একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছি: আমির খসরু
বরিশাল প্রতিনিধি : আমরা একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছি বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।
এ সময়ে বর্তমান সরকার প্রসঙ্গে আমির খসরু মাহমুদ বলেন, ‘আমি অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। সাময়িক এ সকারের কাছে আমার কোনো প্রত্যাশা নেই। আমরা অপেক্ষা করছি একটি নির্বাচিত সরকারের জন্য। জনগণ আমাদের সমর্থনের প্রস্তুতি আগেভাগে নিচ্ছে। যেন প্রথম দিন থেকে বাংলাদেশের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি।’
নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘সবাই নির্বাচনের অপেক্ষায় রয়েছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে। বাংলাদেশের মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবেন। জনগণ তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচিত করতে পারবেন, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরি বলেন, ‘দেশের অর্থনীতি আগে কিছু সীমিত লোকের ও কিছু গোষ্ঠীর হাতে ছিল। আমরা অর্থনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করার প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপি পক্ষ থেকে প্রতিটি বিভাগে আমরা যাচ্ছি।’
তিনি বলেন, ‘কুটির শিল্পসহ যারা বিভিন্ন অঞ্চলে হতে বিভিন্ন পণ্য তৈরি করছে, সেই পণ্যগুলোকে আমাদের মূল্যায়ন করতে হবে। এগুলো মূল্যায়ন করে টেকনিক্যাল সহযোগিতা দিতে হবে, আর্থিক সহযোগিতা করতে হবে। এদেরকে ব্রান্ডিং করতে হবে, ব্রান্ডিং করে দেশে-বিদেশে আন্তর্জাতিক বাজারে প্লাটফর্ম করে দিতে হবে। আমরা চাই অর্থনীতিতে এদের অংশগ্রহণ অনেক বেশি হতে হবে এবং এ লোকগুলোর জীবনযাত্রার মানের উন্নয়ন হতে হবে।’
গ্রামগুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের একটা গ্রামে একটা পণ্য তৈরি হবে, যে পণ্য ওই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করবে। পণ্যের নতুন নতুন ডিজাইন হবে এবং সেই পণ্য দেশে ও দেশের বাইরে বিক্রি হবে। গ্রামগুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এটাই আমাদের মূল প্রোগ্রাম। আর এ জন্য আমরা সব জায়গাতে যাচ্ছি। সবার সঙ্গে কথা বলছি, তাদের সমস্যা ও চাহিদা আগামী দিনে কীভাবে পূরণ করতে পারি তাও দেখছি।’
তিনি আরও বলেন, ‘কুটির শিল্পসহ যারা বিভিন্ন অঞ্চলে হাতে বিভিন্ন পণ্য তৈরি করছে, সেই পণ্যগুলোকে আমাদের মূল্যায়ন করতে হবে। তাদের টেকনিক্যাল ও আর্থিক সহযোগিতা দিতে হবে। এদেরকে ব্রান্ডিং করে আন্তর্জাতিক বাজারে প্লাটফর্ম করে দিতে হবে। আমরা চাই অর্থনীতিতে এদের অংশগ্রহণ অনেক বেশি হউক। গ্রামগঞ্জের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হতে হবে। দেশে বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।’
তিনি বলেন, ‘যে সব হস্তশিল্প ধ্বংস হয়ে যাচ্ছে তা পুনরুদ্ধার করার প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। দেশের মানুষ বাড়িতে থেকে পণ্য তৈরি করে জীবনযাপন করতে পারে এবং দেশের অর্থনীতিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারে। তাদেরকে আমরা অর্থনীতির মূলস্রোত ঢোকাতে চাই। সেটা করতে পারলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, বিএনপি নেতা নজরুল ইসলাম রাজন ও শেখ আব্দুর রহিমসহ বরিশাল চেম্বার অ্যান্ড কর্মার্সের নেতারা।











