রাশিয়ার ৯০ বিলিয়ন ঘনমিটার গ্যাসের ক্রেতা নেই
অনলাইন ডেস্ক : যুদ্ধের পর রাশিয়া গ্যাসের নতুন বাজার খুঁজছে। ইউরোপের বাজার থেকে সরে আসার ধাক্কা সামলাতে রাশিয়ার ভেতর যেসব অঞ্চলে এখনো অভ্যন্তরীণ গ্যাস নেটওয়ার্ক পৌঁছেনি, সেখানে নতুন করে গ্যাস সংযোগ দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এরপরও এখনো ৯০ বিলিয়ন ঘনমিটার গ্যাসের কোনো ক্রেতা নেই। ফলে বড় নিষেধাজ্ঞার মুখে থাকা রুশ অর্থনীতির ওপর তা আরও বেশি চাপ সৃষ্টি করেছে। এ বছর গ্যাসের দাম ৫০ শতাংশ কমে যাওয়ায় দেশটির আয়ও কমে গেছে।
যুদ্ধের আগে রাশিয়ার বাজেটের অর্থের এক-তৃতীয়াংশের বেশির উৎস ছিল এই তেল ও গ্যাস রপ্তানি থেকে পাওয়া আয়। তেলের বাজার ঠিক থাকলেও গ্যাস-রাজস্বের ক্ষেত্রে রাশিয়ার সরকার ও দেশটির সবচেয়ে বড় গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম উভয়ই ক্ষতির মুখে পড়েছে।
২০২২ সালের জানুয়ারি থেকে মে মাসে রাশিয়ার গ্যাস বিক্রির আয় ছিল ৮৩০ কোটি ডলার। এ বছরের একই সময়ে তা ৪৫ শতাংশ কমে গিয়েছে।
যুদ্ধের আগে ইউরোপে রাশিয়া যে পরিমাণ গ্যাস রপ্তানি করছিল, তার অতি অল্প অংশই এখন চীনে যাচ্ছে। তবে এ বছরের মধ্যে এর পরিমাণ ৪২ শতাংশ বেড়ে ২২ বিলিয়ন ঘনমিটার হবে বলে ধারণা করা হচ্ছে। আর ২০২৫ সাল নাগাদ রাশিয়া চীনে ৩৮ বিলিয়ন ঘনমিটার গ্যাস রপ্তানি করতে পারে।
ইউক্রেনে আক্রমণের আগে গ্যাজপ্রম চীনের সঙ্গে গ্যাস সরবরাহের দ্বিতীয় একটি চুক্তি করেছিল। ওই চুক্তি অনুযায়ী গ্যাজপ্রম চীনকে আগামী ২৫ বছর ধরে বছরে আরও বাড়তি ১০ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করবে। এ গ্যাস যাবে ফার ইস্টার্ন রুট নামক দ্বিতীয় একটি পাইপলাইনের মাধ্যমে, কিন্তু সেটি এখনো নির্মাণ বাকি।
মস্কোর দাবি, তথাকথিত পাওয়ার অভ সাইবেরিয়া ২ প্রকল্প নিয়ে আলোচনা কয়েক মাস ধরেই ‘চূড়ান্ত পর্যায়ে’ আছে। এ পাইপলাইন চীনে রাশিয়ার গ্যাস সরবরাহকে দ্বিগুণ করে প্রায় ১০০ বিলিয়ন ঘনমিটারে উন্নীত করবে। কিন্তু এমনকি যদি এ বছরের শেষনাগাদও মস্কো-বেইজিংয়ের মধ্যে এ বিষয়ে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়, পাইপলাইন তৈরি করতে কমপক্ষে আরও পাঁচ বছর সময় লাগবে।
যুক্তরাজ্য এবং বাল্টিক দেশগুলোর মতো অনেক দেশ সরাসরি এলএনজিসহ রাশিয়ান গ্যাস কেনা বন্ধ করে দিয়েছিল। এসব অঞ্চলে আরও অনেক দেশের সরকার কোম্পানিগুলোকে রাশিয়ান গ্যাসের ওপর নির্ভরশীলতা কমানোর আহ্বান করেছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ান গ্যাসের ওপর শতভাগ নিষেধাজ্ঞা জারি সম্ভব হয়নি।
তা সত্ত্বেও পশ্চিমা বাজারের ক্রেতারা রাশিয়ান গ্যাসের ওপর নির্ভরশীলতা কমানোর প্রক্রিয়ায় যেভাবে খাপ খাইয়ে নিয়েছে, তাতেই ২০২২ সালে গ্যাজপ্রমকে গ্যাসের উৎপাদন ২০ শতাংশ কমিয়ে গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন ৪১২.৬ বিলিয়ন ঘনমিটারে নামিয়ে আনতে হয়েছে। আর নেট আয় ৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১.২৩ ট্রিলিয়ন রুবলে।
তুরস্ক অনেক আগে থেকেই রাশিয়ার গ্যাসের বড় ক্রেতা। রাশিয়া এখন চেষ্টা করছে তুরস্ককে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ইউরোপে গ্যাস পাঠাতে। তুরস্কে একটি ট্রেডিং হাব তৈরির পুতিনের পরিকল্পনাকে ইতোমধ্যে স্বাগতম জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
গ্যাজপ্রম কয়েকটি সাবেক সোভিয়েত রিপাবলিকের সঙ্গে আলোচনা বাড়িয়েছে। গত জুনে উজবেকিস্তানের সঙ্গে একটি সরবরাহ চুক্তি সই করেছে। এছাড়া আজারবাইজান ও তুর্কমেনিস্তানের সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে আলোচনা চালাচ্ছে। ২০২৩ সালের শুরুতে কাজাখস্তান ও গ্যাজপ্রমের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির ফলে রাশিয়ার গ্যাস রপ্তানি বাড়তে পারে। তবে এক্ষেত্রে চীনে গ্যাস পাঠাতে হলে নতুন পাইপলাইন তৈরি করতে হবে।
তবে রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির পরিমাণ বাড়ছে। এ বছর রাশিয়ার মোট এলএনজি রপ্তানির ১২ শতাংশ গিয়েছে পশ্চিম ইউরোপে। ২০২২ সালে রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ এলএনজি আমদানি করেছিল ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন। যদিও নেদারল্যান্ড ও স্পেন এখন রাশিয়া থেকে এলএনজি কেনা বন্ধের পদক্ষেপ নিচ্ছে। তবে সার্বিকভাবে এ অঞ্চল শীঘ্রই রাশিয়ান এলএনজি কেনা বন্ধ করবে না। সূত্র: ব্লুমবার্গ











