রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকাকে ডাকা ইসরায়েলের দুর্বলতার লক্ষণ: খামেনি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর ইসরায়েলের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন থাকলেও এখনো সরাসরি যুদ্ধে জড়ায়নি তারা। তবে ইরানের বিরুদ্ধে তাদের সংঘাতে টেনে আনতে চাইছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মনে করেন, এটা ইসরায়েলের দুর্বলতার লক্ষণ।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খামেনি বলেন, ‘ইহুদিবাদী শাসনব্যবস্থার আমেরিকান বন্ধুদের দৃশ্যপটে প্রবেশ করা ও তাদের (যুক্তরাষ্ট্রের) এ ধরনের (যুদ্ধে জড়ানোর) কথা বলা; সেই (ইসরায়েলি) শাসনব্যবস্থার দুর্বলতা এবং অক্ষমতার লক্ষণ।’

এর আগে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘নির্মূল’ করা ইরানের বিরুদ্ধে তাদের যুদ্ধের একটি বড় লক্ষ্য। তবে খামেনি কাউকে ভয় না পাওয়ার পরামর্শ দেন।

এক্সে দেওয়া পোস্টে খামেনি আরও বলেছেন, ‘আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই যে শত্রু যদি বুঝতে পারে যে আপনি তাদের ভয় পান, তাহলে তারা আপনাকে ছেড়ে দেবে না। আজ পর্যন্ত আপনার যে আচরণ ছিল তা চালিয়ে যান; শক্তভাবে এই আচরণটি চালিয়ে যান।’

গতকাল জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে খামেনি বলেছিলেন, ‘ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে অটল থাকবে, একইভাবে চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও অটল থাকবে। চাপিয়ে দেওয়ার মুখে এই জাতি কারো কাছে আত্মসমর্পণ করবে না।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দিকে ইঙ্গিত করে খামেনি বলেন, ‘যারা ইরান এবং এর ইতিহাস জানেন, তারা জানেন যে ইরানিরা হুমকির ভাষায় ভালোভাবে সাড়া দেয় না। এবং আমেরিকানদের জানা উচিত যে মার্কিন সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে (তাদের) অপূরণীয় ক্ষতির সম্মুখীন করবে।’