মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনজীবীরা যে এমন আচরণ করবেন, আমরা প্রত্যাশা করিনি: আইজিপি

news-image

অনলাইন ডেস্ক : বিএনপিদলীয় আইনজীবীদের করা আচরণ পুলিশ প্রত্যাশা করেনি বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন সাত পুলিশ সদস্যকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘আইনজীবীদের হামলায় একজন এডিসি, এসি, ওসি ও একজন পরিদর্শকসহ (তদন্ত) ৭ জন আহত হয়েছেন। দায়িত্ব পালনের সময় তারা আহত হয়েছেন। তাদের কর্মসূচি পালনের সময় আমরা তাদের বার বার বিনয়ের সঙ্গে অনুরোধ করেছি জনসন রোডের রাস্তাটা ব্লক করা ঠিক হবে না। কিন্তু তারা আমাদের কথায় কর্ণপাত না করে রাস্তায় বসতে চেয়েছিলেন।’

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আমরা তাদের বলেছি, এটা আপনারা পারবেন না, তখন তারা পুলিশ সদস্যদের ওপরে হামলা করেছে। তাদের হামলায় আমাদের লোকজন আহত হয়েছে। তারা সবাই আইনজ্ঞ মানুষ, বিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে আমরা আরও দায়িত্বশীল আচরণ আশা করছিলাম।’

এ বিষয়ে কোনো মামলা করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘যারা এর সঙ্গে জড়িত, আমরা ভিডিও ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘যখন যে সমস্যা আসে সেটার ভিত্তিতে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আমরা আশা করেছিলাম, আজকে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি থাকবে। তারা যে হঠাৎ করে এমন আচরণ করবেন সেটা আমরা প্রত্যাশা করিনি।’

তিনি বলেন, ‘আগামীতে যখন তারা এ ধরনের কর্মসূচি করতে চাইবে, আগে থেকে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব। তখন যদি তাদের মধ্যে এগ্রেসিভ লক্ষণ থাকে তখন আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

উল্লেখ্য, আজ বেলা সাড়ে ১২টার দিকে ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপিদলীয় আইনজীবীদের পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ঢাকা আইনজীবীর সমিতির মূল ফটকের সামনে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের উল্টো দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষের ঘটনায় কোতয়ালী জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহিত কবির সেরনিয়াবাতসহ ৫-৬ জন পুলিশ সদস্য আহত হন। অন্যদিকে, বিএনপি দলীয় আইনজীবীদের দাবি, পুলিশের লাঠিচার্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অর্ধশতাধিক নেতাকর্মী আইনজীবী আহত হন। যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘এটা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেলের নির্দেশে আজ পুলিশ বাহিনী আইনজীবীদের ওপর হামলা চালিয়েছে। এ হামলা শুধু আইনজীবীদের ওপর হামলা না, আইনের শাসন, মানবাধিকারের ওপর হামলা। আমরা এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আইনজীবী প্রতিজ্ঞাবদ্ধ, যতদিন পর্যন্ত সরকারের পতন না হবে ততদিন তারা ঘরে ফিরে যাবে না।’

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘আইনজীবীরা সাধারণত আদালত অঙ্গনে কর্মসূচি পালন করেন। তারা আজ আদালতের বাইরে মেইন রোডে কর্মসূচি পালন করছে। আমরা অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত ছিলাম। কিন্তু তারা অতি উৎসাহী হয়ে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এতে আমাদের কয়েকজন সদস্য আহত হন। এ ঘটনার পর আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের