বিপিএলের ঢোল বাজালেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক : বিসিবি ক্রিকেট উন্মাদনায় মাতার আহ্বান জানিয়ে রেখেছে জাতীয় নির্বাচনের আগেই। পূর্ণাঙ্গ সূচিও ঘোষণা করেছে গেল ডিসেম্বরে। বিপিএল দশম আসরের খেলা হবে ১৯ জানুয়ারি থেকে ১ মার্চ। সূচি পেয়ে ফ্র্যাঞ্চাইজিরাও নিজেদের পরিকল্পনা সাজিয়েছে।
রোববার জাতীয় নির্বাচন শেষ হওয়ায় প্রথম দল হিসেবে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত অনুশীলনের প্রথম দিন থেকেই ছিলেন সাকিব আল হাসান। আঙুলের চোট সেরে যাওয়ায় ফিটনেসের পাশাপাশি হালকা ব্যাটিংও করেছেন তিনি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরদিনই সাকিব মাগুরা থেকে ঢাকায় ফিরেছেন বিপিএলের প্রস্তুতি নিতে। কারণ তাঁর হাত ধরেই শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখা রংপুর রাইডার্সের। সাকিবও নিজের দলের ভালো করার ব্যাপারে আশাবাদী।
বাঁ-হাতের আঙুলে চোট নিয়ে বিশ্বকাপ শেষ না করেই দেশে ফিরেছিলেন সাকিব। হাড়ে চিঁড় থাকায় বিশ্রামে থাকতে হয়েছে লম্বা সময়। নভেম্বর থেকেই ক্রিকেটের বাইরে তিনি। ফিটনেস নিয়ে কাজ করার যেটুকু সুযোগ ছিলে, সেটাও করতে পারেননি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ায়।
কাগজ-কলমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরই শক্তিশালী দল রংপুর রাইডার্স। সাকিবের মতে, ‘স্বাভাবিকভাবেই দলটা ভালো আছে। আমার মনে হয়, ভারসাম্যপূর্ণ দল। একই সঙ্গে অন্যান্য দলও শক্তিশালী। যেহেতু রংপুর রাইডার্স প্রতি বছরই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে, এ বছরও তাদের সেটাই লক্ষ্য থাকবে।’
রংপুরের পর প্রস্তুতি নিতে মাঠে নামবে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের ম্যানেজার আহসানউল্লাহ হাসান জানান, ১৩ জানুয়ারি থেকে সাকিব-মাসকো ক্রিকেট একাডেমিতে অনুশীলন শুরু। নিরবচ্ছিন্ন অনুশীলনের প্রয়োজনে এই ক্রিকেট একাডেমিকে বেছে নিয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বড় মাঠ থাকায় ভালো প্রস্তুতি নিতে পারবে। কুমিল্লা দেশি-বিদেশি মিলিয়ে সেরা দল।
গতবার সেরা চারে থেকে বিদায় নেওয়া ফরচুন বরিশাল অনুশীলনে নামবে ১৪ জানুয়ারি। দেশি-বিদেশি ক্রিকেটারে ঠাসা তারা। ডেভিড মিলার, দীনেশ চান্দিমাল, নুয়ান থুশারার মতো বিদেশি ক্রিকেটার নতুন করে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও মোহাম্মদ আমিরকে পাচ্ছে না তারা। আইএল টি২০ লিগে খেলবেন পাকিস্তানি এ পেসার। বিদেশির চেয়েও দেশের তারকা ক্রিকেটার বেশি বরিশালে। তামিম ইকবালের নেতৃত্বে মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ খেলবেন। পেসার মেহেদী হাসান রানাকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থায়। ফলে বোলিং লাইনআপে শক্তি কিছুটা বেড়েছে। বেশি বিদেশি ক্রিকেটার নেওয়ার কারণ হলো বিপিএলের কাছাকাছি সময়ে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলবে।
বিশেষ করে বিপিএল দেরিতে শুরু করায় পিএসএলের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের আগেভাগে ছেড়ে দিতে হবে। এসব মাথায় রেখে বরিশালের অধিনায়ক তামিম বিকল্প রেখে দিচ্ছেন। কুমিল্লা, রংপুর, বরিশালের মতো শক্তিশালী দল গড়তে পারেনি সিলেট স্ট্রাইকার্স। দেশি ক্রিকেটারদের নিয়ে ১৫ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করবে। তবে দুর্দান্ত ঢাকা ও খুলনা টাইগার্স সম্পর্কে তেমন কোনো খোঁজখবর মিলছে না।











