গোলের খোঁজে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক : কোস্টারিকার পোস্টে মারা ১৯ শটের একটিও লক্ষ্যে ছিল না ব্রাজিলের। ফাইনাল থার্ডের ফুটবলাররা পারেননি কোস্টারিকার জাল কাঁপাতে। কোপা আমেরিকায় প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ের কারণগুলো খুঁজছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। অনুশীলনে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে আলাদা অনেকক্ষণ কথা বলতে দেখা গেছে তাঁকে। হয়তো রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ডের দিকেই তাকিয়ে ব্রাজিল কোচ।
শুধু ভিনিসিয়ুস নন, রদ্রিগোও হতে পারেন দরিভালের ট্রাম্পকার্ড। গোল না পাওয়াতেই যত চাপে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেই চাপ আরও বেড়ে গেছে কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার কথাও যখন উঠেছে। সব সমালোচনার জবাব দিতে হলে গোলটাই করতে হবে সেলেকাওদের। সেই গোলটি প্যারাগুয়ের বিপক্ষেই চাইছেন সমর্থকরা।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টায় শুরু হতে যাওয়া এ ম্যাচটি ব্রাজিলের জন্য বাঁচা-মরারও। যদি কোনো মতে পা হড়কায়, তাহলে বিদায়ের শঙ্কাও কিন্তু থেকে যাবে। কারণ গ্রুপ ‘ডি’তে এই প্যারাগুয়েকে হারিয়েছে কলম্বিয়া। ব্রাজিল যদি তাদেরই কাছে হোঁচট খায়, তাহলে গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়া পরীক্ষায় পড়তে হবে দরিভাল জুনিয়রের দলকে।
হেড টু হেড
ম্যাচ ব্রাজিল প্যারাগুয়ে ড্র
৮৩ ৫১ ১৯ ১৩
কোপা আমেরিকায় ৯০ মিনিটের লড়াইয়ে কখনোই প্যারাগুয়ের কাছে হারেনি ব্রাজিল। তবে টাইব্রেকারে ঠিকই ২০১১ ও ২০১৫ সালে হৃদয় ভেঙেছিল সেলেকাওদের। এবার যেহেতু গ্রুপ পর্বেই দেখা, তাই অতীতে নির্ধারিত সময়ে প্যারাগুয়ের কাছে না হারার রেকর্ডই ব্রাজিলের প্রেরণা। ৮৩ বারের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিলের ৫১ জয়ের বিপরীতে প্যারাগুয়ে জিতেছে ১৯ ম্যাচে। বাকি ১৩ ম্যাচ হয়েছে অমীমাংসিত।
পরিসংখ্যানে এগিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রের মাটিতে এই ম্যাচে জিততেই হবে তাদের। একটি জয়ই ঘুচিয়ে দিতে পারে সাম্প্রতিক ব্যর্থতা। দলটির তারকা লুকাস পাকুয়েতাও তাই মনে করছেন, ‘আমরা এমন একটি দল, যাদের কাছে জয়ই মুখ্য। আমাদের জন্য জয়টা খুবই প্রয়োজন। সেটার জন্যই প্যারাগুয়ের বিপক্ষে খেলব আমরা। প্রথম ম্যাচ খেলার পর কয়েক দিন বিশ্রাম পেয়েছি। কোস্টারিকার বিপক্ষে কী কী সমস্যা হয়েছে আমাদের, সেগুলো বিশ্লেষণ করেছেন কোচ দরিভাল। ঈশ্বর যদি চায়, অবশ্যই আমরা প্যারাগুয়ের বিপক্ষে জিতব।’
লাস ভেগাসের কন্ডিশন নিয়েও দুশ্চিন্তায় ব্রাজিল। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে অনুশীলন করেছে পুরো দল। ‘এখানে খুবই গরম। যখন আমি প্লেন থেকে বের হই, তখন গরমে অসহ্য হয়ে গিয়েছিলাম। যে কারণে খাবারে আমরা সতর্কতা অবলম্বন করি এবং সন্ধ্যার দিকে অনুশীলন করেছি। আর ম্যাচটি যেহেতু বিকেলে, তাই এই সময়ে অনুশীলনটা আমাদের কাজে লাগবে। তবে আমাদের বেলো হরাইজন্তেও এমন গরম। তাই এখানকার কন্ডিশনের সঙ্গে আমার মানাতে খুব একটা সমস্যা হয়নি’– লাস ভেগাসের কন্ডিশন নিয়ে ব্রাজিলের গুয়েলহেরমা আরানা।











