সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাসা ভিড়েও আনন্দের ঈদযাত্রা

news-image

নিজস্ব প্রতিবেদক : পথের ঝক্কি-ঝামেলা যাই হোক, যেতে হবে আপন নীড়ে। তাই যানবাহনে ঠাসা ভিড় সত্ত্বেও গতকাল শনিবার ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছিল আনন্দের ঈদযাত্রা। শৈশবের গ্রাম, চিরচেনা পথঘাট আর স্বজনদের সান্নিধ্য পেতে মুখিয়ে থাকা ঘরমুখী মানুষের সব পথ যেন মিশে গেছে বাড়ির পানে।

বিগত কয়েক দিনের তুলনায় শনিবার (২৯ মার্চ) রাজধানীর তিন বাস টার্মিনাল (গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী), কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল ঘরমুখী মানুষের ভিড়। সড়ক-মহাসড়কেও তার কিছুটা চাপ দেখা গেছে। উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিছুটা যানজট সৃষ্টি হলেও তেমন বড় ভোগান্তি পোহাতে হয়নি যাত্রীদের। অনেকটা স্বস্তিতেই এবারে বাড়ি গেছেন ঈদযাত্রীরা।

কমলাপুরে উপচে পড়া ভিড়, ট্রেনের ছাদেও যাত্রী
গত ২৪ মার্চ থেকে ঈদের ট্রেনযাত্রায় তেমন ভিড় দেখা না গেলেও গতকাল কমলাপুর স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। এদিন রেলস্টেশনের প্রবেশপথে তিন স্তরের নিরাপত্তা চৌকিতে টিকিট পরীক্ষা করা হলেও ঠেকানো যায়নি টিকিটবিহীন যাত্রীদের। সকাল থেকেই স্টেশনে টিকিটবিহীন যাত্রীদের আনাগোনা বাড়ে। যাত্রীর চাপ অনেক বেশি থাকায় নিষেধাজ্ঞা ও কড়াকড়ির মাঝেও একশ্রেণির যাত্রী উঠে বসেন বিভিন্ন ট্রেনের ছাদে।

জামালপুর এক্সপ্রেসের যাত্রী মোজাম্মেল হক বলেন, ‘আমি তো অনলাইন বুঝি না। কাউন্টারে গেছিলাম, হ্যারা কয় টিকিট নাই। আমি তো বাড়ি যামুই। ট্রেনের লোকগুলারে টাকা দিয়া ম্যানেজ কইরা নিমু। আমি এমনেই (এভাবেই) বাড়ি যাই।’

গাবতলীতে স্বস্তি, তৎপর ছিল নিরাপত্তা বাহিনী
বেলা সাড়ে ৩টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ব্যাগ-লাগেজসহ বাসের অপেক্ষায় ছিলেন অনেকে। সিটি সার্ভিস, গণপরিবহন, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় চেপে গাবতলী টার্মিনালে যাত্রীদের আসতে দেখা গেছে। ঈদযাত্রীদের নিরাপত্তায় টার্মিনালের প্রবেশপথেই রয়েছে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। এ ছাড়া সড়কে কঠোর নজরদারিতে ছিলেন সেনাবাহিনীর সদস্যরা। টার্মিনালের ভেতরে তেমন যাত্রীর চাপ দেখা যায়নি।

মহাখালীতে উপচে পড়া ভিড়
বেলা আড়াইটার দিকে মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। প্রতিটি কাউন্টারেই ঠাসাঠাসি করে টিকিট নেওয়ার চেষ্টা করছিলেন ঘরমুখী যাত্রীরা। যাত্রীদের নিরাপত্তায় পুলিশ, র‌্যাবসহ সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে। টার্মিনালের বাইরে সড়কে এবং ভেতরে সেনাবাহিনীর সদস্যরা নজরদারি করছিলেন। বিকেলেও টার্মিনালে ঢাকা-ময়মনসিংহ রুটের ইউনাইটেড ট্রান্সপোর্ট এবং ঢাকা-সিলেট রুটের বিলাস পরিবহনের টিকিট কাউন্টারের সামনে যাত্রীদের প্রচণ্ড চাপ দেখা যায়। বিগত দিনের তুলনায় যাত্রীদের ভিড় বেশি ছিল। এ ছাড়া এই টার্মিনালকেন্দ্রিক রুটে রাজধানীর আব্দুল্লাহপুরের কাউন্টারেও গতকাল যাত্রীদের ভিড় ছিল। আব্দুল্লাহপুরে সড়কের উভয় পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।

সায়েদাবাদে ভোগান্তি বাড়তি ভাড়ায়
ঈদযাত্রায় মতিঝিল, কমলাপুর আর সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালে গতকালও যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। বরিশালগামী বিএমএফ পরিবহনের যাত্রী আবদুল বাকী জানান, জনপ্রতি ভাড়া ৫০০ টাকা হলেও তাকে ৭০০ টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে। বরিশাল অঞ্চলের এসি গাড়িতে আসনপ্রতি ১ হাজার ১০০ টাকা ও নন-এসিতে আসনপ্রতি ৯০০ টাকা নেওয়া হচ্ছে। স্বাভাবিক সময়ে এই রুটে নন-এসিতে ৬০০ টাকা ও এসি বাসে ৯০০ টাকায় যেতে পারতেন যাত্রীরা।

গতকাল সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় পরিদর্শনে যান সড়ক ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ও বিআরটিএর চেয়ারম্যান মো. ইয়াসীন। অতিরিক্ত ভাড়া আদায়ে লাল-সবুজ, গোল্ডেন লাইন, সাকুরা ও হিমাচল পরিবহন থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। এদিন বিভিন্ন পরিবহনের বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে।

সদরঘাটে তাড়া শুধু বাড়ি ফেরার
কাঁধে একটি ও দুই হাতে আরও দুটি বড় ব্যাগ। ভারে কিছুটা নুয়ে গেছেন। তাতে কী, এতটি ব্যাগ নিয়ে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছেন কামাল হোসেন। থামলেন সদরঘাট লঞ্চ টার্মিনালের ১০ নম্বর গেটে। বেলা তখন ২টা। ১০ টাকায় টার্মিনালে প্রবেশের টিকিট নিয়ে ভেতরে যেতেই ছেড়ে গেল বরগুনার ‘এমভি রয়েল ক্রুজ-২’ লঞ্চটি। এই লঞ্চেই তার ওঠার কথা ছিল, কিন্তু পারলেন না। শুধু তিনি নন, তার মতো তাড়াহুড়ো করেও অনেকেই ওই লঞ্চে উঠতে পারেননি।

ওই লঞ্চ ছেড়ে যাওয়ার সময় মাইকে ঘোষণা এল ‘কেউ তাড়াহুড়ো করবেন না। আমতলী-বরগুনার যাত্রী ধৈর্য-সহকারে অপেক্ষা করুন। আপনাদের জন্য পুনরায় লঞ্চ দেওয়া হবে।’ কিছুক্ষণের মধ্যে ওখানে বরগুনার আরেকটি লঞ্চ ভিড়ল। আর অপেক্ষারত সবাই তাড়াহুড়ো করে উঠতে শুরু করলেন।

এদিন দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত অবস্থান করে ভোলা এবং পটুয়াখালীর লঞ্চঘাটে বেশি ভিড় লক্ষ করা গেছে। বরিশাল ও চাঁদপুরের ঘাটে তুলনামুলক ভিড় কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টার্মিনালে বাড়ি ফেরার মানুষের ভিড় বাড়তে থাকে।

এদিকে গতকাল মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ও পাটুরিয়া লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে চার লঞ্চ মালিককে মোট ২১ হাজার ৬০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ভোলার ইলিশা লঞ্চঘাটে গতকাল সকালে তৎপরতা দেখান কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

যানবাহনের চাপ থাকলেও মহাসড়কে ছিল স্বস্তি
ঈদযাত্রায় গতকাল কিছুটা স্বস্তি ফিরেছে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশে। জেলার মাধবদী, পাঁচদোনা, ভেলানগর, ইটাখোলা মোড়গুলোতে গাড়ির চাপ থাকলেও যানজট পরিস্থিতি তৈরি হয়নি। উত্তরের পথেও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরেছেন মানুষ। তবে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জের কড্ডার মোড়, মুলিবাড়ী চেকপোস্ট, নলকা, হাটিকুমরুল গোল চত্বরসহ বিভিন্ন পয়েন্টে গাড়ির চাপ লক্ষ করা গেছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। অন্যদিকে গতকাল ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-সিলেট মহাসড়কে ঘরমুখী মানুষের চাপে চিরচেনা যানজটের দৃশ্য এবার চোখে পড়েনি।

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানবাহনের বাড়তি চাপ থাকলেও নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় যান চলাচল ছিল স্বাভাবিক। ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ১৮ কিলোমিটার সড়কে কিছুটা যানজট হলেও যাত্রীরা মোটামুটি স্বস্তিতে বাড়িতে যেতে পেরেছেন। যাত্রামুড়া, বরাব, বিশ্বরোড, রূপসী এলাকার ৩ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হয়। ঈদযাত্রায় ভোগান্তি কমাতে মহাসড়কে পুলিশের পাশাপাশি অর্ধশত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী কাজ করছেন। দুটি মহাসড়কে চলাচল করছে দূরপাল্লার বাড়তি যানবাহন। কয়েকটি স্থানে ধীরগতি ছাড়া মোটামুটি স্বস্তিতে সিলেটগামী যানবাহন মহাসড়ক পাড়ি দিয়েছে। ফলে পরিবারের সঙ্গে ঈদ করতে যাওয়া ঘরমুখী মানুষ নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী