হিন্দু যুগলের বিয়েতে পাশে দাঁড়াল মুসলিম দম্পতি
আন্তর্জতিক ডেস্ক : হিন্দু এক যুগলের বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। হঠাৎ বৃষ্টি চলে আসে। বিপাকে পড়ে সেই দম্পতি ও পরিবার। পাশেই হলে চলছিল আরেক মুসলিম যুগলের বিয়ের অনুষ্ঠান।তারাই এগিয়ে গেলেন হিন্দু দম্পতিকে সাহায্যে। নিয়ে এলেন হলে। একই ছাদের নিচে অনুষ্ঠিত হলো দুই ধর্মের দুটি দম্পতির বিয়ে। সম্প্রতি ভারতের পুনেতে ঘটেছে এই ঘটনা।
ধর্মীয় বিভাজনের সময়ে ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনা। অনেকে বলছেন, ‘এটাই নতুন ভারতের মুখ’- যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি ও মানবিকতার জয়গান হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটে পুনে শহরের ওয়ানাওয়াড়ি এলাকায়, স্টেট রিজার্ভ পুলিশ ফোর্স (এসআরপিএফ) মাঠসংলগ্ন অলংকরণ লনে। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে সংস্ক্রুতি কাওয়াড়ে ও নরেন্দ্র গালান্ডে নামে এক হিন্দু যুগলের বিবাহ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ শুরু হয় অঝোর ধারায় বৃষ্টি।অতিথিরা ছুটোছুটি শুরু করেন আশ্রয়ের জন্য। বৃষ্টিতে ভেসে যেতে বসে দুই মাসের পরিকল্পনার সেই বিয়ে।
তখন ই পরিবারের চোখ পড়ে পাশের একটি ব্যাংকোয়েট হলের দিকে। সেখানে সাবেক পুলিশ কর্মকর্তা ফারুক কাজীর ছেলে মহসিন ও পাত্রী মাহিনের বিবাহোত্তর অনুষ্ঠান চলছিল। হিন্দু পরিবারের প্রবীণেরা ফারুক কাজীর কাছে গিয়ে আশ্রয় প্রার্থনা করেন। সব শুনে এক মুহূর্তও দেরি করেননি ফারুক কাজী। জের অনুষ্ঠান চালিয়ে যাওয়ার মাঝেই ব্যাংকোয়েট হলের একটি অংশ হিন্দু পরিবারের জন্য ছেড়ে দেন। শুধু তাই নয়, তার পরিবার ও অতিথিরাও হিন্দু বিয়ের আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন করতে সক্রিয়ভাবে সহায়তা করেন।
এরপর একই মঞ্চে হিন্দু বিবাহ ও মুসলিম ওয়ালিমা সম্পন্ন হয়। অতিথিরা দুই পক্ষের অনুষ্ঠানে অংশ নেন, একসঙ্গে নৈশভোজ করেন। সেই বিয়ের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই মুসলিম পরিবারের প্রশংসা করতে থাকেন।











