,

আবারও মা-বাবা হচ্ছেন আনুশকা-বিরাট

news-image

বিনোদন ডেস্ক : খুশির খবর দিতে চলেছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। আবারও মা হতে চলেছেন অভিনেত্রী। একাধিক ভারতীয় গণমাধ্যম সূত্র বলছে, আনুশকা শর্মা তিন মাসের বেশি অন্তঃসত্ত্বা।

গত কয়েক মাস ধরেই অভিনেত্রী নিজেকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন। স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি।

‘হিন্দুস্তান টাইম্‌স’এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-আনুশকাকে। সে সময়ে বিরাট নিজে ছবি শিকারীদের ছবি না ছাপার অনুরোধ করেন। পাশাপাশি, এ-ও নাকি জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তার পর থেকেই খবর রটেছে সর্বত্র।

আনন্দবাজারের খবর অনুযায়ী, কোহলি দম্পতি আগেরবারের মতোই এই খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গতবারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি।

সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পুজার অনুষ্ঠানেও শাড়িতে কিংবা ঢিলে‌ঢালা চুড়িদারেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ক্যামেরার থেকে আড়াল রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা ছিল আনুশকার।

২০২০ সালের ২৭ আগস্ট একটি ছবি পোস্ট করে আনুশকা ও বিরাট তাদের সন্তানের আগমনের খবরটি জানিয়েছিলেন সবাইকে। এরপর ২০২১ সালে মেয়ে ভামিকার জন্ম দেন অভিনেত্রী। ওই বছর ১১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আনন্দের খবর শেয়ার করেছিলেন ক্রিকেটার বিরাট কোহলি। সে সময় তিনি লিখেছিলেন, ‘আজ দুপুরে আমাদের কন্যাসন্তান হয়েছে, খবরটা আপনাদের সঙ্গে ভাগ করতে পেরে আমরা উচ্ছ্বসিত। আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনার জন্য। আনুশকা ও সন্তান দুজনেই সুস্থ আছে এবং আমাদের জীবনে এই নতুন অধ্যায় শুরু করতে পেরে আশীর্বাদধন্য। আমরা আশা করছি, এই মুহূর্তে আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে আপনারা সম্মান জানাবেন। অনেক ভালোবাসা।’

প্রায় দু’বছর হয়ে গেল এখনও মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেননি তারা। এর মাঝে ফের খুশির খবর কোহলি পরিবারে।

উল্লেখ্য, আনুশকা শর্মা ও বিরাট কোহলির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২০১৩ সালে। এরপর ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুশকা শর্মা।

 

এ জাতীয় আরও খবর