ডেঙ্গু ঝুঁকিতে ঢাকার যেসব এলাকা
নিজস্ব প্রতিবেদক : ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৫৫টি ওয়ার্ড এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর ‘উচ্চঝুঁকিতে’ রয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে উঠে এসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ২৮ এবং উত্তর সিটি করপোরেশন এলাকার ২৭টি ওয়ার্ড রয়েছে।
অধিদপ্তরের জরিপ অনুযায়ী, ঢাকার দুই সিটি করপোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা ১১৯টি। সে হিসেবে রাজধানীর প্রায় অর্ধেকেই ডেঙ্গুর ‘উচ্চঝুঁকিতে’ রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ঢাকার দুই সিটি করপোরেশনের ৯৮টি ওয়ার্ডে গত ১৮ থেকে ২৭ জুন ঢাকায় বর্ষা মৌসুম-পূর্ববর্তী এ জরিপ করা হয়। গতকাল মঙ্গলবার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ জরিপের তথ্য প্রকাশ করা হয়।
এ ব্যাপারে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, এই ফলাফলের মানে হলো, এসব এলাকায় ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার উপস্থিতি অনেক বেশি। উত্তর-দক্ষিণ যাই বলি না কেন, আমরা সবাই ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছি। সামগ্রিকভাবে পুরো ঢাকা শহরে যেখানেই বৃষ্টির পানি জমে থাকার সুযোগ পেয়েছে, সেখানেই এডিস মশার লার্ভা হয়েছে। দুই সিটিতেই আমরা কাছাকাছি পরিমাণ লার্ভার উপস্থিতি পেয়েছি।
জরিপের তথ্য অনুযায়ী, উত্তরের ৪০ এবং দক্ষিণের ৫৮টি ওয়ার্ডে গেছেন জরিপকারীরা। এসব ওয়ার্ডের ৪ হাজার ১৪৯টি বাড়ি পরিদর্শন করে ৫৪৯টি বাড়িতে এডিস মশার লার্ভা পেয়েছেন তারা। এসব ওয়ার্ডে এডিস মশার ব্রুটো ইনডেক্স ২০-এর বেশি। অধিদপ্তরের বিশেষজ্ঞরা জানান, কোনো এলাকায় মশার লার্ভার উপস্থিতি হিসাব করা হয় ব্রুটো ইনডেক্সের মাধ্যমে। জরিপে প্রতি ১০০ প্রজনন উৎসের মধ্যে ২০টি বা তার বেশিতে যদি এডিস মশার লার্ভা বা পিউপা পাওয়া যায়, তাহলে সেটাকে ‘ঝুঁকিপূর্ণ উপস্থিতি’ বলা হয়।
বেশি লার্ভা ৫৫টি ওয়ার্ডে : জরিপের তথ্য অনুযায়ী, ব্রুটো ইনডেক্স বিচারে ঢাকা উত্তর সিটির ২, ৩, ৫, ৬, ১০, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩৩, ৩৫, ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড অর্থাৎ ২৭টি ওয়ার্ড সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এসব ওয়ার্ডের আওতাধীন এলাকাগুলো হলো মিরপুর, পল্লবী, মাজার রোড, পীরেরবাগ, মনিপুর, শেওড়াপাড়া, কাফরুল, ইব্রাহিমপুর, খিলক্ষেত, কুড়িল, জোয়ার সাহারা, বনানী, গুলশান, বারিধারা, মহাখালী, রামপুরা, খিলগাঁও, মালিবাগ, কারওয়ান বাজার, তেজতুরী বাজার, আগারগাঁও, মোহাম্মদপুর, বায়তুল আমান, মগবাজার, ইস্কাটন ও বাড্ডা।
দক্ষিণ সিটি করপোরেশনের ২৮টি ওয়ার্ড সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ওয়ার্ডগুলো হলো- ২, ৩, ৪, ৫, ৬, ৯, ১১, ১২, ১৩, ১৫, ১৬, ১৮, ১৯, ২২, ২৩, ২৬, ৩৩, ৩৪, ৩৬, ৪১, ৪৪, ৪৬, ৪৮, ৫০, ৫১, ৫৪, ৫৫ ও ৫৭ নম্বর। এসব ওয়ার্ডে ব্রুটো ইনডেক্স ২০-এর বেশি। এসব ওয়ার্ডের আওতাধীন এলাকাগুলো হলো গোড়ান, মেরাদিয়া, বাসাবো, সবুজবাগ, মুগদা, মাদারটেক, ফকিরাপুল, আরামবাগ, শাহজাহানপুর, রাজারবাগ, পুরানা পল্টন, বায়তুল মোকাররম, ধানমণ্ডি, রায়েরবাজার, নীলক্ষেত, সায়েন্স ল্যাবরেটরি, এলিফ্যান্ট রোড, মিন্টো রোড, কাকরাইল, হাজারীবাগ, লালবাগ, আজিমপুর, পলাশী, বংলাশ, সিদ্দিকবাজার, শাঁখারীবাজার, রায়সাহেব বাজার, ওয়ারী, সূত্রাপুর, মিলব্যারাক, সায়েদাবাদ, উত্তর যাত্রাবাড়ী, মীর হাজিরবাগ, ধোলাইরপাড়, গেণ্ডারিয়া, জুরাইন ও কামরাঙ্গীরচর।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৭টি ওয়ার্ডে ব্রুটো ইনডেক্স ১০-এর বেশি, ঢাকা উত্তরের ৩ ও ঢাকা দক্ষিণের ১০টি ওয়ার্ডে ব্রুটো ইনডেক্স ১০-এর কম এবং দুই সিটির একটি করে ওয়ার্ডে কোনো লার্ভা পাওয়া যায়নি।
বাড়িতে বেশি এডিস মশা দক্ষিণ ঢাকায় : জরিপের তথ্য অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সবচেয়ে বেশি এডিস মশার লার্ভা মিলেছে বাড়িতে। বাড়িতে মশার লার্ভার ঘনত্ব পরিমাপক হলো হাউজ ইনডেক্স বা এইচ১। সে অনুযায়ী ঢাকা দক্ষিণের ৪৫ ও উত্তরের ৩৫টি ওয়ার্ডে এইচ১ ১০-এর বেশি, দক্ষিণের ১২টি ওয়ার্ড ও উত্তরের ৪টি এলাকায় এইচ১ ১০-এর কম এবং দুই সিটির একটি করে ওয়ার্ডে কোনো এইচ১ বা এডিস মশার লার্ভা পাওয়া যায়নি।











