গাজাবাসীর ভাগ্যে কী আছে?
ইসরায়েল-হামাস সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে অবরুদ্ধ গাজা উপত্যকা। এখন পর্যন্ত দুই পক্ষের চার শতাধিক মানুষের মৃত্যুর খবর জানা গেছে। এর মধ্যে অনেক বেসামরিক গাজাবাসীও রয়েছেন। ইতিমধ্যে গাজায় জরুরি পরিষেবা বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। সেখানে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ করবে না বলে জানিয়েছে তেল আবিব। বিশ্লেষকরা মনে করছেন, দশকের পর দশক দুর্ভোগে থাকা গাজাবাসীর সমস্যা আরও প্রকট হতে যাচ্ছে।
শুক্রবার থেকে সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে গাজা। গাজা থেকে হামাসের হাজার হাজার রকেট হামলায় ইসরায়লে নিহতের সংখ্যা বেড়ে ২০০ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় গাজায় নিহত ২৩২ জন ছাড়িয়েছে। উভয় দেশে আহতের সংখ্যা হাজারের বেশি।
এমন অবস্থায় বিদ্যুৎ ও জ্বালানির মতো জরুরি সরবরাহ বন্ধ হওয়ায় আরও বিপাকে পড়েছে গাজার সাধারণ মানুষ। একই সঙ্গে গাজার সাতটি এলাকায় বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাসের হামলার জবাবে অভিযান শুরুর আগে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
গাজা উপত্যকায় ২৩ লাখ ফিলিস্তিনির বাস। ২০০৭ সালে এর নিয়ন্ত্রণ নেয় ফিলিস্তিনি মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস। তখন থেকে এর ওপর অবরোধ বাড়িয়েছে ইসরায়েল ও মিসর। অবরোধের কারণে সেখানে অর্ধেকের বেশি মানুষ বেকার হয়ে পড়ে। ক্ষোভে ফুঁসে ওঠা হামাস হামলা চালায় ইসরায়েলে।
২০২১ সালের ইসরায়েল ও হামাসের মধ্যে সেই ভয়াবহ সংঘর্ষে মীমাংসা হয় মিসর ও কাতারের মধ্যস্থতায়। জাতিসংঘের হস্তক্ষেপে হাজার হাজার গাজাবাসী ইসরায়েলে চাকরির সুযোগ পায়। তবে গাজাবাসীদের ওপর নিপীড়ন অব্যাহত রেখেছিল ইসরায়েলি বাহিনী। বাসিন্দাদের সরিয়ে অবৈধ বসতি গড়ে তুলছিল নিয়মিতভাবেই। এক পর্যায়ে গত মাসে শত শত ফিলিস্তিনি আন্দোলন শুরু করে ইসরায়েলের বিপক্ষে। তখন মনে করা হচ্ছিল হামাসের সায় ছিল এতে। সেই ছোট মিছিল এখন বড় আন্দোলনে রুপ নিয়েছে।
হামাসের মূল সনদে ইসরায়েলি ধ্বংসের কথা উল্লেখ রয়েছে। শুক্রবারের হামলা শুরুর আগে হামাসের কমান্ডার মোহা্মদ দায়িফ ফিলিস্তিনিসহ অন্যান্য আরবদের ইসরায়েল অবরোধ নির্মূল করার লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানান।
এখন বড় প্রশ্ন হচ্ছে, অবরুদ্ধ পশ্চিম তীর কিংবা পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিরা এই ডাকে সাড়া দেবেন কি না। তখন যুদ্ধ আরও বড় আকার ধারণ করতে পরে। বিবিসির সাংবাদিক ইওলান্দে নেল বলেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে যদি লেবাননভিত্তিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামাসের এই ডাকে দেয়।
লেবানেন দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজুল্লাহ। ইতিমধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চলে শাখা খুলে তারা। ২০০৬ সালে এক ইসরায়েলি সেনাকে জিম্মিও করেছিল গোষ্ঠীটি। ইসরায়েলের চিরশত্রু ইরান হামাস ও হিজবুল্লাহকে অস্ত্র ও তথ্য দিয়ে সহায়তা করে।
ইসরায়েলের ইনস্টিটিউ ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের সিনিয়র গবেষক মার্ক হেলার বলেন, মূল প্রশ্ন হলো এরপর কী হবে? প্রায় প্রতি বছরই অবরুদ্ধ এসব এলাকাতে ইসরায়েল সামরিক অভিযান চালায়। কিন্তু কোনো সমাধান আসেনি। এবারের হামলার পর বড় আকারের অভিযান হতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে তা কোনো সমাধান আনবে না।
তবে সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিলডট বলেন, ইসরায়েলের বড় অভিযান থামার কোনো উপায় নেই। বিশেষ করে যখন ইসরায়েলি সেনাদের জিম্মি করা হয়েছে।
ইসরায়েলও এই পরিস্থিতিকে যুদ্ধ বলে ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দীর্ঘ ও কঠিন এক যুদ্ধে রয়েছে ইসরায়েল। ইতিমধ্যে ইসরায়েলি সেনাবাহিনী বিশাল সংখ্যক সেনা মোতায়েন করেছে। গাজায় শুরু করেছে বিমান হামলা। এ ছাড়া স্থল অভিযান চালানোর পরিকল্পনার কথাও জানিয়েছে তারা।
অপহৃত ইসরায়েল সেনা ও বেসামরিকদের হামাস সদস্যরা মানবঢাল হিসেবে ব্যবহার করতে পারে। তবে এতে করে জটিলতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাজারি বলেন, ‘আমরা এখন এই এলাকা পুনরুদ্ধারে ব্যস্ত আছে। গাজা উপত্যকার নিয়ন্ত্রণ আমরা নিয়ে নেব।’
গাজার অনেকাংশের নিয়ন্ত্রণে ইসরায়েলের হাতে থাকলেও মাঝে মাঝেই প্রতিহতের ভূমিকায় থাকতো হামাস। একাধিকবার বিচ্ছিন্ন কিছু সফলতাও পেয়েছে তারা। তবে এবারের ইসরায়েলি অভিযানে পুরোপুরি দখল হয়ে যেতে পারে গাজা। ইতেমধ্যে বেসামরিকদের বাড়ি থেকে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল। হাজার হাজার মানুষ বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে জাতিসংঘ পরিচালিত স্কুলে।
বিবিসি বলছে, প্রশ্ন উঠেছে ইসরায়েলি গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। এত বড় হামলার ব্যাপারে তারা আগে কিছুই টের পেল না কেন? তাতে করে অনেক মানুষের জীবন বাঁচতে পারতো।
৫০ বছর আগে এমনই এক আকস্মিক হামলায় এই অঞ্চলে অস্থিরতা শুরু হয়েছিল। ইসরায়েলের ওপর অনেকটা হুট করেই হামলা শুরু করে মিসর ও সিরিয়া। আবারও এক আকস্মিক হামলায় উত্তাল হয়ে উঠেছে গাজা।
তবে বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, এমন উত্তেজনার আভাস আগে মেলেনি। হামাস ও ইসরায়েল দুই পক্ষই উত্তেজনা সৃষ্টি থেকে বিরত থাকার চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু হামাসের পরিকল্পনা ছিল অন্যরকম। তেল আবিব ও জেরুজালেমে একাধিক রকেট হমলা চালায় তারা। সাগর, স্থল ও আকাশপথে তারা ইসরায়েলে প্রবেশ করে। কয়েক ঘণ্টা ইসরায়েলি নিরাপত্তা চৌকি নিজেদের দখলে রাখে এবং অনেক সেনাকে জিম্মি করে। জিম্মি রাখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও মূল ধারার গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
এই ঘটনায় সাময়িক খুশি হয় গাজার কয়েকজন বাসিন্দা। এক তরুণ বিবিসিকে বলে, ‘আমি খুশি হয়েছি হামাস যা করেছে। আল-আকসায় আমাদের ওপর চালানো নিপীড়নের প্রতিশোধ নিয়েছে তারা।‘
আল-আকসা মুসলিমদের জন্য তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় স্থান এবং সেখানে অবস্থিত টেম্পল মাউন্ট ইহুদীদের জন্য সর্বোচ্চ ধর্মীয় তীর্থস্থান। বছরের পর বছর এই স্থান নিয়ে দুই পক্ষের সংঘাত চলে আসছে।
তবে এবারের সংঘাত নিয়ে বেশি শঙ্কিত গাজাবাসী। এক ব্যবসায়ী বলেন, ‘আমরা শঙ্কিত। ইতিমধ্যে ২০২১ সালের যুদ্ধে আমার পরিবার একটি দোকান হারিয়েছি। এবার তো হামাস আরও বড় হামলা করল। ফলে ইসরায়েল আরও বড় প্রতিশোধ নেবে।’
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, বড় যুদ্ধের পরিণতি হতে পারে ভয়াবহ। বিপুল সংখ্যক ফিলিস্তিনি প্রাণ হারাতে পারে।এই অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও। সৌদি-ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। আর এটা করাই হামাসের হামলার মূল লক্ষ্য হয়ে থাকতে পারে বলে মনে করেন ওয়াশিংটনভিত্তিক সংবাদ বিশ্লেষণ সংস্থা আল মনিটরের বিশ্লেষক আমব্রিন জামান।
তিনি আরও বলেন, হয়তো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনের যে সম্ভাবনা দেখা দিয়েছে তাতে উদ্বিগ্ন ছিল হামাস। একই সঙ্গে এটা তাদের জন্য প্রেস্টিজ ইস্যুও হতে পারে।











