প্রধান উপদেষ্টার বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে ঝড়
নিজস্ব প্রতিবেদক : একটি মাত্র দল আগামী ডিসেম্বরে নির্বাচন চাচ্ছেÑ জাপান সফরে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া এই বক্তব্য নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নানামুখী আলোচনার ঝড় উঠেছে। ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না হলে আর কখনই দেশে নির্বাচন হবে না। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষাপটে বিএনপি ও তার মিত্র রাজনৈতিক দলগুলো কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করছে। গতকাল এই দাবির পক্ষে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছেন বেশ কয়েকটি দল। এর মধ্যে সবচেয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে ১২ দলীয় জোটের নেতারা বলেছেন, নোবেলজয়ী অধ্যাপক ইউনূস নিরেট মিথ্যাচার করেছেন। কেবল একটি দলই নয়, দেশের সব গণতন্ত্রপন্থি দল নয় মাস ধরে ডিসেম্বরে নির্বাচনের কথা বলে এসেছে
Play VideoUnibots.com
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জাপানের টোকিওর ইম্পেরিয়াল হোটেলে ৩০তম নিক্কেই ফোরামে ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, আমরা জনগণকে বলেছি, নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ জুনে অনুষ্ঠিত হবে। তবে কেউ কেউ ডিসেম্বরেই নির্বাচন করতে চাইছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশ হওয়ায় রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে আপামর জনসাধারণের মধ্যে নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনাসহ নানামুখী শঙ্কা দেখা দিয়েছে।
জাপানে প্রধান উপদেষ্টার ওই বক্তব্য এবং এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া প্রসঙ্গে বিএনপির মিত্র ও ছয় দলীয় জোটের শীর্ষনেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আমাদের সময়কে বলেন, সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত থাকলে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। প্রধান উপদেষ্টা জাপানে যে বক্তব্য দিয়েছেন তা অনাকাক্সিক্ষত। দেশের বাস্তব অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ না। একটা দল না বরং এক-দুইটা দল ছাড়া অধিকাংশ দল ডিসেম্বরে বা কাছাকাছি সময় নির্বাচন চায়। সরকারের পক্ষ থেকে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে তা অনাকাক্সিক্ষত। এতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের মুখোমুখি পরিস্থিতি তৈরি হবে। এটা কারও জন্যই স্বস্তিদায়ক না। এই সরকারের বিরুদ্ধে নির্বাচনের জন্য আন্দোলন করা আমাদের জন্য যেমন বিব্রতকর, সরকারের জন্যও বিব্রতকর হবে। সরকার
একরোখা পরিচয় দিয়ে মুখোমুখি অবস্থানে নিয়ে গেলে আরও খারাপ
পরিস্থিতি তৈরি হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পাশাপাশি গণতন্ত্র মঞ্চের বক্তব্য কাছাকাছি বলে দাবি করেন সাইফুল হক।
প্রধান উপদেষ্টার বক্তব্যের পর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে গড়িমসি করছে। বিদ্যমান সংকট সমাধানে এ বছরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচনব্যবস্থার আমূল সংস্কারও দাবি করেন তিনি। বলেন, সিপিবি, বাম জোটসহ ৫০টির বেশি দল চলতি বছরের মধ্যে নির্বাচন চাইলেও প্রধান উপদেষ্টা বলেছেন, মাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। একই দাবি করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, সম্প্রতি তারা ৫০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন, সেখানে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে তাদের অবস্থান।
ডিসেম্বরের মধ্যে ভোট হওয়ার পক্ষে গণ-অধিকার পরিষদও। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান আমাদের সময়কে বলেন, আমরা বরাবরই বলে আসছি সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করে ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত। ডিসেম্বরের পরে কোনোভাবেই নির্বাচনের পরিবেশ থাকে না। যত দ্রুত নির্বাচন দেবে তাতে সরকারের জন্যও ভালো, সবার জন্যও ভালো। এই সরকার দশ মাসে কিছুই করতে পারেনি। সরকারের দু-একজন উপদেষ্টা এক-এগারোর পথে হাঁটছে। তিনি বলেন, আলাদা আলাদা বৈঠক করে জাতীয় সংলাপ হয় না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক টেবিলে বসলে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে।
ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে বিবৃতি দিয়েছেন ১২ দলীয় জোট নেতারা। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ১২ দলীয় জোটের নেতারা বলেছেন, এ বছরের ডিসেম্বরে কেবল একটি দল নয়, দেশের সব দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই দেশের মুক্তি ও উন্নতির অভিমুখ নিশ্চিত করে। বারবার তা প্রমাণিত হয়েছে।
নির্বাচন নিয়ে জাপানে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১২ দলীয় জোট নেতারা বলেন, ‘এককথায় নিরেট মিথ্যাচার করেছেন নোবেলজয়ী অধ্যাপক ইউনূস। কেবল একটি দলই নয়, দেশের সব গণতন্ত্রপন্থি দলগুলো স্পষ্টভাবে গত নয় মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে এসেছে। বরং তিনি নিজেই কিছু মৌলবাদী, জনসমর্থনহীন, মুক্তিযুদ্ধবিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করেছেন, করছেন।’
বিবৃতিতে স্বাক্ষর করেন ১২ দলীয় জোটপ্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টি বাংলাদেশের চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টি চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এমএ মান্নান, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপির) চেয়ারম্যান ফিরোজ মো. লিটন।
এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এক বিবৃতিতে বলেছেন, জাপানে প্রধান উপদেষ্টার বক্তব্য সঠিক নয়। একটি দল নয়, কমপক্ষে ২০টি নিবন্ধিত দলসহ প্রায় সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এলডিপিসহ বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে শরিক সব দল চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের আর কোনো টালবাহানা চলবে না। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। এটাই শেষ কথা।
ডিসেম্বরে নির্বাচন চায় আমজনতার দলও। দলটির সাধারণ সম্পাদক মো. তারেক রহমান এক বিবৃতিতে বলেন, দু-একটা দল ছাড়া সব দলই ডিসেম্বরে নির্বাচন চায়। তিনি প্রধান উপদেষ্টার বক্তব্যের তীব্র প্রতিবাদও জানিয়েছেন।
ডিসেম্বরেই নির্বাচন দাবি করে বিবৃতি দিয়েছে গণফোরাম। দলটির পক্ষ থেকে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাপান সফরে গিয়ে একটি দল ছাড়া আর অন্য কোনো দল জাতীয় নির্বাচন চায় না বলে যে মন্তব্য করেছেন তা সঠিক নয়। গণফোরাম অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছে। কিন্তু নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টার বক্তব্য বিভ্রান্তিকর বলে প্রতীয়মান হচ্ছে।
শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোট আগামী ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় নির্বাচন করার দাবি জানিয়েছে। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, একটি দল বাদে কেউ ডিসেম্বরে নির্বাচন চায় নাÑ এমন বক্তব্য সত্যের অপলাপমাত্র এবং দুরভিসন্ধিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। শুধু একটি দল নয়, বাম গণতান্ত্রিক জোটসহ দেশের নিবন্ধিত-অনিবন্ধিত ৫০টির অধিক রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায়। বিবৃতিতে দ্রুত প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার করে দেশের অধিকাংশ দল এবং জনগণের আকাক্সক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানানো হয়।
বাম গণতান্ত্রিক জোটের পক্ষে বিবৃতি দিয়েছেন জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মটা ও অন্যান্য উপদেষ্টার বক্তব্য বিভ্রান্তিকর বলে প্রতীয়মান হচ্ছে।











