সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা বাড়বে
নিজস্ব প্রতিবেদক : এক সপ্তাহ ধরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া কাটিয়ে অবশেষে দেশের বিভিন্ন এলাকায় দেখা মিলেছে সূর্যের। মাঘের ষষ্ঠ দিনে আজ শনিবার ঘন কুয়াশা সরে রৌদ্রোজ্জ্বল দিনের দেখা মিললেও শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ দিনের শুরু থেকে রোদ খেলছে আকাশে, কেটে গেছে বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, গত দুই দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। তবে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘও কেটে গেছে। তাপমাত্রা কমে আজ শনিবার থেকে দেশের কিছু অঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। সারাদেশে শীতের অনুভূতি আজ থেকে আরও বাড়তে পারে।
আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার বুলেটিনের (বার্তা) তথ্যে জানা যায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। রাজশাহী, নওগাঁ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আজ সারাদেশে বাতাসের আর্দ্রতা থাকবে ৯৪ শতাংশ।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সমকালকে বলেন, আজ (শনিবার) রংপুর ছাড়া সারাদেশেই রোদ উঠেছে। ঘন কুয়াশা ও বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। মেঘ কেটে গেছে। ফলে তাপমাত্রা কমবে এবং তা অব্যাহত থাকতে পারে। ফলে সারাদেশেই শীতের অনুভূতি বাড়বে।
তিনি আরও বলেন, চলতি মাসজুড়েই শীত থাকবে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা থাকতে পারে ৯ দশমিক ৭ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও চলতি মাসের ২৪, ২৫ তারিখে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। পরদিন থেকে আবার আবহাওয়া স্বাভাবিক হতে পারে।
আজ দুপুর পর্যন্ত দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সর্বোচ্চ ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড ও সন্দ্বীপে। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি ও সর্বোচ্চ ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।
গতকাল দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি ও সর্বোচ্চ ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
দেশের অনেক অঞ্চলের আবহাওয়া মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি রয়েছে। কোনো অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিনদিন ১০–৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। অবশ্য দেশের কোনো অঞ্চলে গতকাল শৈত্যপ্রবাহ ছিল না।
দেশের বেশ কিছু এলাকায় গতকাল বৃষ্টি হয়েছে। এর মধ্যে নোয়াখালীর হাতিয়া, বাগেরহাটের মংলা, পটুয়াখালী, চট্টগ্রামের সন্দ্বীপ, সাতক্ষীরা, ভোলা, যশোর, খুলনা, কুমিল্লা, রাঙামাটি, চট্টগ্রাম, মাদারীপুর ও গোপালগঞ্জের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। এছাড়া সামান্য বৃষ্টি হয়েছে ফরিদপুর ও বরিশালে। তবে কোনো এলাকাতেই ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৪ মিলিমিটারের বেশি ছিল না।
পঞ্চগড় প্রতিনিধি জানান, গতকাল গোটা জেলায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও বেড়েছে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাস। এতে কনকনে শীত অব্যাহত আছে। তবে টানা আট দিন পর কুয়াশার চাদরে ঢাকা কুড়িগ্রামে গতকাল সূর্যের মুখ দেখা গেছে।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, গতকাল সকাল ১০টার পর থেকে জেলাজুড়ে রোদের ঝলকানি দেখা যায়। ফলে শীতের জবুথবু অবস্থা কাটিয়ে আবার প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে সবখানে। জেলার নৌ-বন্দরগুলো থেকে স্বাভাবিকভাবে নৌযান ছেড়ে গেছে। জেলার আন্তঃনগর ট্রেনটি সঠিক সময়ে ছেড়েছে। সড়কে যানবাহন চলাচলও ছিল স্বাভাবিক।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গতকাল সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতি ছিল ঘণ্টায় ৬ কিলোমিটার ও বাতাসে আর্দ্রতা ৯৮ শতাংশ। তবে ২২ জানুয়ারির পর আরও একটি শৈত্যপ্রবাহ আসতে পারে।











