,

মেসিকে ‘২০৩৪’ বিশ্বকাপেও দেখতে চান ফিফা সভাপতি

news-image

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি পরবর্তী ২০২৬ আসরে খেলবেন কি না সেটি এক অনিশ্চয়তার প্রশ্ন। মেসি নিজে যেমন এখনই সে দরজা বন্ধ করে ফেলেননি, তেমনি নিশ্চয়তা দেননি খেলার ব্যাপারেও। তবুও এ নিয়ে ফুটবলভক্তদের আগ্রহের কমতি নেই। পরবর্তী বিশ্বকাপ আসর বসবে কানাডা ও যুক্তরাষ্ট্রে। সেখানে মেসি খেলবেন কি না তা নিয়ে নিজের মতামত জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সর্বশেষ কাতার বিশ্বকাপ দিয়ে নিজের ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছেন মেসি। আর্জেন্টিনা ও ক্লাব পর্যায়ের ফুটবলে সম্ভাব্য সব অর্জনই উঠেছে তার ঝুলিতে। এমনকি ব্যক্তিগতভাবেও নেই কোনো অপূর্ণতা। সে কারণে মেসি নিজেও জানিয়েছিলেন যে— তার আর চাওয়ার কিছু নেই। ফলে পরবর্তী বিশ্বকাপে খেলা কিংবা নতুন করে কিছু করার তাড়না কাজ না করাটাই স্বাভাবিক! তবুও সতীর্থ ও কোচ থেকে শুরু করে সবাই আরেকটি বার বিশ্বমঞ্চে দেখতে চান মেসিকে।

তবে ফিফা সভাপতির চাওয়াটা প্রায় অসম্ভব বললেও ভুল হবে না। কারণ তিনি মেসিকে ২০৩৪ বিশ্বকাপ আসরেও দেখতে চাওয়ার কথা জানিয়েছেন। হতে পারে সেটি মজাচ্ছলে! সম্প্রতি একটি সাক্ষাৎকারে মেসিকে বিশ্বকাপে দেখতে চাওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে ইনফান্তিনো বলেন, ‘পরবর্তী আসর, তার পরের বিশ্বকাপ এবং ২০৩৪ সালেও। যতদিন পর্যন্ত সে (মেসি) খেলতে চায়!’

কাতার বিশ্বকাপের পর থেকে মেসি ভবিষ্যৎ নিয়ে যতবারই প্রশ্নের মুখোমুখি হয়েছেন, ততবারই তিনি একেকটি বছর ও টুর্নামেন্টকে কেন্দ্র করে ভাবার কথা জানান। তার আপাতত লক্ষ্য আলবিসেলেস্তেদের হয়ে ২০২৪ কোপা আমেরিকায় খেলা। পরবর্তী সিদ্ধান্ত তিনি নিজের ফিটনেস ও ফর্মের ওপর ভিত্তি করে নিতে চাওয়ার কথা একাধিক বারই বলেছেন। সর্বশেষ গত আগস্টের শেষদিকে ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা জানিয়েছিলেন— এখনই তিন অবসরের কথা ভাবছেন না। তবে এটাও তিনি নিশ্চিত নন যে আর কতদিন খেলা চালিয়ে যাবেন।

তিনি বলেন, ‘আমি বিশ্বকাপ নিয়ে ভাবছি না। আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি না যে আমি সেখানে থাকব না। কারণ, যেকোনো কিছু হতে পারে। মূল কারণ আমার বয়স। আমার সেখানে না থাকাটাই স্বাভাবিক। এরপর দেখা যাবে। যতদিন পর্যন্ত মনে হবে আমি ভালো আছি এবং দলে অবদান রাখতে পারি ততদিন পর্যন্ত আমি খেলা চালিয়ে যাব। এখন আমি কেবল কোপা আমেরিকায় যাওয়ার কথাই ভাবছি। এরপর সময় বলবে আমি সেখানে (বিশ্বকাপে) থাকব কি থাকব না।’

বিশ্বকাপ নিয়ে এখনও না ভাবলেও কোপা আমেরিকা নিয়ে ভাবছেন মেসি। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর নিয়ে আলবিসেলেস্তেদের যে লম্বা পরিকল্পনা সেখানে আছেন মেসি। এমনকি তাকে ঘিরেই শিরোপা ধরে রাখার চক কষছে আর্জেন্টিনা। কোপায় খেলা নিয়ে মেসি বলেন, ‘হতে পারে কোপা আমেরিকায় আমরা ভালো কিছু করব এবং আমাদের সবকিছু ভালোভাবেই চলতে থাকবে। হয়তো এমন হবে না। বাস্তবতার দিক থেকে এটি বলা কঠিন।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট