,

মাদারীপুরে ইলিশের মেলা

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের মস্তফাপুরে বসেছে ইলিশ মাছের মেলা। ব্যবসায়ীরা তাদের মজুদকৃত মাছ বিক্রির জন্য এ মেলার আয়োজন করেছে।

আজ বুধবার বিকেলে মাদারীপুরে একযোগে শহরের ইটেরপুল, পুরান বাজার, টেকেরহাট ও রাজৈরে মাছের মেলার আয়োজন করা হয়।

এ ছাড়া বিকেলে সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ডের পাশে মস্তফাপুর মৎস্য আড়ৎ মাঠে মেলার আয়োজন করা হয়। মেলায় ক্রেতা-বিক্রেতার ভিড় ছিল চোখে পড়ার মতো।

মস্তফাপুর বাজারে গিয়ে দেখা যায়, মেলায় ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়, মাঝারি সাইজের ইলিশ ৮০০ টাকা এবং বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০ টাকা কেজি দরে। মেলায় এক কেজির বেশি ওজনের ইলিশও পাওয়া যাচ্ছে। এমন ইলিশের কেজি ১৭০০ থেকে ২০০০ টাকা।

ইলিয়াছ নামের এক ক্রেতা বলেন, ‘আগামীকাল থেকে ইলিশ মাছ ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে। ইলিশ মাছ আগের মত পাওয়া যায় না, তাই ছোট সাইজের কয়েক কেজি কিনলাম।

রাফিয়া মৎস্য আড়তের মালিক রিপন সরদার জানান, ‘আমাদের মজুদে অনেক মাছ ছিল, তাছাড়া এবার অনেক মাছ ধরা হয়েছে। তাই আমরা এ মেলার আয়োজন করে মাছগুলো বিক্রি করে দিচ্ছি।’

মেলার আয়োজক সূত্রে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার থেকে মা ইলিশের প্রজনন মৌসুমে সরকার নদীতে মাছ শিকার নিষিদ্ধ করেছে। এ ছাড়া গত কয়েক দিনে অনেক মাছ শিকার করেছেন জেলেরা, যা তাদের মজুদে রয়েছে। এ সব কারণে ইলিশ মেলার আয়োজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর