রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ মাসে তদন্ত শেষ হয়নি একটিরও

news-image

অসঙ্গতি থাকায় অনেক মামলা প্রশ্নবিদ্ধ ।। বিচার প্রক্রিয়ার ধীরগতিতে হতাশ শহীদের স্বজনরা

রায়হান উদ্দিন, চট্টগ্রাম
জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর চট্টগ্রাম নগরীতে ৬০টি মামলা হয়েছে। এসব মামলার ১০ মাস শেষ হলেও একটিরও তদন্ত শেষ হয়নি। নেই কোনো চার্জশিট, নেই বিচার শুরুর দৃশ্যমান অগ্রগতি। বিচারকাজের এমন ধীরগতি নিয়ে হতাশ স্বজন হারানো পরিবারগুলো। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, কয়েকটি মামলার তদন্তকাজ শেষ পর্যায়ে রয়েছে। কিছু মামলায় অসঙ্গতি ও তথ্যগত জটিলতা আছে। এসব মামলার তদন্ত শেষ করতে সময় লাগবে। আইনজ্ঞরা বলেছেন, ঢালাও আসামি ও প্রশ্নবিদ্ধ কিছু মামলার কারণে বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপিতে) বিভিন্ন থানায় মামলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর ১৬টির মধ্যে আটটি থানায় গতকাল মঙ্গলবার পর্যন্ত জুলাই আন্দোলনকেন্দ্রিক মামলা হয়েছে ৬০টি। এর মধ্যে কোতোয়ালি থানায় ১৬টি, সদরঘাট থানায় দুইটি, বাকলিয়া থানায় চারটি, খুলশী থানায় তিনটি, চান্দগাঁও থানায় ১২টি, পাঁচলাইশ থানায় ১৩টি, ডবলমুরিং থানায় ৯টি এবং হালিশহর থানায় একটি মামলা হয়েছে। তবে এসব মামলার একটিরও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ।

গত বছরের ১৬ জুলাই চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের সময় ছাত্রলীগ-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রামের প্রথম শহীদ। এ ঘটনায় ১৯ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেলসহ ১০৮ জনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন ওয়াসিমের মা জোছনা বেগম। এ মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা প্রায় অর্ধশতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলাটির তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার এসআই মনিরুল ইসলাম গতকাল আমাদের সময়কে বলেন, এখনও তদন্ত চলমান আছে। কিছু তথ্য আমরা পেয়েছি। আরও আলামত সংগ্রহ করতে কাজ করছি। তদন্তকাজ শেষ হতে আরও সময় লাগবে।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকা-ের ঘটনায় বিভিন্ন মামলায় ঢালাও আসামি করা হয়েছে। একাধিক মামলায় উঠে এসেছে গুরুতর অসঙ্গতির অভিযোগ। অনেক মামলায় বাদী ও আসামিরা একে অপরকে চিনেন না। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে, বাদী নিজেও জানেন না ঘটনাটি কীভাবে ঘটেছে বা কারা জড়িত। এসব মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিরীহ মানুষকে জড়ানো হয়েছে। পূর্বশত্রুতা, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা চাঁদাবাজির উদ্দেশ্যে অনেককে আসামি করা হয়েছে। কিছু ক্ষেত্রে ‘মামলা বাণিজ্য’র অভিযোগ উঠেছে। আসামির তালিকা থেকে নাম বাদ দিতে অথবা যুক্ত করতে টাকা লেনদেন হয়েছে বলেও দাবি করেছেন একাধিক ভুক্তভোগী পরিবার। দুই দিন আগে নগরীর খুলশী থানায় বিতর্কিত একটি মামলা করেন সাইফুদ্দিন নামে এক জুলাইযোদ্ধা। একই অভিযোগ ও একই সময়ের উল্লেখ করে ঢাকায়ও তিনি মামলা করেন। একই দিনে বাদীর দুই শহরে গুলিবিদ্ধ হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকদের আসামি করায় নানা অসঙ্গতি ও বিতর্কের জন্ম দিয়েছে।

এ ধরনের প্রশ্নবিদ্ধ মামলা প্রকৃত ভুক্তভোগীদের সঠিক বিচার পাওয়ার ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা এবং প্রকৃত অপরাধীদের বিচারের বাইরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে বলে মনে করেন আইনজ্ঞরা। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী চৌধুরী বলেন, গণহারে এমন মামলার কারণে পুরো তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে। তদন্ত কর্মকর্তার সদিচ্ছা থাকলেও অনেক ক্ষেত্রে আসল আসামিদের খুঁজে পাবেন না। তদন্ত শেষ করে চার্জশিট দিতেও দীর্ঘসূত্রতা তৈরি হবে।

এদিকে, সার্বিকভাবে বিচারকার্যের এই যে ধীরগতি, তাতে হত্যাকা-ের মতো চরম নির্মমতার শিকার পরিবারগুলো হতাশ। বছর ঘুরে আসতে চললেও বিচার শুরু না হওয়ায় তারা ক্ষুব্ধ। গতকাল শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম বলেন, আমার ছেলেকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এক বছর শেষ হতে চললেও বিচারের কোনো অগ্রগতি দেখলাম না। তিনি ছেলে হত্যার বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, ১৮০ দিনে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে হয়। কিন্তু পুলিশ গণ-অভ্যুত্থান পরবর্তী মামলাগুলো নিয়ে গড়িমসি করছে। এভাবে চললে বিচার নিয়ে দীর্ঘসূত্রিতা বাড়বে।

পুলিশ বলছে, তদন্তে সময় লাগবে। কারণ, অনেক মামলাই জটিল ও স্পর্শকাতর। তাদের মতে, ন্যায়বিচার নিশ্চিত করতে হলে তড়িঘড়ি করে তদন্ত শেষ করা যাবে না।

মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) রইছ উদ্দিন বলেন, জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর নগরীর ১৬টি থানার মধ্যে আট থানায় ৬০টি মামলা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতে পুঙ্খানুপঙ্খভাবে তদন্ত করতে পুলিশ কাজ করছে।