শৃঙ্খলা ফিরিয়ে আনতে: ব্যাংক খাত তদারকিতে বড় পরিবর্তন আসছে
নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যকারিতা জোরদার করতে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক খাতের তদারকি কাঠামোতে সময়োপযোগী ও মৌলিক পরিবর্তন আনতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। যার মাধ্যমে এর প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন আরও দক্ষ, কার্যকর ও আধুনিক করা। নতুন বিধান অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক কেবল জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকবে। এ লক্ষ্যে ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার, ২০২৫’ প্রণয়নের কাজ চলছে। যা আগামী ডিসেম্বরের মধ্যে অধ্যাদেশ বা আইন আকারে জারি করা হতে পারে। যা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
এই নতুন অধ্যাদেশের আওতায় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ, গভর্নর এবং ডেপুটি গভর্নরদের নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসবে। গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগ ও অপসারণে জাতীয় সংসদের অনুমতি লাগবে। পর্ষদে আর্থিক খাত ও ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হবে এবং কোনো সরকারি আমলা রাখা যাবে না। সরকারের লক্ষ্য, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই নতুন আইন বা অধ্যাদেশ জারি করে এই কাঠামো বাস্তবায়ন শুরু করা। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সাবেক কর্মকর্তা ও বর্তমানে বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা সাকের সিদ্দিকীর নেতৃত্বে খসড়া চূড়ান্ত করা হয়েছে। এটি শিগগিরই প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে।
বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, স্বায়ত্তশাসনের অভাবেই ব্যাংক খাতে বড় ধরনের জালিয়াতি ও অনিয়মের ঘটনা ঘটেছে। সরকারি ব্যাংকগুলোতে দ্বৈতশাসন নিয়েও দীর্ঘদিন ধরে সমালোচনা চলছে। নতুন আইন কার্যকর হলে সব ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ ও তদারকির একক কর্তৃত্ব থাকবে বাংলাদেশ ব্যাংকের হাতে। বাংলাদেশের অর্থনৈতিক খাতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংককে প্রথমবারের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংককে আর্থিক খাতের পূর্ণ কর্তৃত্ব দিয়ে, স্বায়ত্তশাসিত এবং জবাবদিহিমূলক রূপ দিতে ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার, ২০২৫’ নামে একটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কারের প্রত্যাশা পূরণে ব্যাংক খাতের সংস্কারে নানা উদ্যোগ নেওয়া হলেও রাষ্ট্রীয়ভাবে খোদ কেন্দ্রীয় ব্যাংক সংস্কারে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপের কথা শোনা যাচ্ছে না। রাষ্ট্র সংস্কারে ইতিপূর্বে গঠিত ছয়টি কমিশনের রিপোর্টে কেন্দ্রীয় ব্যাংক সংস্কার নিয়ে কোনো আলোচনা ছিল না, এমনকি গত ফেব্রুয়ারি মাসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত ঐকমত্য কমিশনের এজেন্ডাতেও বিষয়টি অন্তর্ভুক্ত হয়নি। এ নিয়ে কোনো প্রত্যাশা বা প্রতিশ্রুতি কোনো সামাজিক বা রাজনৈতিক পরিসর থেকে উচ্চারিত হচ্ছে বলেও জানা যায়নি। কিন্তু বাংলাদেশের মতো রাষ্ট্র, যেখানে রাজনীতি ও অর্থনীতির সঙ্গে সম্পর্কিত প্রায় সব প্রতিষ্ঠানই অত্যন্ত দুর্বল, সেখানে কেন্দ্রীয় ব্যাংক সংস্কার তথা বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মতোই গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে এখনই জাতীয়ভাবে সমন্বিত সংস্কার উদ্যোগ গ্রহণের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও শক্তিশালী অঙ্গীকার প্রয়োজন।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন মনে করেন, কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে সরকারের একটি বিভাগের মতো পরিচালিত হচ্ছে।
ব্যাংকটি সত্যিকার অর্থে স্বাধীন হতে হলে কেবল সাংবিধানিক মর্যাদা দিলেই হবে না, গভর্নর নিয়োগ প্রক্রিয়াটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, একটি সার্চ কমিটির মাধ্যমে যোগ্য ব্যক্তিকে বাছাই করতে হবে এবং গভর্নর নিয়োগে প্রধানমন্ত্রীর হাতে একক ক্ষমতা না রেখে সংসদীয় অনুমোদন বাধ্যতামূলক করতে হবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বিশেষ এ পর্ষদ সভার আয়োজন করা হয়। গভর্নরসহ ৯ সদস্যের পর্ষদের তিনজন বর্তমান সচিব এবং একজন সাবেক অর্থ সচিব। বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানোর প্রশ্নে খসড়া নিয়ে বৈঠকে কেউ দ্বিমত করেননি। তবে ভাষাগত কিছু বিষয়ে এবং গভর্নর ও ডেপুটি গভর্নরের মেয়াদ ছয় বছরের পরিবর্তে তিন বছর করার পরামর্শ দেন কেউ কেউ। বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ২০২৫-এর খসড়া প্রণয়নে কারিগরি সহায়তা দিচ্ছে আইএমএফ। আইনি পরামর্শ দিচ্ছে ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস এবং বিদেশি একটি পরামর্শক প্রতিষ্ঠান। আইএমএফের সঙ্গে আলোচনা অনুযায়ী, খসড়ার কপি ১৫ আগস্টের মধ্যে অর্থ উপদেষ্টা এবং আইন উপদেষ্টার দপ্তরে পাঠানোর কথা। সেখান থেকে কোনো পরামর্শ এলে তা যুক্ত করে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে খসড়া চূড়ান্ত করতে হবে। প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো পরামর্শ এলে তা যুক্ত করে এর পর অধ্যাদেশ আকারে জারির জন্য উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। পুরো কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর মানে, ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ ব্যাংক সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে পরিচালিত হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর মাধ্যমে।
খসড়ায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংক কেবল জাতীয় সংসদের কাছে জবাবদিহি করবে। আট সদস্যের পরিচালনা পর্ষদে কোনো সরকারি কর্মকর্তা থাকবেন না। আট পরিচালকের মধ্যে গভর্নর হবেন চেয়ারম্যান। আর গভর্নর মনোনীত দুজন ডেপুটি গভর্নর থাকবেন। গভর্নরের দেওয়া তালিকা থেকে বাকি পরিচালক নিয়োগ দেবে সরকার। পরিচালক পদে যাদের নাম দেওয়া হবে, তাদের অবশ্যই অর্থনীতি, ব্যাংকিং, হিসাবরক্ষণ, অর্থ, কেন্দ্রীয় ব্যাংকিং, বাণিজ্য, শিল্প ঝুঁঁকি ব্যবস্থাপনা, অথবা আইনের মতো ক্ষেত্রে দক্ষতা এবং কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বৈঠকে বাংলাদেশ ব্যাংক অর্ডার ছাড়াও আরও পাঁচটি আইন সংশোধন ও প্রণয়ন বিষয়ে আলোচনা হয়। আইনগুলো হলো– ব্যাংক কোম্পানি আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, আমানত বীমা আইন সংশোধন এবং খেলাপি ঋণ ব্যবস্থাপনায় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন আইন প্রণয়ন। এছাড়া ইতোমধ্যে প্রণীত ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ বিষয়ে অবহিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই রূপান্তরের ফলে দেশের ব্যাংক খাতে জবাবদিহিতামূলক সংস্কৃতি প্রতিষ্ঠা পাবে, তদারকি আরও ফলপ্রসূ হবে এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে উৎসাহ মিলবে। একইসঙ্গে আর্থিক খাতের স্থিতিশীলতা আরও সুসংহত হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি আরও মজবুত হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই দীর্ঘমেয়াদি রূপান্তর যাত্রায় সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা ও অংশগ্রহণ কাম্য, যাতে সম্মিলিতভাবে একটি আধুনিক, ঝুঁঁকিসচেতন ও টেকসই ব্যাংকিং পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়।











