শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাঠিপেটা না করে ছত্রভঙ্গ, রাষ্ট্রপতি পদক পাচ্ছেন সেই কনস্টেবল

news-image

নিজস্ব প্রতিবেদক : ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম’ পাচ্ছেন কনস্টেবল মো. রিয়াদ হোসেন। আন্দোলন দমনে বুদ্ধিদীপ্ত কৌশল প্রয়োগ করায় রিয়াদকে এই পদক দেওয়া হচ্ছে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।

সম্প্রতি লাঠিপেটা না করে পুলিশের ছত্রভঙ্গ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নেটিজেনরা ভিডিওটি শেয়ার করে পুলিশ সদস্যের কাজের ধরন নিয়ে প্রশংসা করেন। আলোচিত সেই ব্যক্তিটি রিয়াদ হোসেন।

রাষ্ট্রপতির আদেশে গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ এতে সই করেন, যা গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম- সেবা)’ প্রদান করা হলো। প্রজ্ঞাপনের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

অতীতে বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম এবং রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম পুলিশ সপ্তাহে পরিয়ে দেওয়া হতো পুলিশ সদস্যদের। রিয়াদের বেলায় এবার তা ভিন্নভাবে দেওয়া হচ্ছে।

ফেব্রুয়ারিতে বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার সময় লাঠিপেটার অঙ্গভঙ্গি করেন রিয়াদ হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, আন্দোলনকারীদের সরিয়ে দিতে হাতে থাকা লাঠি দিয়ে সড়কের ওপর আঘাত করছেন তিনি। কখনো ধাতব খুঁটিতে আঘাত করছেন। লাঠিপেটা করার ভঙ্গি করলেও তিনি কাউকে আঘাত করেননি। আবার আন্দোলনরতরাও সেখান থেকে সরে গেছেন। এই দৃশ্য দেখে অনেকেই মন্তব্য করেন, পুলিশিং এমনই হওয়া উচিত। কেউ কেউ তাকে পুরস্কৃত করার প্রস্তাব দেন।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ-সংক্রান্ত ভিডিও পোস্ট শেয়ার করে লেখেন, ‘এই পুলিশ ভাইটাকে অনেক ভালোবাসা।’

আন্দোলন দমাতে দেশে পুলিশের মারমুখী আচরণের যে নজির সাম্প্রতিক অতীতে দেখা গেছে, তার বিপরীতে রিয়াদ হোসেন অনন্য উদাহরণ তৈরি করেছেন। তাই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশংসিত এই পুলিশ সদস্যকে পুরস্কৃত করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেন।