,

এই সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে : জামালপুরের ডিসি

news-image

জামালপুর প্রতিনিধি : জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদ বলেছেন, এই সরকার যে উন্নয়ন করেছে সেটির ধারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার।

গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নানা সমালোচনা শুরু হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, যোগদানের সময় আমি শুনেছি আমার নিজ জেলা খুলনা থেকে ৫০০ কিলোমিটার দূরে একটা অনুন্নত জেলায় যাচ্ছি। কিন্তু যোগদানের পরে এসে আমি দেখলাম যে এই অনুন্নত জেলা পরিবর্তন করে দিয়েছে আমাদের আজকের প্রিয় প্রধান অতিথি (সংসদ সদস্য মির্জা আজম)। এটাকে আধুনিক উন্নত জেলায় রূপান্তরিত করেছেন উনার দীর্ঘ কর্মজীবনে। আমরা তার জন্য একটা করতালি দিতে পারি। আমি আসলে এই জেলা নিয়ে স্টাডি (অধ্যয়ন) করে দেখেছি, এই জেলায় এক সময়ে যমুনা, বহ্মপুত্র, ঝিনাই নদী কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করা যেত না। এ জেলা বন্যা ও নদী ভাঙন এবং দেশের তৃতীয় দরিদ্রতম জেলা হিসেবে পরিচিত হয়েছিল। সেই অবস্থা থেকে একজন মানুষ তার এক জীবনে দীর্ঘ অক্লান্ত পরিশ্রমে এ জায়গাকে পরিবর্তন করেছেন। তাকে কাছে থেকে না দেখলে ও জেলায় না আসলে বুঝতে পারতাম না। আপনাদের সৌভাগ্য আপনারা এমন একটা নেতা পেয়েছেন‌।

তিনি আরও বলেন, মেলান্দহ থেকে এখানে আমি ৩০-৪০ মিনিটে এসেছি। আমি শুনেছি এখান থেকে তিন চার ঘণ্টায়ও যাওয়া যেত না। আর আজকে ৩০ মিনিটে যাচ্ছেন আবার ৩০ মিনিটেই চলে আসছেন। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে। তিনি সমস্ত জীবন এদেশের মানুষের জন্য, এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই বঙ্গমাতাসহ সকল শহীদদের প্রতি।

জেলা প্রশাসক ইমরান আহমেদ বলেন, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমাদের স্বাধীনতা অনেক কষ্ট করে অর্জিত হয়েছে। স্বাধীনতার সুফল আজকের যোগাযোগ উন্নয়ন, যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এই সরকার যে উন্নয়ন করেছে সেটির ধারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি, আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না। আমি এটি বিশ্বাস করি। উন্নয়ন অব্যাহত থাকবে, উন্নয়ন হতে থাকবে। এক সময় আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হব। আমি আরও আশা করি সামনের নির্বাচনের পরে আমাদের সম্মানিত প্রধান অতিথি অবশ্যই এই জেলার আরও ব্যাপক উন্নয়ন করবেন। আশা করি ও বিশ্বাস করি এটা হবে ইনশাআল্লাহ।

জেলা প্রশাসকের এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সচেতন নাগরিকরা বলছেন, সরকারি কর্মকর্তা হয়ে সরকারের পক্ষে ভোট চাওয়া বা সরকারকে পুনরায় নির্বাচন করার অঙ্গীকার করানো কোনোভাবেই ঠিক নয়।

এ বিষয়ে জানতে জামালপুরের জেলা প্রশাসক ইমরান আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

মাদারগঞ্জ পৌরসভার প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মির্জা আজম। এছাড়াও জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক ইমরান আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান