সব দোষ পরীর?
বিনোদন প্রতিবেদক : সব দোষই পরীর! আর সেই কথার জানান-ই বারবার দিচ্ছে খবরের শিরোনামগুলো। ঢাকাই সিনেমার সুন্দরী এই নায়িকার শুরুটা হয়েছিল ২০১৫ সালে। ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে। এরপর অভিনয় আর রূপে-গুণে অল্প ক’দিন পরীর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সবখানে। একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে তাক লাগিয়ে দেন পরীমণি। শুরুর পথটা সুন্দর থাকলেও জনপ্রিয়তাই কঠিন করে তোলে পরীর আগামীর পথটা। যা নিয়ে হয়েছে অনেক আলোচনা-সমালোচনাও।
যাক সেসব পেছনের কথা। বর্তমান সময়ে এসেও এই নায়িকার পিছু ছাড়েনি আলোচনা-সমালোচনা। ঘুরে ফিরে বারবার আসে পরীর নাম। ২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে অভিনেতা শরিফুল রাজকে গোপনে বিয়ে করেন পরী। তবে বিষয়টি প্রকাশ্যে আসে পরের বছর ১০ জানুয়ারি। আর বিয়ের খবরটি প্রকাশ্যে আসে মা হওয়ার খবর দিয়ে। এখানেও এক শ্রেণির মানুষ দোষ খুঁজে পরীমণির। কেন এতদিন সে গোপন রেখেছিল বিয়ের সংবাদটি?
পরীর বড় পরিবর্তন আসে মা হওয়ার পর। একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর মুখের দিকে তাকিয়ে সকল কষ্ট ভুলে যান পরী। স্বামী-সন্তান নিয়ে নতুন করে স্বপ্ন বোনে এই চিত্রনায়িকা। ফেলে আসা সকল আলোচনা-সমালোচনাকে পাশ কাটিয়ে নতুন করে চলতে শুরু করেন তিনি। ভালো চলছিল দিনগুলো।
কিন্তু সে সংসারে অশান্তি বাসা বাঁধে অল্প ক’দিনে। স্বামী রাজের সঙ্গে অন্য নায়িকাদের জড়িয়ে গত বছর নভেম্বরে খেপিয়ে তোলা হয় পরীকে। যা নিয়ে খবরের পাতাও ছিল বেশ সরগরম। সবশেষ, দোষটা আসে পরীর কাঁধেই। তাকে নিয়ে কথা বলেন, অন্য নায়িকারাও।
পরীমণিকে যারা চেনেন তারা জানেন, মাথা গরম তার! কিন্তু সেই দৃশ্যটা পাল্টে ভালোবাসায় রূপ নিতে খুব বেশি সময়ও লাগে না এই অভিনেত্রীর। এও শোবিজের সবার জানা। আর সমাজে কথিত আছে, সংসার সুখী রাখতে ‘সেক্রিফাইস’ খুব জরুরি। তাহলে রাজ-পরীর কলহের শুরুতে যদি কোনো একটা পক্ষ চুপ থাকে, তাহলেই কী সমাধান হয় সবকিছু? রাজ কী সেই ভূমিকায় নিয়েছে! নাকি সব দোষ পরীর বলেই চালিয়ে দেওয়া হয়?
এই দুই তারকার ব্যক্তিজীবনের প্রসঙ্গগুলো যখন প্রকাশ্যে আসে, তখন পরীর নামটাই বেশি শোনা যায়। আর রাজের ভাষ্যও, ব্যক্তিজীবনের বিষয়গুলো পরীই প্রকাশ্যে আনে। যা মোটেও পছন্দ না রাজের। এখানেও সব দোষ পরীর!
সবশেষ পরীর ওপর রাগ করে রাজ যখন বাসা থেকে বেরিয়ে গেল, তখনো বলা হয় দাম্পত্য কলহের মূলে ছিল পরী। কারণ, তিনি বেডরুমের বিষয়গুলো চার দেয়ালের মধ্যে রাখেনি। আর এই অভিমানেই রাজ ছুটি চেয়েছে পরীর জীবন থেকে! সন্তানের দিকে তাকিয়ে ভেজা চোখে এর সমাধান চেয়েছিল এই ডানাকাটা’ পরী। সেসময় এগিয়ে আসার আহ্বানও জানান রাজের পরিবারকে।
বিভিন্ন সংবাদমাধ্যমে ইতিমধ্যেই পরী বলেছেন, তিনিও আট-দশটা সাধারণ বাঙালি নারীর মতো হতে চেয়েছেন। স্বামী-সন্তান নিয়ে সুখ খুঁজেছেন। কিন্তু তার ভাগ্যটাই খারাপ। হ্যাঁ, পরীর ভাগ্যটাই খারাপ। ভাঙা সংসার জোড়া লাগতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। সবশেষ যখন অভিমান ভুলে এক হলেন রাজ-পরী, পরদিনই খবরে আসল- রক্তাক্ত রাজ আর হাসপাতালে পরী।
এখানেও একটি পক্ষ বলছে, কথা কাটাকাটির এক পর্যায়ে পরী নাকি রাজের মাথায় আঘাত করেছে! আর সে কারণেই রাজের মাথা ফেটে গেছে। যেখানে প্রয়োজন হয়েছে চারটি সেলাই। আর পরীর হাত কেটেছে। যার কারণে তাকেও ভর্তি হতে হয়েছে হাসপাতালে। এবারও পরীকে ভর করে সংবাদ প্রকাশ হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে।
রাজ আড়ালে থাকার কারণে তার কোনো বক্তব্য নেওয়া যাচ্ছে না। অন্যদিকে পরী জানিয়েছেন ‘জ্বর’র কথা। সক্রিয় আছেন ফেসবুকে। তাই ঘুরে ফিরে সংবাদের শিরোনামে ‘পরী’র নামটাই বেশি শোনা যাচ্ছে। এখানেও সব দোষ পরীর!
রাজ-পরীর এবারের ঘটনার সত্যতা দুদিন পর ঠিকই প্রকাশ্যে আসবে। তখনো কী সব দোষ পরীর- এমনটাই শোনা যাবে? বারবার কেন নায়িকার নাম? এর পেছনে বড় একটি কারণ- সংসার টিকিয়ে রাখতে পরীর প্রাণপণ চেষ্টা। আর পরীর রাগ। এই দুই কারণেই পরীকে নিয়ে এত আলোচনা-সমালোচনা। দিন শেষে দেখা যাবে, সব দোষের বোঝাটা এবারও এই অভিনেত্রীকেই টানতে হবে!











