পুলিশ-প্রকৌশলের শিক্ষার্থী সংঘর্ষ, টিয়ারশেল-জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশলের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) দুপুর ১টা ৩০ এর দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে।
দুপুর ১টা ৪০ মিনিটে আন্দোলনরত শিক্ষার্থীরা মৎস্য ভবনের সামনে পৌঁছলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে। এ সময় শিক্ষার্থীরা লাঠি, ইট নিক্ষেপ করতে থাকলে ১টা ৫০ মিনিটে পুলিশ জলকামান ব্যবহার করে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তারা মিছিল নিয়ে টিএসসি হয়ে চারুকলার সামনে দিয়ে শাহবাগ মোড়ে মূল সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে শাহবাগ ও আশেপাশের সড়ক বন্ধ হয়ে যায়।
এর আগে তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ জমায়েত হয়ে নিজেদের দাবি আর স্লোগানে আটকে দেন সড়ক। এ সময় শিক্ষার্থীরা দুপুর ১টার মধ্যে তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দেন। না হলে সচিবালয় ঘেরাওয়ের হুমকি দেন তারা।
সে সময় শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এমনকি যমুনা অভিমুখী পদযাত্রারও হুঁশিয়ারি দেন তারা। এদিকে সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ সদস্যরাও নিয়েছেন সতর্ক অবস্থান।
গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় সাড়ে চার ঘণ্টা শাহবাগে অবস্থানের পর সেখান থেকে অবরোধ তুলে নেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে আটটায় ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি হিসেবে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থী ও প্রকৌশলীদের আজ বুধবার সকাল দশটায় ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান।
ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী ও সমমান পদে নিয়োগ পেতে সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়াসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হলো সহকারী প্রকৌশলী পদের জন্য ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে, কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেওয়া যাবে না, অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।
এছাড়া টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী সবার জন্য উন্মুক্ত করা, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার দাবিও তুলেছেন শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে সন্তোষজনক ফলাফল আসেনি বলে জানান শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা অভিযোগ করেন, রংপুরে প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হত্যার হুমকি দিলেও প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। হুমকিদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।
এটাই তাদের প্রথম দাবি উল্লেখ করে আরও জানান, আগে তারা যে তিন দফা দাবি জানিয়েছেন, সেগুলো মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।











