,

নারী ক্রিকেটে এবার ‘মিরপুর কৌশল’

news-image

স্পোর্টস ডেস্ক : নারী ও পুরুষ দু’দলেরই সিরিজ আছে মার্চে। পুরুষদের খেলা শুরু হবে মার্চের প্রথম দিকে, নারীদের খেলা মাঝামাঝি সময়ে। এই দুটি ভিন্ন সিরিজ আয়োজনে ভেন্যু ভাগাভাগির প্রয়োজন ছিল। বিসিবির নারী ক্রিকেট শাখা থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ভেন্যুর যে কোনো একটি চাওয়া হয়েছিল।

ক্রিকেট পরিচালনা বিভাগ নারী দলের জন্য মিরপুর বরাদ্দ রেখে নিজেরা সিলেট ও চট্টগ্রামকে বেছে নেয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশে খেলার সুবিধা কাজে লাগাতে নারী দলকে ছেড়ে দেওয়া হয় মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। নারী চ্যাম্পিয়ন্স লিগের খেলা হওয়ায় এ কৌশল। স্লো, লো ও টার্নিং উইকেট বানিয়ে যাতে অস্ট্রেলিয়াকে হারাতে পারেন নিগার সুলতানা জ্যোতিরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলতে পছন্দ করে নারী দল। ছেলেরা পছন্দ করে মিরপুরে খেলতে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে মিরপুরে সিরিজ জিতেছে বাংলাদেশ। ছেলেদের মতো মেয়েদেরও শেখানো হচ্ছে মিরপুরে কীভাবে দেশে খেলার সুবিধা নিতে হয়। যে শিক্ষা পুরুষ ক্রিকেটকে টি২০ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা ছাড়া ভালো কিছু দেয়নি, সেই ঠকবাজির আমদানি হচ্ছে দেশের নারী ক্রিকেটেও। এই কৌশল গত বছর ভারত নারী দলের বিপক্ষে কাজে লাগিয়ে প্রথমবার ওয়ানডে জিতেছে বাংলাদেশ।

ভারতীয় নারী ক্রিকেটারদের কাছেও বিস্ময় হয়ে ধরা দিয়েছিল মিরপুরের কন্ডিশন। সেদিক থেকে বলাই যায়, গামিনি ডি সিলভা অস্ট্রেলিয়া নারী দলের জন্য মিরপুরের উইকেটকে কঠিন করে বানাবেন। যদিও বিষয়টিকে এভাবে দেখেন না বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস। তিনি বলেন, ‘ছেলেদের মতো মেয়েদের ক্রিকেটেও উন্নত সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সে কারণে নারী দলকে মিরপুর ছেড়ে দেওয়া হয়েছে। তারা যাতে ঢাকায় ম্যাচ বা সিরিজ খেলা থেকে বঞ্চিত না হয়, সেদিকটা মাথায় রেখে এ সিদ্ধান্ত।’

নারী বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ জানান, নিজেরা আলাপ-আলোচনা করে মিরপুরে মেয়েদের সিরিজ রাখার বিষয়টি ঠিক হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) থেকে ঢাকায় ম্যাচ খেলার ব্যাপারে কোনো চাওয়া ছিল কিনা– জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ঢাকা বা সিলেটে খেলতে আপত্তি ছিল না নারী দলের। আমরাই ঢাকাকে বেছে নিই।’

বিসিবির একটি সূত্র বলছে, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে ঢাকার বাইরে সিরিজ রাখার অনুরোধ ছিল। যদিও নিরাপত্তা ইস্যু ছাড়া স্বাগতিকদের পছন্দের ভেন্যুতে খেলতে হয় বিদেশি দলগুলোকে। শ্রীলঙ্কার পছন্দকে গুরুত্ব দেওয়া হয়েছে জানতে চাওয়া হলে জালাল ইউনুস বলেন, ‘আমরা নিজেদের মতো করে ভেন্যু ঠিক করে শ্রীলঙ্কাকে জানিয়েছি। মিরপুরে খেলা না রাখার কারণ হলো অস্ট্রেলিয়া নারী দল খেলতে আসবে। নারী বিভাগের অনুরোধে এটা করা হয়েছে।’

বিপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১ মার্চ। সেদিন ঢাকা পৌঁছাবে শ্রীলঙ্কা। ৪, ৬ ও ৯ মার্চ সিলেটে তিন ম্যাচ টি২০ সিরিজ শেষ করে চট্টগ্রামে যাবে দল। সেখানে ওয়ানডে সিরিজ খেলে সিলেটে পাড়ি জমাবে প্রথম টেস্ট খেলতে। শেষ টেস্ট হবে চট্টগ্রামে। শেষ টেস্টটা ঢাকায় খেলা যেত কিনা– জানতে চাওয়া হলে শাহরিয়ার নাফীস জানান, নারীদের সিরিজ শেষে টেস্টের জন্য উইকেট প্রস্তুত করার জন্য যথেষ্ট সময় থাকবে না। এ কারণে দ্বিতীয় টেস্ট ঢাকায় রাখা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত