,

ইসির নির্দেশনা: সারা দেশে পাঁচ শতাধিক থানার ওসি বদলি হবেন

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় দায়িত্বে আছেন এমন ওসিদের বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এ নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে পুলিশ সদর দপ্তর। ঢাকা ও ঢাকার বাইরের পুলিশের বিভিন্ন সূত্রে জানা গেছে, ৬ মাসের বেশি দায়িত্বে আছেন সারা দেশের ৫শর বেশি থানার ওসি। তাদের সবাইকে বদলি করা হবে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সদর দপ্তরের কাছে জানতে চেয়েছে ইসির নির্দেশনা অনুযায়ী কতজন ওসি বদলি হচ্ছেন। সেটি জানাতে বিভিন্ন ইউনিট থেকে বদলি হওয়ার ‘ক্রাইটেরিয়া’য় পড়েন এমন ওসিদের তালিকা পাঠানো হচ্ছে পুলিশ সদর দপ্তরে।

পুলিশ সদর দপ্তর ও নন-ক্যাডার পুলিশ কর্মকর্তাদের সংগঠন ‘পুলিশ অ্যাসোসিয়েশন’ সূত্রে জানা গেছে, সারা দেশে থানার সংখ্যা ৬৩৭। এর মধ্যে মেট্রোপলিটনসহ সারা দেশে পাঁচ শতাধিক থানার ওসি বদলি হচ্ছেন। মেট্রোপলিটন পুলিশের বাইরে রেঞ্জ পুলিশের অধীনে অন্তত ৪২৮ থানার ওসি বদলি হবেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোজাম্মেল হক জানান, কেএমপির মধ্যে ৮টি থানা রয়েছে। এর মধ্যে ইসির নির্দেশনা অনুযায়ী চার থানার ওসিকে বদলির প্রস্তাবনা পাঠানো হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মো. রাশেদুল হাসান জানান, আরএমপিতে ১২টি থানা রয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ছয়টি থানার ওসি বদলির তালিকায় আছেন। ছয়জনের তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে এখানকার ৫০ থানার মধ্যে অন্তত ৩৩ থানার ওসি বদলি হচ্ছেন। রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার ওসিদের বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ডিএমপির ৩৩ থানার ওসিকে বদলি করা হবে। দু’একদিনের মধ্যে বদলির আদেশ হতে পারে।

যোগাযোগ করা হলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গত ৩০ নভেম্বরের নির্বাচন কমিশনের পত্রের আলোকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরিকাল সম্পন্ন হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তাদের অন্যত্র বদলির প্রস্তাব অনুমোদনের জন্য শিগগিরই নির্বাচন কমিশনে পাঠানো হবে।

এর আগে গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে ওসি বদলির একটি নির্দেশনা পাঠান ইসির উপসচিব মো. মিজানুর রহমান।

নির্দেশনায় বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায়/অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন। এ অবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে বিনীত অনুরোধ করা হলো।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব (পুলিশ-১ অধিশাখা) মো. আবুল ফজল মীর জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ সদর দপ্তরের কাছে জানতে চাওয়া হয়েছে ইসির নির্দেশনা ও চাওয়া মোতাবেক কতজন ওসি বদলি হচ্ছেন। এ ব্যাপারে পুলিশ সদর দপ্তর কাজ করছে।

তিনি বলেন, আশা করছি সোমবারের (৪ ডিসেম্বর) মধ্যে কতজন ওসি বদলির তালিকাভুক্ত হচ্ছেন সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য জানা যাবে। ৫ ডিসেম্বরের মধ্যেই ওসি বদলির চূড়ান্ত তালিকা আমরা নির্বাচন কমিশনে পাঠাব।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মেট্রোপলিটন এলাকা বাদে বদলি হওয়ার মতো বিভিন্ন রেঞ্জের অধীন ৪২৮ থানার ওসির তালিকা আমরা পেয়েছি। মেট্রোপলিটন এলাকার থানার ওসির বদলি তথ্য পাওয়ার পর আমরা চূড়ান্ত তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাব। সেখানে যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত তালিকা যাবে নির্বাচন কমিশনে।

নন-ক্যাডার পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি সভাপতি ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জানান, নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা পরিপালন করা হবে।

সারা দেশে কতগুলো থানার ওসি বদলি করা হবে– জানতে চাইলে তিনি বলেন, ছয় মাসের অধিক একটি থানায় কর্মরত ওসিদের বদলির নির্দেশনা দেওয়া হয়েছে। সেই মোতাবেক বদলি করা হবে। সেজন্য তালিকা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট