সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্থবির রাজধানী, যানজটে দুর্ভোগে নগরবাসী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি দেশজুড়ে সন্ত্রাস-নৈরাজ্য চালাচ্ছে দাবি করে এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে দুপুরে শান্তি সমাবেশ ও শোভাযাত্রা করে আওয়ামী লীগ। একই দিন সকালে সরকার পতনের একদফা দাবিতে রাজধানীতে পদযাত্রা করে বিএনপি। আর বড় দুই দলের কর্মসূচির চাপে পড়ে ভ্যাপসা গরমের মধ্যে সারাদিন তীব্র যানজটে চূড়ান্ত ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। বিশেষ করে বিকেলে অফিস ছুটির সময় মতিঝিল, পল্টন, গুলিস্তান, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, শাহবাগ, মৌচাক, মগবাজার, বাংলামটর, এলিফ্যান্ট রোডসহ বিভিন্ন এলাকার সড়ক যেন স্থবির হয়ে পড়ে। এ ছাড়া গাবতলী থেকে বিএনপির পদযাত্রা যেসব সড়ক দিয়ে গেছে, সেসব এলাকায়ও দেখা দেয় যানজট। বাধ্য হয়ে অফিস বা ঘরমুখো অনেককে বাস, রিকশা, সিএনজি অটোরিকশা কিংবা ব্যক্তিগত গাড়ি থেকে নেমে হাঁটতে দেখা যায়। যানজটে স্কুলগামী ছেলেমেয়েরাও চরম ভোগান্তির শিকার হয়।

দুপুর দেড়টায় মালিবাগ মোড়ে কথা হয় তিনজনের সঙ্গে। গরমে ঘেমে একাকার ক্ষুব্ধ সামছুল হোসেন বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে রাস্তা দখল করে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। মগবাজার মোড় দখল করে বিএনপি নেতাকর্মীর কর্মসূচি পালনের কারণে ওই সড়ক বন্ধ হয়ে গেছে। ফলে কোনো যানবাহন না পেয়ে তিনি হাঁটা শুরু করেছেন। সেলিম উদ্দিন নামে আরেক পথচারী জানান, তাঁর বাড়ি আমিনবাজারে। স্থানীয় মুদি দোকানি তিনি। সকাল ১০টায় বাসা থেকে বের হওয়ার পর গাবতলীতে বিএনপির পদযাত্রার মুখে পড়েন। দীর্ঘক্ষণ বাস আটকা থাকায় নেমে হাঁটা শুরু করেন। পরে টেকনিক্যাল মোড়ে এসে বাসে ওঠেন, নামেন বাংলামটর। সেখানে কাজ সেরে দুপুর ১টার দিকে মালিবাগের উদ্দেশে রিকশা নিতে গেলে মগবাজার রাস্তা বন্ধ থাকায় কেউ রাজি হয়নি। পরে হাঁটা শুরু করেন।

রমনা পার্ক এলাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শান্তি সমাবেশ ও শোভাযাত্রায় যোগ দিতে দুপুরের আগ থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। ফলে মৎস্য ভবন থেকে শাহবাগ পর্যন্ত দুই পাশ বন্ধ হয়ে যায়। এই সড়কের যানবাহন বিকল্প রাস্তা ব্যবহার করে। শাহবাগে বাস থেকে নেমে অনেকেই ফুটপাত ধরে মৎস্য ভবনের দিকে হাঁটা শুরু করেন। একইভাবে মৎস্য ভবন থেকে সড়ক বন্ধ থাকায় শাহবাগের দিকে হাঁটা শুরু করেন অনেকে। তীব্র যানজট ছড়িয়ে পড়ে আশপাশ এলাকায়। শোভাযাত্রাটি শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি, সিটি কলেজের সামনের সড়ক হয়ে ধানমন্ডি ৩২ এ গিয়ে শেষ হয়। এ সময় ওই এলাকাগুলোতেও সৃষ্টি হয় তীব্র যানজটের। ট্রাফিক রমনা বিভাগের শাহবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার শেখ মুত্তাজুল ইসলাম জানান, দুপুর ২টায় শাহবাগ থেকে মৎস্য ভবন সড়কের দুই পাশ বন্ধ ছিল। শোভাযাত্রা যাওয়ার পর বিকেল সাড়ে ৫টায় রাস্তা খুলে দেওয়া হয়।

বাংলামটরে কথা হয় মিরপুর রুটের একটি বাসের চালক আবুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, বাস নিয়ে বিএনপির পদযাত্রার পেছনে পড়েছিলেন। কারওয়ান বাজার হয়ে পদযাত্রাটি এফডিসির দিকে চলে গেলে কিছুটা স্বস্তি পান। অবশ্য যাত্রীরা যানজটের কারণে মাঝপথেই নেমে গেছেন। বিআরটিসির একটি বাসের চালক জুয়েল আহমেদ জানান, তাঁর গাড়ির রুট মিরপুর ১ ও ১০ নম্বর গোল চত্বর, কাজীপাড়া হয়ে গুলিস্তান। পদযাত্রার কারণে গতকাল শ্যামলী, কল্যাণপুর রুট বেছে নেন। দুপুর আড়াইটার দিকে পদযাত্রা নিয়ে বিএনপি নেতাকর্মীরা বিজয় সরণি এলে ওই এলাকায় যানজট সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী