ডলারের প্রবাহ বাড়ায় বিদেশের সঙ্গে লেনদেন পরিস্থিতির উন্নতি
জিয়াদুল ইসলাম
দেশে ডলারের প্রবাহ বাড়ায় বিদেশের সঙ্গে লেনদেন পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে। সর্বশেষ মার্চ মাসে বৈদেশিক লেনদেনের চলতি হিসাব ও সার্বিক ভারসাম্যের ঘাটতি বেশ কমেছে। সব মিলিয়ে অর্থবছরের প্রথম ৯ মাসের হিসাবে (জুলাই-মার্চ) এই দুই হিসাবে ঘাটতি উল্লেখযোগ্য পরিমাণ কমে এসেছে। একই সময়ে আর্থিক হিসাবে বড় ধরনের উদ্বৃত্তাবস্থা বজায় রয়েছে। বাণিজ্য ঘাটতিও নিম্নমুখী প্রবণতায় রয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, প্রবাসী আয়ে বড় প্রবৃদ্ধি এবং রপ্তানি আয়ে ইতিবাচক ধারা বজায় থাকায় দেশে ডলারের প্রবাহ বেড়েছে। অন্যদিকে আমদানিসহ অন্যান্য খরচ বাবদ ডলার খরচ কমে আসছে। এতে বিদেশের সঙ্গে লেনদেন পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে।
বাণিজ্য ঘাটতি নিম্নমুখী : কোনো দেশের আমদানি ব্যয়ের তুলনায় রপ্তানি আয়ের যে ব্যবধান, সেটিই হলো বাণিজ্য ঘাটতি। বাংলাদেশের রপ্তানির তুলনায় আমদানি ব্যয় বরাবরই বেশি। সর্বশেষ মার্চ মাসেও বাণিজ্য ঘাটতি বেড়েছে ১৭৩ কোটি ডলার। তবে ৯ মাসের হিসাবে বাণিজ্য ঘাটতি কমেছে ৩২ কোটি ডলার। প্রতিবেদন অনুযায়ী, অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ৪ হাজার ৯৩০ কোটি ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেশি। অন্যদিকে আলোচ্য সময়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে ৩ হাজার ৩৮৭ কোটি ডলার আয় করেছে বাংলাদেশ, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ৫ শতাংশ বেশি। ফলে অর্থবছরের প্রথম ৯ মাসে পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৩ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৫৭৫ কোটি ডলার।
চলতি হিসাবেও ঘাটতি কমছে : চলতি হিসাবের মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝানো হয়। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়। সংশ্লিষ্টরা জানান, বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে খরচ বেশি হলে এখানে ঘাটতি দেখা দেয়। তবে অর্থবছরে চলতি হিসাবে ঘাটতি ক্রমশ কমছে। সর্বশেষ মার্চ মাসে ঘাটতি কমেছে ৬৪ কোটি ডলার। ফলে মার্চ পর্যন্ত অর্থবছরের প্রথম ৯ মাসে এই হিসাবে ঘাটতি কমে হয়েছে ৬৫ কোটি ৯০ লাখ ডলার। ফেব্রুয়ারি পর্যন্ত অর্থবছরের প্রথম আট মাসে এই ঘাটতি ছিল ১২৯ কোটি ৯০ লাখ ডলার। আর গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ৪৩৯ কোটি ৮০ লাখ ডলার।
আর্থিক হিসাবে বড় উদ্বৃত্ত : আর্থিক হিসাবে বিদেশি ঋণ ও সহায়তা, এফডিআই এবং পোর্টফোলিও ইনভেস্টমেন্ট প্রভৃতি বিষয়গুলো থাকে। চলতি অর্থবছর প্রথম ৯ মাসে আর্থিক হিসাবে (ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট) উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ১৩০ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে উদ্বৃত্তের পরিমাণ ছিল মাত্র ৯০ লাখ ডলার।
সামগ্রিক লেনদেন ভারসাম্যে ঘাটতিও কমছে : আর্থিক হিসাবে উন্নতি হওয়ায় সার্বিক ভারসাম্যে ঘাটতি ক্রমশ কমছে। প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরের প্রথম ৯ মাসে সার্বিক ভারসাম্যে ঘাটতির পরিমাণ ছিল ৪৭৫ কোটি ৭০ লাখ ডলার। সেটি চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে কমে হয়েছে ১০৬ কোটি ৮০ লাখ ডলার। গত ফেব্রুয়ারি পর্যন্ত অর্থবছরের প্রথম আট মাসে এই ঘাটতি ছিল ১১০ কোটি ৬০ লাখ ডলার।











