মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে মুক্তিপণের টাকা দেওয়া হয়েছে জলদস্যুদের

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : ছোট্ট একটি উড়োজাহাজ বারবার চক্কর দিচ্ছিল সোমালিয়ান জলদস্যুদের কাছে জিম্মি থাকা এমভি আব্দুল্লাহ জাহাজের চারপাশে। তখন ২৩ নাবিকের সবাই এলেন জাহাজের ডেকে। হাত তুলে এক ভিডিও বার্তায় কথা বলেন তারা সবাই। ২৩ জন অক্ষত ও নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মালিকপক্ষ মুক্তিপণের টাকা প্রদান করতে সম্মতি দেয়। এরপর ছোট্ট সেই উড়োজাহাজটি তিনটি চক্কর দেয় জাহাজের এক পাশে। প্রতিটি চক্করে সাদা পানি নিরোধক টেপে মোড়ানো ডলার ভর্তি ব্যাগ ফেলা হয় ওপর থেকে। দুটি স্পিড বোটে থাকা ৭ জন জলদস্যু এই তিনটি ব্যাগ সাগর থেকে তুলে নেয়। তারা ব্যাগ বুঝে পাওয়ার পর উড়োজাহাজটি চলে যায়। এর প্রায় আট ঘণ্টা পর বাংলাদেশ সময় রাত তিনটায় জাহাজসহ ২৩ নাবিককে মুক্তি দেয় জলদস্যুরা।

১৪ বছর আগে জলদস্যুদের কবলে পড়া এমভি জাহান মণি জাহাজের ক্ষেত্রে ডলারভর্তি দুটি ব্যাগ উড়োজাহাজ থেকে ফেলা হয়েছিল। কিন্তু এমভি আব্দুল্লাহর ক্ষেত্রে ব্যাগ ছিল তিনটি। বিষয়টি নিয়ে জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করেননি জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের ডিএমডি শাহরিয়ার জাহান রাহাত। তিনি শুধু বলেন, ‘কোড অব কন্ট্রাক্টের কারণে আমরা এ বিষয়ে কিছু বলতে পারব না। নাবিকসহ জাহাজটি মুক্ত হয়েছে এটাই আমাদের বড় স্বস্তির জায়গা। মুক্তিপণ বিষয়ে দয়া করে কিছু জিজ্ঞেস করবেন না।’

সমঝোতার প্রক্রিয়ায় থাকা কেএসআরএম গ্রুপের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, পাঁচ মিলিয়ন ডলারের চেয়ে বেশি হবে মুক্তিপণ। তবে আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বিষয়টি সঠিক নয়। এমভি জাহান মণির চেয়ে অনেক কম মুক্তিপণে (চার মিলিয়ন ডলারের চেয়ে কম) জাহাজটি ছেড়ে দিয়েছে দস্যুরা।’

নাবিকদের স্বার্থ সংরক্ষণকারী সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী জিম্মি ঘটনার শুরু থেকে খোঁজখবর রাখছিলেন। তিনি বলেন, ‘মুক্তিপণ কত তা কেবল জলদস্যু, বিমা প্রতিষ্ঠান ও জাহাজ মালিকরা জানেন। তারা যদি এটা গোপন রাখেন সঠিক তথ্য কেউ পাবেন না। কৌশলগত কারণে এটা প্রকাশ করে না তারা। ১৪ বছর আগে মুক্তিপণ দিয়ে মুক্ত হওয়া এমভি জাহান মনির টাকার অঙ্ক এখনো জানি না আমরা’। তিনি আরও জানান, এটি গোপন রাখার ব্যাপারে বিমা কোম্পানি জাহাজের মালিকপক্ষকে শর্ত দিয়ে রাখে। এটি কখনোই স্বীকার করবে না কোনো পক্ষ। তবে ঘটনা সত্য।

কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত জানান, সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি দশা থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আব্দুল্লাহকে সংযুক্ত আরব আমিরাতে আনা হচ্ছে। জাহাজটি আগামী ১৯-২০ এপ্রিল দুবাই পৌঁছাবে। এরপর জাহাজটিকে সরাসরি চট্টগ্রাম নিয়ে আসা হবে। দুবাইয়ে নোঙর করার পর জাহাজের নাবিকরা ফ্লাইটে বা জাহাজে যেভাবে ইচ্ছা দেশে ফিরতে পারবেন।

আজ রোববার দুপুর ১২টায় কেএসআরএমের আগ্রাবাদস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জাহাজে জলদস্যু ছিল ৬৫ জন। শনিবার মধ্যরাতে বোটে করে তারা চলে যায়। জাহাজটি এখন সংযুক্ত আরব আমিরাতে আসছে।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানাতে চাই। বিদেশি যুদ্ধজাহাজ ফোর্সফুলি জাহাজটি উদ্ধারে যেতে চেয়েছিল। আমাদের সরকার কুইক রেসপন্স করেছে। সাংবাদিকরা সহযোগিতা করেছেন।’

সংবাদ সম্মেলনে কেএসআরএম-এর সিইও মেহেরুল করিম বলেন, ‘জাহাজ দখলে নেওয়ার পর আমরা লোকেশন ট্রাক করতে থাকি। যোগাযোগ শুরুর পর প্রতিদিনই কথা হচ্ছিল। নাবিকরা কেমন আছে, কত তাড়াতাড়ি দস্যুরা জাহাজ ছেড়ে যাবে ইত্যাদি কথা হতো। দুই দিন আগে আমাদের দাবি ছিল, তাই প্রত্যেক নাবিকের ভিডিও নিয়েছি। মুক্তিপণের প্রতিটি কাজ আইনগতভাবে করা হয়েছে। আন্তর্জাতিক নিয়ম মেনে করা হয়েছে। কত ডলার সে বিষয়টি আমরা নানা কারণে বলতে পারছি না। ইউএসএ, ইউকে, সোমালিয়া, কেনিয়ার নিয়ম মানতে হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেএসআএমের ডিএমডি সরোয়ার জাহান, পরিচালক করিম উদ্দিন, মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা