রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরির পথরেখা করাই লক্ষ্য: আলী রীয়াজ

news-image

নিজস্ব প্রতিবেদক : গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা করাই কমিশনের লক্ষ্য বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা করাই কমিশনের লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিকভাবে আলোচনার অগ্রগতি হয়েছে।’

মঙ্গলবার (৬ মে) সকালে জাতীয় সংসদ এলাকার এলডি হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বর্ধিত বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।

বেলা ১১টায় কমিশনের সঙ্গে শুরু হওয়া এই বৈঠকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল আলোচনায় অংশ নিয়েছেন।

আখতার হোসেন বলেন, ‘মৌলিক সংস্কারের কিছু প্রস্তাব দিয়েছি। স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদান থেকে মুক্ত হতে এসব সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে।’

এদিকে ড. আলী রীয়াজ বলেন, ‘আমরা সপ্তাহ দু-এক আগে আলোচনা শুরু করেছিলাম। বেশকিছু বিষয়ে আলোচনার অগ্রগতি করতে পেরেছি। কিছু কিছু বিষয় অমীমাংসিত থেকেছে। দু’একটি সংস্কার কমিশনের রিপোর্ট আলোচিত হয়নি। আশা করছি, আজকের আলোচনায় সেগুলোতে অগ্রগতি হতে পারব।’

আগামী ১৫ মে’র মধ্যে প্রাথমিক পর্যায়ে সব রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষ হবে জানিয়ে তিনি বলেন, ‘আজকের আলোচনায় জাতীয় ঐকমত্যের পক্ষ থেকে প্রস্তাবের পাশাপাশি, জাতীয় নাগরিক পার্টি থেকে যেসব মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছেন আমরা গ্রহণ করলাম। এনসিপির মৌলিক সংস্কারের প্রস্তাব নিয়ে আজকের আলোচনার মধ্য দিয়ে প্রাথমিক পর্যায়ে এনসিপির সঙ্গে একটা সমাপ্তি টানা যাবে। ঐকমত্য কমিশনের আলোচনার দ্বিতীয় পর্যায়ে এর প্রতিফলন থাকবে।’