ক্ষোভ উগড়ে তামিম বললেন, বিসিবিতে ক্রিকেট ছাড়া সবই হচ্ছে
স্পোর্টস ডেস্ক : ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য বাংলাদেশ দল এখন পাকিস্তানে অবস্থান করছে। তবে ক্রিকেটমাঠের সেই ইস্যুর চেয়ে মাঠের বাইরের ইস্যুই এখন বাংলাদেশের ক্রিকেটের আলোচনার মূল বিষয়বস্তু। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে ফারুক আহমেদের থাকা না থাকা নিয়ে সরগরম ক্রিকেটপাড়া।
পুরো ব্যাপারটিতে বেশ বিরক্ত জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ব্যক্তিগত কাজে বর্তমানে পাকিস্তানের লাহোরে আছেন এই ক্রিকেটার। সেখানে বাংলাদেশ সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটের বোর্ড এটা কিন্তু ক্রিকেট ছাড়া সবকিছু হচ্ছে। কে আসবে, কে যাবে; কে সভাপতি হবে, কে হবে না কিংবা কে নির্বাচন করবে বা কে করবে এগুলো তো ছোট একটা অংশ। বাংলাদেশের ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ কমে যেতে শুরু করেছে। আমার মনে হয়, সভাপতি কে হবেন…. সেটা তো আমার বলাতে কিছু যায় আসে না। যারা আছেন বা আসবেন.. ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন। কারণ ক্রিকেট এর জৌলুস হারাচ্ছে।’
তামিম আরও বলেন, ‘এটা স্বীকার করতে হবে যে আমরা স্ট্রাগল করছি। এটা আমরা কখনও মানতে চাই না। শুধু জাতীয় দলই না, প্রতিটি ক্রিকেটীয় দিক থেকে আমরা স্ট্রাগল করছি। এই জিনিসটা মেনে নিয়ে কিভাবে এখান থেকে বের হওয়া যায় সেটা নিয়ে আগাতে হবে। ক্রিকেট বাদে আমি সবকিছু দেখছি এখানে।’
বাংলাদেশ ক্রিকেটের জৌলুস আগের চেয়ে কমেছে বলেই মনে করেন তামিম। আগের তুলনায় বিদেশে বাংলাদেশের সাংবাদিক গমন নিয়েও হতাশ সাবেক এই অধিনায়ক। তামিম বলেন, ‘আজকে পাকিস্তানে বাংলাদেশের খেলা, আসছেন মাত্র ৪টা সাংবাদিক। বাংলাদেশের কি এমন দিন আগে এসেছে? বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে খেলুক বা জিম্বাবুয়ের সঙ্গে খেলুক কিংবা পাকিস্তান-অস্ট্রেলিয়ার সঙ্গে…. মাত্র ৪ জন সাংবাদিক….এমন দিন তো আমি দেখিনি। এই বার্তা স্পষ্ট যে ক্রিকেট জৌলুস হারাচ্ছে। এটা মানতে হবে যে আমরা স্ট্রাগল করছি এবং মেনে নিয়ে এই বিষয়ে কাজ আগাতে হবে। এটার বদলে…. কে বোর্ড প্রেসিডেন্ট হচ্ছে….এগুলা আমার কাছে মনে হয় অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা বেশি সিরিয়াস। ক্রিকেটের উন্নতি কিভাবে হবে সেটা নিয়ে আমাদের কোনো ভাবনা নাই।’
ক্রিকেটমাঠেও বাংলাদেশের পারফরম্যান্স বর্তমানে চরম বাজে। পাকিস্তানের বিপক্ষে খেলার আগেই আরব আমিরাতের মতো দেশের বিপক্ষে সিরিজ হেরে এসেছে টাইগাররা। বাংলাদেশের ক্রিকেট উত্তরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার বলে মনে করেন তামিম, ‘এটা (সাফল্য পাওয়) ২-৩ বছরে সম্ভব না। অনেকের ধারণা, নতুন কেউ এসে দায়িত্ব নিলেই দ্রুত সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আসলে বিষয়টি চেষ্টার ওপর নির্ভর করে। পরিবর্তন করার মনোভাবটাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। ক্রিকেটকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এরকম পরিকল্পনা থাকা দরকার।’











