কেন ভারতীয় নারীর মৃত্যুদণ্ড স্থগিত করল ইয়েমেন
আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড আপাতত কার্যকর করছে না ইয়েমেনি কর্তৃপক্ষ।আগামীকাল বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। তবে কত দিন পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছে, নতুন কোনও দিন স্থির করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। দুটি ভারতীয় সংবাদ সংস্থা এবং দেশটির আরও দুটি জাতীয় দৈনিক এই খবর দিয়েছে।
এক ইয়েমেনি ব্যবসায়ীকে ২০১৭ সালে হত্যার দায়ে নিমিশা প্রিয়াকে মৃত্যুদণ্ডের সাজা হয়। সূত্র উদ্ধৃত করে বার্তা সংস্থা পিটিআই এবং এএনআই জানায়, ভারত সরকারের সমন্বিত প্রচেষ্টার পরেই ইয়েমেনি কর্তৃপক্ষ প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করার দিন আপাতত পিছিয়ে দিয়েছে। শাস্তি পিছিয়ে যাওয়ার ফলে নিমিশা প্রিয়ার পরিবার হাতে আরও কিছুটা সময় পেল যাতে খুন হওয়া ইয়েমেনি ব্যবসায়ীর পরিবারের সঙ্গে তারা এমন একটি সমাধানের পৌঁছতে পারে, যা দুই পক্ষের কাছেই গ্রহণযোগ্য হয়ে উঠবে।
জানা যায়, তালাল আব্দো মাহদি নামে নিহত ওই ব্যক্তি নিমিশা প্রিয়ার ব্যবসাায়িক অংশীদার ছিলেন। ইয়েমেনে কোনও ব্যবসা করতে হলে সে দেশের কোনও নাগরিককে সঙ্গে রাখা বাধ্যতামূলক, তাই ওই ব্যক্তির সঙ্গে মিলে নিমিশা প্রিয়া তার ক্লিনিক চালু করেছিলেন।
২০১৭ সালে তালাল আব্দো মাহদির টুকরো টুকরো করা দেহ একটি জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়। এরপরই সেই হত্যার অভিযোগে নিমিশা প্রিয়াকে গ্রেপ্তার করা হয় এবং দেশটির আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।
সেই থেকে তার ফাঁসি আটকানোর জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিমিশার পরিবারের সদস্যেরা। নিমিশার ফাঁসির আদেশ কার্যকর হওয়া আটকাতে ভারতীয় সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয় তাঁর পরিবার। কেন্দ্রীয় সরকার যাতে বিষয়টিতে কোনও ভাবে হস্তক্ষেপ করে, সেই আর্জি জানান তারা। তবে কেন্দ্রীয় সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, ইয়েমেনে বন্দি তরুণীর মৃত্যুদণ্ড ঠেকাতে আর বিশেষ কিছু করার নেই ভারত সরকারের
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় কর্মকর্তারা ইয়েমেনের জেল কর্তৃপক্ষ এবং প্রসিকিউটরের দফতরের সঙ্গে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ রেখে চলেছেন।
নিমিশাকে বাঁচানোর একমাত্র পথ হলো যদি ওই নিহত ব্যক্তির পরিবার ‘দিয়াহ’ বা ‘ব্লাড মানি’-র বিনিময়ে ওই নার্সের প্রাণভিক্ষা দিতে রাজি হয়! নিমিশা প্রিয়া-র আত্মীয়স্বজন ও সমর্থকরা ইতোমধ্যেই মাহদির পরিবারকে ‘ব্লাড মানি’ দিতে ১ মিলিয়ন বা ১০ লক্ষ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ সংগ্রহ করেছেন এবং পরিবারকে সেটা প্রস্তাবও করা হয়েছে।
ভারতের সুপ্রিম কোর্টে দায়ের হওয়া একটি মামলায় অবশ্য গতকাল সোমবার ভারত সরকারের আইনজীবী জানিয়েছিলেন, নিহতের পরিবারের কাছ থেকে এখনও কোনও আশার আলো পাওয়া যায়নি।
সুপ্রিম কোর্টের শুনানিতে এদিন অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, নিমিশা প্রিয়াকে বাঁচানোর চেষ্টায় সরকার সব রকম চেষ্টা চালালেও ‘ভারত এক্ষেত্রে আসলে কতদূর কী করতে পারে, তার একটা সীমা আছে – আর আমরা সেই সীমায় পৌঁছে গেছি!’
অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি সোমবার কার্যত মেনেই নিয়েছিলেন, দক্ষিণ ভারতের কেরালার ওই নার্সের জীবন আদৌ বাঁচানো যাবে কি না, সেটা এখন ভারত সরকারের ওপর আর নির্ভর করছে না। তিনি বলেন, ‘যত রকম চ্যানেলে চেষ্টা চালানো যায় আমরা তার সবই চেষ্টা করেছি। ইয়েমেনের একজন ‘প্রভাবশালী শেখে’র মাধ্যমেও চেষ্টা চালানো হয়েছে, আরও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে – কিন্তু কিছুতেই কিছু হয়নি।’
এরপরেই মঙ্গলবার জানা যায়, ইয়েমেনি কর্তৃপক্ষ নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করার দিন আপাতত পিছিয়ে দিয়েছে।











