সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমঝোতা-সমীকরণ অন্য পদে, বাফুফে সভাপতি হওয়ার পথে তাবিথ আউয়াল

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন বাফুফে নির্বাচনে আজ ছিল মনোনয়ন ফরম সংগ্রহের দ্বিতীয় দিন। এদিন সভাপতি পদে দু’টি ও সদস্য পদে তিনটি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। সহ-সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদে কোনো ফরম বিক্রি হয়নি।

আজ সভাপতি পদে তাবিথ আউয়ালের পাশাপাশি ফরম নিয়েছেন মিজানুর রহমান। যিনি ফুটবলাঙ্গনে একেবারেই অচেনা। নানা মাধ্যমে ঘাটাঘাটি করে জানা গেছে, তিনি দিনাজপুরে তৃণমূল ফুটবল নিয়ে কাজ করেন। সেই তিনি এবার বাফুফে সভাপতি পদে ফরম ক্রয় করেছেন।

মিজানুর রহমান দিনাজপুরেই রয়েছেন। তিনি লোক মারফত ফরম সংগ্রহ করেছেন। হঠাৎ সভাপতি পদে ফরম সংগ্রহের কারণ সম্পর্কে বলেন, ‘৫০ বছর ধরে দিনাজপুরে ফুটবলের সঙ্গে আছি। ফুটবলের অধঃপতন হচ্ছে। এজন্য চিন্তা করলাম এবার নির্বাচন করার।’

বাফুফে নির্বাচনে অনেক যোগ্যতা-অভিজ্ঞতা সম্পন্ন লোকই সভাপতি হতে পারেন না নানা অঙ্ক-সমীকরণে। দিনাজপুরের মিজানুর অবশ্য সেই সব বুঝতে চান না। বারবারই শুধু নিজের দিনাজপুরের খেলোয়াড় তৈরি এবং নিজের আশির দশকের খেলার কথা বলছিলেন। মিজানুরের আনুষ্ঠানিক বয়স ৬৭ হলেও প্রকৃত বয়স প্রায় সত্তর। বয়স নিয়ে অবশ্য চিন্তিত নন তিনি, ‘আমি তো চেয়ারে বসে সিদ্ধান্ত নেব, মাঠে দৌড়াব না।’

আসন্ন বাফুফে নির্বাচনে সভাপতি পদে দ্বৈরথ হওয়ার কথা ছিল তরফদার রুহুল আমিন ও তাবিথ আউয়ালের মধ্যে। তাবিথ আউয়াল সভাপতি পদের জন্য নানা কর্মকাণ্ডে ব্যস্ত। অন্যদিকে তরফদার রুহুল আমিন নিভৃতে। স্ত্রীর অসুস্থতার জন্য সিঙ্গাপুরে। সেখান থেকে তিনি বলেন, ‘এই মুহূর্তে পারিবারিক বিষয় নিয়ে ব্যস্ত। নির্বাচনের বিষয়ে অন্যরা আলাপ-আলোচনা করছে।’

তরফদার রুহুল আমিন এক দশক ধরে ফুটবল নিয়ে কাজ করছেন। শত কোটি টাকার ওপর খরচ করেছেন ফুটবলে। সভাপতি হওয়ার আকাঙ্ক্ষা তার পূরণ হয়নি। গতবারের মতো এবারও হোঁচট খাচ্ছেন। তাই তরফদারের অনুসারীরা তাবিথ আউয়ালের সঙ্গে সমঝোতা করে সিনিয়র সহ-সভাপতি করার প্রস্তাবনা নিয়ে কাজ করছেন। সেক্ষেত্রে ইমরুল হাসানকে সহ-সভাপতি পদেই থাকতে হতে পারে। এই সমঝোতা বা মেরুকরণ হলে আগামীকালের মধ্যেই না হলে তো নেই-ই।

তাবিথ আউয়াল বাফুফে সভাপতি হচ্ছেন এটা অনেকটাই নিশ্চিত। তবে তার সালাউদ্দিন-কিরণ ঘনিষ্ঠতা বিভিন্ন মহলে প্রশ্নবিদ্ধ। তার প্যানেল নয়, একক নির্বাচন পন্থাও এখন ঘোরতর সন্দেহে। তাবিথ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ক্রীড়াঙ্গনে বিএনপির নেতৃবৃন্দ তাবিথের কিরণ-সালাউদ্দিন সখ্যতা ভালোভাবে গ্রহণ করছে না। আবার যদি কোনো কারণে ভোট হয় সেক্ষেত্রে তাবিথকে কিরণ-সালাউদ্দিনের সহায়তাও লাগবে। তাই এক প্রকার উভয় সংকটে রয়েছেন বাফুফের এই সাবেক সহ-সভাপতি।

গতকাল প্রথম দিনে মোট ২৫ টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। যারা মনোনয়নপত্র নিয়েছেন তারা সমমনা। তরফদার রুহুল আমিনকে সভাপতি হিসেবে সমর্থন দেওয়া সংগঠক ও সাবেক ফুটবলাররা এখনো অপেক্ষায় রয়েছেন। তরফদার রুহুল আমিন সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচনে আসলে এক অঙ্ক আর তিনি না আসলে অন্য রকম হিসাব। শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন গ্রহণের শেষ দিন। তাই শনিবার দিনটি বেশ রোমাঞ্চকর হওয়ার অপেক্ষায়।

আজকের মনোনয়ন বিক্রি
সভাপতি: তাবিথ আউয়াল, এ এফএম মিজানুর রহমান চৌধুরী।
সদস্য: মঞ্জুরুল করিম, শফিকুল আজম ভূইয়া ও শরিফ উদ্দিন।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট