,

আশুলিয়ায় বিএনপি-এনসিপির কর্মসূচি আজ

news-image

নিজস্ব প্রতিবেদক, সাভার : শক্তি প্রদর্শনের মহড়ায় মুখোমুখি অবস্থানে বিএনপি ও এনসিপি। একই দিনে আশুলিয়ায় বিএনপির সমাবেশ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে কৌতূহলের শেষ নাই রাজনৈতিক মহলে। আজ বুধবারের এসব কর্মসূচি ঘিরে উভয় দলের স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন জোরেশোরে। নেতাকর্মীদের ব্যাপক হারে জমায়েত দেখাতে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে শোডাউন করবে দুই দলই। এদিকে এসব কর্মসূচি ঘিরে যে কোনো প্রকার অপ্রীতিকর অবস্থা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের। অন্যদিকে এনসিপির পদযাত্রা ও সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের।

বিএনপি এনসিপির এই শোডাউনকে তেমন একটা গুরুত্ব না দিলেও নিজেদের দলের সমাবেশ সফল করার লক্ষ্যে মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা চোখে পড়ার মতো। রাজধানীর পাশে গুরুত্বপূর্ণ এলাকা বলে বিবেচিত ঢাকা-১৯ আসনটি বরাবরই বিএনপির দুর্গ বলে পরিচিত। দলটির নেতাকর্মীদের ভাষ্য, এই আসনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামায়াতে ইসলামী ও এনসিপির শক্তিশালী প্রার্থী না থাকায় বিএনপির পক্ষে যিনি টিকিট পাবেন তার জয় অবধারিত।

তবে জামায়াতে ইসলামী এবং এনসিপি জোটবদ্ধ হলে আওয়ামী লীগের ভোট জয়-পরাজয়ের জন্য ফ্যাক্টর হতে পারে- তেমনটি ধরে নিয়েই প্রকাশ্য ও অপ্রকাশ্যে সব ক’টি দলই সক্রিয়।

প্রস্তুতি প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু জানান, ঢাকা জেলা বিএনপির এই কর্মসূচিতে জুলাই শহীদ পরিবারের সদস্যরাও অংশ নেবেন। তাদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হবে। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, বুধবার বিকাল ৩টার দিকে দারুল ইহসান মাদ্রাসার মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। দলের সব অঙ্গসংগঠন এখন মাঠপর্যায়ে ব্যস্ত কর্মসূচি সফল করার লক্ষ্যে। এর মাধ্যমে বিএনপি স্পষ্ট বার্তা দেবে এবং নিঃসন্দেহে দলটির শক্তি এবং সামর্থ্য প্রকাশ করবে বলেও জানান তিনি।

অন্যদিকে এনসিপির সমাবেশ ঘিরে দলটির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির তৎপরতাও চোখে পড়ার মতো। সংগঠনের কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন বলেন, আশুলিয়ার বাইপাইলে থেকে বুধবার বিকালে পদযাত্রা ও পরে সমাবেশ হবে। এ জন্য ভেন্যু পরিদর্শনসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে স্বল্প দূরত্বের ব্যবধানে দুই দলের প্রায় অভিন্ন কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা। আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা চাই দল দুটি শান্তিশৃঙ্খলা বজায় রেখে সব ধরনের উত্তেজনা পরিহার করে নিজেদের কর্মসূচি পালন করবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট