সাকিবের চোখে নতুন স্বপ্ন
ক্রীড়া প্রতিবেদক : ওয়ানডে অধিনায়ক হওয়ার পর প্রথমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালেন সাকিব আল হাসান। এশিয়া কাপ খেলতে দেশছাড়ার আগে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়েছিলেন তিনি। অধিনায়কত্ব পাওয়ার প্রক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘পাপন ভাইয়ের সঙ্গে কথা হলো, আলোচনা হলো। তার পর তো পাপন ভাই ঘোষণা করল।’
২০০৬ সালে ওয়ানডেতে অভিষেক হওয়া সাকিব অল্প বয়সেই অধিনায়কত্বের আর্মব্যান্ড পেয়েছিলেন। ২০০৯ সালে প্রথমবার ওয়ানডের দায়িত্ব পান তিনি। তার নেতৃত্বে ২০১১ বিশ^কাপে অংশগ্রহণ করে ‘বি’ গ্রুপে ছয় ম্যাচে তিনটি জয় পেয়েছিল বাংলাদেশ। সাকিব মনে করেন, ওই দল (বিশ্বকাপ) থেকে এই দল (এশিয়া কাপ) অনেক ভালো। তিনি বলেন, ‘সেটা অল্প বয়সে (অধিনায়কত্ব) ছিল, সেটা আমার জন্য অভিজ্ঞতা ছিল। এখন যেহেতু অনেক বড় অভিজ্ঞতা আছে, আমার কাছে মনে হয় ওই দল থেকে এই দল অনেক ভালো। সেক্ষেত্রে আমাদের ভালো করার সম্ভাবনাটাও অনেক বেশি। প্রত্যাশা করব যে, আমি যেন ওই রকমই কিছু একটা করতে পারি।’
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের আসর। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা ও আফগানিস্তান। এ টুর্নামেন্টে একাধিকবার ফাইনাল (২০১২, ২০১৬, ২০১৮) খেললেও কখনই চ্যাম্পিয়ন হতে পারেননি টাইগাররা। এবার বড় স্বপ্ন তাদের। সাকিব নিজেও আশাবাদী। তবে ম্যাচ ধরে ধরে এগোতে চান তিনি। আরও নির্দিষ্ট করে বললেÑ গ্রুপপর্বে শ্রীলংকা ও আফগানিস্তান ম্যাচ ঘিরেই এখন যাবতীয় ভাবনা তার। সাকিব বলেন, ‘এখন সব কিছুতেই এশিয়া কাপের ভাবনা। আরও ছোট করে বলতে গেলে- আফগানিস্তান ও শ্রীলংকা নিয়ে ভাবছি। বিশ্বকাপেরটা পরে ভাবা যাবে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। সাকিবের আগে তিনি গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এশিয়া কাপ নিয়ে কোচ ও অধিনায়কের সুর একই- গ্রুপপর্বের বাধা পার হওয়া। হাথুরুসিংহে বলেন, ‘অবশ্যই আমাদের প্রথম লক্ষ্য দ্বিতীয় রাউন্ডে (সুপার ফোর) খেলা।’
আগামী ৩১ আগস্ট ক্যান্ডিতে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। গ্রুপপর্বে দ্বিতীয় ও শেষ ম্যাচটি তারা খেলবে ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে আফগানিস্তানের বিপক্ষে। শ্রীলংকা ও আফগানিস্তান ম্যাচ সহজ হবে না বলে মনে করছেন বাংলাদেশের লংকান কোচ। তবে প্রতিপক্ষের চ্যালেঞ্জ নিতে তারা প্রস্তুত বলে জানিয়েছেন হাথুরুসিংহে। তিনি বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে খেলা শ্রীলংকায়। দেশের কন্ডিশনে তারা খুব ভালো দল। এর পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলব আমরা। সম্প্রতি ওরা আমাদের এখানে খেলেছে এবং সিরিজ (২-১) জিতেছে। চ্যালেঞ্জ তাই অবশ্যই অনেক বড়। তবে আমরাও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’
এশিয়া কাপের জন্য গত ১২ আগস্ট ১৭ জনের দল ঘোষণা করে বিসিবি। এর পর থেকেই হাথুরুসিংহের অধীনে মিরপুরে পুরোদমে অনুশীলন করেছেন দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। তবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও শ্রীলংকার লংকা প্রিমিয়ার লিগে খেলার কারণে দলগত অনুশীলনে যোগ দেওয়া হয়নি সাকিবের। গত বৃহস্পতিবার মাঠে এসেছিলেন তিনি। কিছু সময়ের জন্য কোচিং স্টাফের সদস্য ও ক্রিকেটারদের সঙ্গে বিশেষ বৈঠক করেন সাকিব। সতীর্থরা সবাই তার চেনা-জানা। এশিয়া কাপের আগে দলগত অনুশীলন না করলেও সবার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক। সাকিব বলেন, ‘আমাদের দলে যারা আছেন, বেশির ভাগকেই আমি অনেক দিন ধরে চিনি। বেশির ভাগই আমার অধীনে খেলেছেন, না হয় আমি তাদের অধীনে খেলেছি। মানিয়ে নেওয়ার ব্যাপারটা যে কঠিন হবে, তা আমার মনে হয় না।’
এশিয়া কাপ সামনে রেখে মিরপুরে ‘ক্লোজ ডোর’ অনুশীলন করেছে বাংলাদেশ। শ্রীলংকা ও আফগানিস্তান ম্যাচ সামনে রেখে ‘ডামি ম্যাচ’ খেলে নিজেদের প্রস্তুত করেছেন হাথুরুসিংহের শিষ্যরা। দলের প্রস্তুতিতে সন্তুষ্ট সাকিব। তিনি বলেন, ‘কোচ (হাথুরু) যেটা বললেন যে, খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমিও যতদূর কথা বলেছি এবং জেনেছি যে, সবাই খুব ভালো প্রস্তুত অবস্থায় আছে।’ পুরোপুরি ফিট হয়ে না ওঠায় এশিয়া কাপের দলে থাকলেও বাদ পড়তে হয়েছে এবাদতকে। এই পেসারের না থাকাটা দলের জন্য ‘ধাক্কা’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক। সাকিব বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এবাদত আমাদের দলের অংশ হতে পারছে না। দলের গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল সে। সেই জায়গা থেকে আমাদের জন্য এটা একটু ধাক্কা। তার পরও যে ধরনের প্রস্তুতি ও স্কোয়াড আমাদের আছে, আমার মনে হয় যে আমরা অনেক দূর যেতে পারব।’ লংকা প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে লাগবে বলে মনে করেন সাকিব। ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ব্যাটিংবান্ধব হবে বলে ধারণা তার। তিনি বলেন, ‘এশিয়া কাপে পাল্লেকেলেতে আমাদের প্রথম খেলা শ্রীলংকার সঙ্গে। ওখানে সাধারণত আগের রেকর্ড ব্যাটিং পিচ হয়ে থাকে। ব্যাটসম্যানরা রান করার সুবিধা পায়, বোলারদের জন্য অনেক চ্যালেঞ্জিং।’
এবার এশিয়া কাপের যৌথ আয়োজক পাকিস্তান ও শ্রীলংকা। বাংলাদেশ প্রথম ম্যাচটি খেলবে শ্রীলংকায়। মাঝে দুই দিনের বিরতি। দ্বিতীয় ম্যাচের ভেন্যু পাকিস্তান। খেলোয়াড়দের ভ্রমণজনিত ক্লান্তির বিষয়টি তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে। তবে বাস্তবতা মেনে নিচ্ছেন কোচ হাথুরুসিংহে। প্রতিপক্ষের পাশাপাশি ভ্রমণজনিত ক্লান্তির চ্যালেঞ্জ নিতেও তারা উন্মুখ হয়ে আছেন বলে জানিয়েছেন। হাথুরুসিংহে বলেন, ‘সাধারণত কোনো টুর্নামেন্টের ভেতর এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে হয় না। অবশ্যই এটা আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ। তবে দুই দলের জন্যই এটা বাস্তবতা। আমরা সেই চ্যালেঞ্জ জিততে মুখিয়ে আছি।’











