ব্যাংকগুলোর নগদ টাকার সংকট প্রকট
জিয়াদুল ইসলাম
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে তারল্য সংকট দিন দিন প্রকট হচ্ছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর ধারের পরিমাণও বাড়ছে। গত বুধবার সংকটে থাকা বিভিন্ন ব্যাংক রেকর্ড ২৪ হাজার ৬১৬ কোটি টাকা স্বল্পমেয়াদি ধার নিয়েছে। এর আগে গত ২৫ অক্টোবর সর্বোচ্চ ২৪ হাজার ৪৫৫ কোটি টাকা ধার নেওয়ার রেকর্ড ছিল।
সংশ্লিষ্টরা জানান, খেলাপি ঋণ বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতিতে আমানতের ধীর প্রবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রির কারণে বাজার থেকে বড় অঙ্কের টাকা উঠে আসছে। আবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে ঋণ দিচ্ছে না। সরকার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ নিচ্ছে, যার কারণে তারল্য সংকট তীব্র হয়েছে। ফলে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা ছাড়া দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় এক প্রকার হিমশিম খাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বুধবার সাত দিন মেয়াদি রেপোর বিপরীতে ২৫টি ব্যাংক ও ৩টি আর্থিক প্রতিষ্ঠান নিয়েছে ১২ হাজার ৮৮৩ কোটি টাকা, যার সুদহার ছিল ৭ দশমিক ৮৫ শতাংশ। একদিন মেয়াদি রেপোর বিপরীতে একটি ব্যাংক ৩৬ কোটি ৬১ লাখ টাকা নিয়েছে, যার সুদহার ছিল ৭ দশমিক ৭৫ শতাংশ। শরিয়াহভিত্তিক ৬টি ব্যাংক ৬ দশমিক ৭৫ শতাংশ থেকে ৮ দশমিক ৫০ শতাংশ সুদে ১৪ দিনের মেয়াদে ধার করেছে ৪ হাজার ২৭ কোটি টাকা। ‘স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি’ হিসেবে একটি ব্যাংক ৯ দশমিক ৭৫ শতাংশ সুদে একদিনের জন্য নিয়েছে ২১৫ কোটি টাকা। আর একদিন মেয়াদি তারল্য সুবিধার আওতায় ১৪টি ব্যাংক ৭ দশমিক ৭৫ শতাংশ সুদে নিয়েছে ৭ হাজার ৪৯৯ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, সরকারের বিল ও বন্ডে ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ছে। আবার ডলার বিক্রির বিপরীতে টাকা উঠে আসছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক মানি সাপ্লাই কমাতে পলিসি রেট বাড়িয়েছে, যার কারণে মার্কেটে তারল্য ঘাটতি তৈরি হবে। সেটাই হচ্ছে। এখন যদি কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার না দেওয়া হয়, তাহলে সংকট বাড়বে। তা ছাড়া একবারে সবদিক দিয়ে সংকোচন করা যায় না, যে কারণে বাংলাদেশ ব্যাংক ধার দেওয়া অব্যাহত রেখেছে।
এদিকে বাংলাদেশ ব্যাংক থেকে ধার নেওয়ার পাশাপাশি আন্তঃব্যাংক কলমানিতে এক ব্যাংক আরেক ব্যাংক থেকে ধার করে চলছে। গত বৃহস্পতিবার কলমানিতে লেনদেনের পরিমাণ ছিল ৪ হাজার ২৯৩ কোটি টাকা, যার গড় সুদহার ছিল ৯ দশমিক ১৪ শতাংশ। গত বুধবার এ ধারের পরিমাণ ছিল ৩ হাজার ৭৩৮ কোটি টাকা, যার গড় সুদহার ৯.১৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি বছরের জুনে গড় কলমানি রেট ছিল ৬.০৫ শতাংশ, জুলাইয়ে তা কিছুটা বেড়ে ৬.৪২ শতাংশে দাঁড়ায়। কেন্দ্রীয় ব্যাংকের মূল নীতি সুদহার বা পলিসি রেট বাড়ানোর একদিন পর অক্টোবরে এই কলমানি রেট বেড়ে ৭.২৩ শতাংশ হয়ে যায়। ডিসেম্বরের শুরুতে কলমানি রেট ৮.৫৩ শতাংশে গিয়ে ঠেকে।
মূল্যস্ফীতি কমাতে কেন্দ্রীয় ব্যাংক এ বছর পলিসি রেট বা রেপো রেটের সুদহারে তফসিলি ব্যাংকগুলোকে ধার দেওয়া কয়েক দফায় বাড়িয়েছে। এসব কারণে ব্যাংকগুলোর ফান্ড কস্ট বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে কলমানি বাজারে।
বাংলাদেশ ব্যাংক সর্বশেষ পলিসি রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭.৭৫ শতাংশ করেছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোর ধারকৃত টাকার সুদহারও বেড়ে গেছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আরও সংকোচনমূলক মুদ্রা সরবরাহের পথে হাঁটছে। এ ব্যবস্থায় সংকটে পড়া ব্যাংক উচ্চ সুদে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, পলিসি রেট বাড়ার প্রতিফলন হচ্ছে কলমানি মার্কেটে। এখন টাকা আরও টানটান হয়ে যাবে। যার ফলে ব্যাংকগুলোর বেসরকারি ঋণ প্রবাহ আরও কমবে। তিনি আরও বলেন, কলমানি মার্কেট ছিল ব্যাংকগুলোর জন্য সহজে প্রয়োজন মেটানোর অর্থাৎ তারল্য ব্যবস্থাপনার একটা মাধ্যম। এখানে রেট বেড়ে যাওয়ার অর্থ হলো, ব্যাংকগুলো আরও বেশি সুদে ডিপোজিট সংগ্রহের দিকে ঝুঁকবে।











