শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘শুনছি আজকে নাকি একটা বক্তব্য দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। তিনি নিক্কেই ফোরামের আমন্ত্রণে বিদেশে (জাপানে) গেলেন। উনি অবশ্য দেশে কম কথা বলেন, বিদেশে গেলেই সাক্ষাৎকার দেন বেশি। ওখানে উনি বলেছেন যে, মাত্র একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে চেয়েছে। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হয় তার বক্তব্যই বলছি, আমি অনলাইনে পড়ে আসলাম, যদি ডিসেম্বরের ভেতরে নির্বাচন দিতে হয় তাহলে নাকি খুব তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে এটা তার বক্তব্য। আমাদের কথা হলো, আমরা বলেছি আপনি আপনার উপদেষ্টা পরিষদে সংস্কার করুন। শুধুমাত্র বিএনপি নয়; দেশের অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। ’

আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্র্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রাজধানী রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সুতরাং বাকি থাকলো সংবিধান সংস্কার। প্রধান উপদেষ্টা সংস্কারের এই সমস্ত বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না। জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না। গণতান্ত্রিক শক্তি সময়ের মধ্যে বিভক্তি সৃষ্টি করার মতো কোনো শক্তিকে সুযোগ দেবেন না। দয়া করে আমাদের এখানে ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য আছে, সেই জাতীয় ঐক্যকে আমরা যাতে দৃঢ় করি, ইস্পাত কঠিন সংকল্প নিয়ে এসে জাতীয় ঐক্যকে ধরে রেখে আগামী দিনের বাংলাদেশকে আমাদের এগিয়ে যেতে হবে এবং সেই বাংলাদেশ আমাদের নেতা তারেক রহমানের (বলা) ‘‘অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ’’। সেই বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে আমাদেরকে সেই ঐক্যবদ্ধভাবে সেই দেশ জাতীয় ঐক্যকে ধরে রেখে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আমাদের নেতার নেতৃত্বে।’

শর্ষের ভেতরে ভুত রেখে সংস্কার হবে না, প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সংস্কার চান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। তিনি বলেন, ‘আমরা বলেছি, আপনার (প্রধান উপদেষ্টা) উপদেষ্টা পরিষদ সংস্কার করুন। আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়। এখানে দুই জন ছাত্র উপদেষ্টা বসে আছে তারা একটা দলের, আরেকজন উপদেষ্টা (নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান) বসেন আছে বিদেশভ্রমণ করেছে ২০ বছর এবং এখন বাংলাদেশ উদ্ধার করতে এসেছেন। তার বিতর্কিত ভূমিকার কারণে ভূমিকার বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংস্থার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তিনি আর কি পরিকল্পনা নিয়ে এসছেন জানি না আল্লাহ মাবুদ।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আরও কয়েকজন ফ্যাসিবাদের দোসর আপনার উপদেষ্টার মধ্যে আছে। সংস্কার করুন, নাম বলতে চাই না, বিব্রত হবেন। আমরা তার কাছে ইচ্ছা প্রকাশ করেছি। যদি শর্ষের মধ্যে ভুত রেখে আপনি সংস্কার সংস্কার করেন, সংস্কার হবে না।’

তিনি বলেন, ‘আর সংস্কার এমন কোন সংস্কার নেই সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে একটা ন্যাশনাল কনসেনসাস হবে, সেই সমস্ত সংস্কারগুলো এক সপ্তাহ থেকে এক মাসের ভেতরে বাস্তবায়ন করা সম্ভব যদি আপনি না পারেন আমাদেরকে বলেন।’

বিএনপির এ নেতা বলেন, ‘শুধুমাত্র যে সমস্ত সাংবিধানিক সংস্কারের মধ্যে ঐকমত্য সৃষ্টি হবে সেই সমস্ত সাংবিধানিক সংশোধনগুলো নির্বাচিত সংসদের মধ্যেই করতে হবে। এটাই হল আমাদের পরিষ্কার বক্তব্য। সুতরাং সংস্কার সংস্কার বলে যে আপনারা ফেনা তুলছেন মুখে, কয়টা সংস্কার করেছেন?’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কোন ডিপার্টমেন্টে কোন আইনে যে সংস্কারগুলো আপনারা আনতে চান, যেগুলো নির্বাহী আদেশে সম্ভব, ওই সব করে দেন। জুডিশিয়ারি সংস্কার তো প্রায় হয়ে গেছে ঐকমত্য অপেক্ষা করার কোনো দরকার নেই। জুডিশিয়ারি ভার্ডিকের মধ্য দিয়ে অনেক সংস্কার ইতোমধ্যে করে ফেলেছেন।’

তিনি বলেন, ‘যে সমস্ত জুডিশিয়ারি সংস্কারগুলো দরকার প্রধানত হচ্ছে, একটা জাস্টিস নিয়োগের আইন করা, প্রধানত হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্যে আরও বেশি সংস্কার করা। এটা আর্টিকেল ৯৬ অনুসারে প্রধানত সংস্কার হচ্ছে আর্টিকেল ১৬ অনুসারে অধীনস্থ আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে আসা।’

নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, প্রশাসনিক কমিশনের যেসব সংস্কার বিষয়ে সবাই একমত হয়েছে তা উল্লেখ করেন সালাহউদ্দিন।

বিএনপির এই নেতা বলেন, ‘আমি যদি এখন কথা বলি যে আমাদের ভবিষ্যৎ রাজনীতি কী হবে অনেক বেশি সেমিনার নিয়ে কথা বলতে হবে অনেক বেশি বৈঠক করে কথা বলতে হবে যিনি আমাদের আগামী দিনের এ দেশের গণতান্ত্রিক যাত্রার প্রধান নায়ক তারেক রহমান এখন সেই সমস্ত কর্মসূচি অলরেডি প্রণয়ন করে ফেলেছেন প্রায়- এটাই হচ্ছে পরিকল্পনা। কীভাবে স্বাস্থ্য কার্ড দিবেন, কীভাবে একটা খাদ্যের জন্য রেশন কার্ডভিত্তিক ফ্যামিলি কার্ড দেবেন, কীভাবে মেধাবীদের জন্য শিক্ষার ব্যবস্থা করবেন, কীভাবে কৃষকদেরকে আমরা এগিয়ে নিয়ে যাব এই সমস্ত সমস্ত কর্মসূচি প্রণয়িত হয়েছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কিন্তু সবকিছু নির্ভর করছে গণতান্ত্রিকভাবে যদি একটি নির্বাচিত সরকার আসে, সেই সরকারের নির্বাচিত সরকারের পরিকল্পনা হবে আমাদের ৩১ দফায় আমরা যা বলেছি যদি একটি শক্তিশালী সাংবিধানিক কাঠামো দাঁড় হয়। যদি বাংলাদেশে গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্ত ভিতের ওপর দাঁড় হয়, যদি সেই প্রতিষ্ঠানগুলো রক্ষাকবজ হিসেবে কাজ করে গণতন্ত্রের তাহলে পরে আমরা সেই ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে পাব।’