বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিকে আর অপরাজনীতির সুযোগ দেবে না জনগণ: তথ্যমন্ত্রী

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের জনগণ বিএনপি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের মানুষ পোড়ানোর অপরাজনীতি করার সুযোগ আর দেবে না। এ দেশে গাড়ি ও মানুষ পুড়িয়ে জনগণের সম্পদ নষ্ট করে অপরাজনীতি করাও আর সম্ভব হবে না।

শনিবার সন্ধ্যায় তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ও বোয়ালখালীর স্থানীয় সরকারের সাবেক ও বর্তমান জন প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘বিএনপি যতই সময় দেবে না বলে, ততই জনগণ আমাদের সময় বাড়িয়ে দেয়’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এখন প্রতিদিন টেলিভিশনের পর্দায় ও পত্রিকার পাতায় দেখতে পাই- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা সরকারকে আর একদিনও সময় দেবে না। এভাবে সময় না দেওয়ার মধ্যে আল্লাহর রহমতে সাড়ে ১৪ বছর আমরা ক্ষমতায় আছি।

বিএনপির উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন, জনগণ কাদের সঙ্গে আছে, তা পরখ করে দেখুন। ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনেও এ দেশের মানুষ আবারও ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পরপর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করবে এবং দেশ পরিচালনার দায়িত্ব দেবে।

তিনি বলেন, ২০০৬ সালে বিএনপি সরকারের বাজেট ছিল ৬১ হাজার কোটি টাকা। এবার আমাদের বাজেট হলো ৭ লাখ ৬১ হাজার ৫৮৫ কোটি টাকা। বাজেটের আকার তাদের চেয়ে সাড়ে ১১ গুণ বড়।

গ্রামে এখন শহরের সব সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গ্রাম হবে শহর’ ছিল গত নির্বাচনে আমাদের স্লোগান। সমগ্র বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় পাল্টে গেছে। দেশ এখন বদলে গেছে, বাংলাদেশের প্রতিটি গ্রাম বদলে গেছে। আজকের বাংলাদেশের চিত্রের সঙ্গে ১৫ বছর আগের চিত্রের মধ্যে পার্থক্য রয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা হলেন সরকারের উন্নয়নের চিত্র জনগণের কাছে পৌঁছানোর আসল মাইক। মানুষ আপনাদের কথা শোনে, আপনাদের কথা বিশ্বাস করে। মানুষের কাছে সরকারের বার্তা পৌঁছানোর জন্য আপনারা সেতুবন্ধ রচনা করেন। তাই সাধারণ জনগণের মাঝে আজকে যে দেশটি পরিবর্তন হয়ে গেছে এই বার্তাটি পৌঁছে দিতে হবে।

রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম চিশতি, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মুহাম্মদ আলী শাহ, ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, উত্তর জেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।