায়ে নিরপেক্ষ প্রশাসন প্রস্তুত করার জন্য রাজনৈতিক দলগুলোকেই ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন তারা।
ডাকসু ও জাকসু নির্বাচন থেকে কী বার্তা পেল সরকার বা নির্বাচন কমিশন- এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ আমাদের সময়কে বলেন, ছাত্র সংসদ নির্বাচন থেকে ভোট বর্জনের সংস্কৃতি সামনে চলে এসেছে। এই ধারা জাতীয় নির্বাচনেও ঘটতে পারে। আগামী নির্বাচন যদি অংশগ্রহণমূলক হয় আর সেই নির্বাচনে মাঝপথে বর্জন করার সংস্কৃতি নির্বাচনকে কঠিন করে তুলবে। এ জন্য নির্বাচন কমিশনকে এখন থেকেই সতর্ক থাকতে হবে। কোনো কেন্দ্র বা আসনে ভোট নিয়ে প্রশ্ন উঠলে ইসিকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। এ জন্য কেন্দ্রে বা আসনে পুনঃভোটের বিধান রাখতে হবে।
অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, বাংলাদেশের এমন কোনো নির্বাচন নাই, যেটা নিয়ে প্রশ্ন ওঠেনি। একটা নির্বাচন শতভাগ ত্রুটিমুক্ত বলা যাবে না। কাজেই নির্বাচনে এক-দুই শতাংশ ত্রুটি বা অনিয়ম উঠলে ভোট বর্জন এই সিদ্ধান্ত থেকে দলগুলোকে বেরিয়ে আসতে হবে।
আগামী সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দল, বিশিষ্টজন, বিশেষজ্ঞসহ বিভিন্ন মহলের সঙ্গে ইসির সংলাপ শুরু হচ্ছে চলতি মাসের শেষ সপ্তাহে। এই সংলাপে যে বিষয়গুলো গুরুত্ব পাওয়া দরকার তার মধ্যে রয়েছে- মাঠ প্রশাসন সাজানো, এআইয়ের অপব্যবহার রোধে করণীয় ঠিক করা। ভোটের ফলাফল মেনে নেওয়ার জন্য দলগুলোর কাছ থেকে এক ধরনের অঙ্গীকার নেওয়া।
এ বিষয়ে নির্বাচন বিশ্লেষক ড. আব্দুল আলীম আমাদের সময়কে বলেন, ডাকসু-জাকসু নির্বাচনে ভোট বর্জনের সংস্কৃতি দেখলাম। জাতীয় নির্বাচনে এমনটা হোক চাই না। রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা- সব দল স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করবে, ভোটের ফলাফল মেনে নেবে।
তথ্যপ্রযুক্তির অপব্যবহার আগামী নির্বাচনকে কঠিন করে তুলতে পারে- এমন আশঙ্কা নির্বাচন কমিশন থেকে সর্বত্র আলোচনা হচ্ছে। এ বিষয়ে ড. আব্দুল আলীম বলেন, আগামী নির্বাচনে সবচাইতে বড় চ্যালেঞ্জ হবে সামাজিক মাধ্যমে অপপ্রচার মোকাবিলা করা। বর্তমানে এআই দিয়ে যেভাবে প্রতিপক্ষকে ঘায়েল করা হচ্ছে, জাতীয় নির্বাচনে এর প্রভাব ভয়াবহ হতে পারে। এ জন্য এখন থেকে রাজনৈতিক দলগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণে অঙ্গীকার দরকার। কেননা তফসিল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন কমিশনের কিছু করার নেই।
ইসির অংশীজন সংলাপে কিছু বিষয় গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করেন এই বিশ্লেষক। তার মতে, নির্বাচনের আগে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সব প্রার্থী এবং দল যেন সমান সুযোগ পায়, তার নিশ্চয়তা প্রদান করতে দলগুলোর কাছ থেকেই অঙ্গীকার নেওয়া দরকার। এ ছাড়া এআই মোকাবিলায় দলগুলোর মতামত নেওয়া দরকার। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিরি উন্নতি এবং সুন্দর মাঠ প্রশাসন প্রস্তুত করা।
বিশ্লেষকরা মনে করেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া হওয়া দরকার। বিতর্কমুক্ত নির্বাচন উপহার দেওয়ার ক্ষেত্রে ইসির সঙ্গে দলগুলোর দায়িত্ব অনেক বেশি। এ জন্য রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে হতে যাওয়া সংলাপ যেন লোক দেখানো না হয়ে গঠনমূলক হয়, সে জন্য ইসির কর্মসূচি বিষয়ভিত্তিক হওয়া দরকার।











