গুম নিয়ে তদন্তে জাতিসংঘকে সহায়তা করুন, সরকারকে এইচআরডব্লিউ
নিউজ ডেস্ক : বাংলাদেশে ‘নিরাপত্তা বাহিনীর হাতে’ গুমের ঘটনার তদন্তে স্বাধীন কমিশনকে সহযোগিতা করার জন্য কর্তৃপক্ষের উচিত জাতিসংঘের প্রস্তাব গ্রহণ করা। অবশ্য সরকার গুমের ঘটনার অভিযোগ বারবারই অস্বীকার করছে এবং এর পরিবর্তে নিখোঁজরা আত্মগোপনে রয়েছেন বলে ‘প্রহসনমূলক’ দাবি করে আসছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) মঙ্গলবার বিবৃতিতে এ কথা বলেছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নিজেদের ওয়েবসাইটে এ বিবৃতি দিয়েছে সংস্থাটি।
গত বছরের আগস্টে বাংলাদেশ সফর করেছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক তৎকালীন হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। সে সময় তিনি বিচারবর্হিভূত হত্যা ও নির্যাতনের ঘটনা তদন্তে সহায়তার প্রস্তাব দেন। এ বিষয়ে সরকারকে আন্তর্জাতিক মানের সহযোগিতা দিতে জাতিসংঘ প্রস্তুত আছে বলেও জানিয়েছিলেন তিনি।
বাংলাদেশি মানবাধিকার পর্যবেক্ষকদের বরাত দিয়ে এইচআরডব্লিউ বলছে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে ২০০৯ সাল থেকে ৬০০ জনেরও বেশি গুম হয়েছেন। কিছু লোককে পরে মুক্তি দেওয়া ও আদালতে হাজির করা বা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষের সময় মারা গেছে বলে বলা হয়। এখনও প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেন। মানবাধিকার সংস্থাটির দাবি, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে গুমের অভিযোগ তদন্তে সহায়তা করার জন্য সরকার জাতিসংঘের প্রস্তাব গ্রহণ করতে অস্বীকার করেছে।
এইচআরডব্লিউর সিনিয়র এশিয়া গবেষক জুলিয়া ব্লেকনার বলেন, ‘বাংলাদেশ কর্তৃপক্ষ গুমের বাস্তবতা অস্বীকার করে কাউকে বোকা বানাতে পারছে না এবং এতে বরং নিজেদের প্রিয়জনের অবস্থান জানতে মরিয়া পরিবারগুলোর কষ্টকে আরও দীর্ঘায়িত করা হচ্ছে।’
সংস্থাটি বলছে, গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকায় র্যাবসহ বাহিনীটির শীর্ষ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ২০২১ সালের ডিসেম্বরে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপরও স্বাধীনভাবে এবং স্বচ্ছভাবে গুমের অভিযোগ তদন্ত করার পরিবর্তে বাংলাদেশ কর্তৃপক্ষ ভুক্তভোগীদের পরিবারকে হয়রানি করছে ও ভয় দেখাচ্ছে। এমনকি ক্ষমতাসীন দলের সমর্থকরা এবং কর্তৃপক্ষ বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করতে কূটনীতিকদের বাধা দিয়েছে।
জুলিয়া ব্লেকনার বলেন, বাংলাদেশ সরকার কোনো বাহিনীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আন্তরিক হলে তাদের জবাবদিহির বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত। আর জবাবদিহি শুরু হয় এটাই স্বীকার করার মাধ্যমে যে গুম হচ্ছে এবং সামনে আসা অভিযোগের তদন্ত স্বচ্ছ ও স্বাধীনভাবে করা হচ্ছে।











