সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি খাদ্য ও জরুরিপণ্যের আমদানি ব্যয় আরও বাড়বে

news-image

জিয়াদুল ইসলাম
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে গত সোমবার থেকে বাজারদরে ডলার বিক্রি শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। ওই দিন আন্তঃব্যাংক লেনদেনে ওঠা সর্বোচ্চ ১০৮ টাকা ৮৫ পয়সা দরেই রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করা হয়েছে। এর আগে বাজারদরের চেয়ে কম দরে ডলার বিক্রি করে আসছিল বাংলাদেশ ব্যাংক, যা এত দিন পর্যন্ত ছিল সর্বোচ্চ ১০৬ টাকা। এর মানে গত সোমবার এক দিনেই ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করা হয়েছে ২ টাকা ৮৫ পয়সা বা ২ দশমিক ৬৮ শতাংশ। আর এক বছরে ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান কমেছে (অবমূল্যায়ন) প্রায় সাড়ে ১৬ শতাংশ। এর মাধ্যমে বাজারভিত্তিক বৈদেশিক বিনিময় হার ব্যবস্থা চালু করল বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থা চালুর ফলে চলতি অর্থবছর থেকে সরকারি বিভিন্ন পণ্যের আমদানি ব্যয় আগের চেয়ে বেড়ে যাবে। বিশেষ করে জ্বালানি তেল, সার, খাদ্যসহ জরুরি পণ্য আমদানিতে ব্যয় বাড়বে। কারণ এসব পণ্য আমদানিতেই কেন্দ্রীয় ব্যাংক থেকে কেবল ডলার সরবরাহ করা হয়ে থাকে। তবে বাফেদা ও এবিবি মিলে একই দিন থেকে আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ দাম ১০৯ টাকা বেঁধে দেওয়ায় টাকা ও ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারভিত্তিক হওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তার পরও ডলারের একক দর কার্যকরের ক্ষেত্রে বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থা চালুর বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর আমাদের সময়কে বলেন, বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করার সিদ্ধান্ত ইতিবাচক। তবে বাফেদা ও এবিবিকে দিয়ে রেট ফিক্সড করে রাখাটা এক প্রকার সনাতনী ব্যবস্থাপনা। আর বাংলাদেশ ব্যাংকও এখন থেকে ডলার বিক্রিতে এই রেটই অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিনিময় হার পুরোপুরি বাজারভিত্তিক হলো না। তবে এটা ইউনিফাইড হলো। ফলে আগামীতে পুরোপুরি বাজারভিত্তিক করা সম্ভব হবে।

জানা যায়, আইএমএফ ৪৭০ কোটি ডলার ঋণের অন্যতম শর্ত হলো- ঋণের সুদহার ও ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করতে হবে। পাশাপাশি ব্যাংকগুলোর সব পর্যায়ে ডলার কেনার একদর কার্যকর করতে হবে। এর অংশ হিসেবে সুদ হারের সীমা তুলে দেওয়ার পর বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থায় গেল বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ চলতি মাস থেকে বাজার দর তথা আন্তঃব্যাংকে ডলার বিক্রির সর্বোচ্চ যে দাম উঠবে, ওই দরেই রিজার্ভ থেকে ডলার বিক্রি করবে কেন্দ্রীয় ব্যাংক। সে অনুযায়ী, গত সোমবার থেকে বাজারদরে ডলার বিক্রি শুরু হয়েছে। তবে ডলারের একদর এখনই কার্যকর করা সম্ভব হচ্ছে না। আগামী সেপ্টেম্বরের মধ্যে এটিও কার্যকর করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা আমাদের সময়কে বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাশ্রয়ে দীর্ঘদিন ধরে সার, জ্বালানি তেল, খাদ্যসহ জরুরি পণ্য আমদানির বিপরীতে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। এত দিন বাজার দরের চেয়ে কম দরে তথা ডিসকাউন্ট রেটেই এসব ডলার বিক্রি করে আসছিল কেন্দ্রীয় ব্যাংক। এতে এসব পণ্য আমদানিতে কিছুটা হলেও খরচ কম পড়ত। তবে এখন বাজার দরে ডলার বিক্রি শুরু করায় এসব পণ্যের আমদানি খরচ আগের চেয়ে বাড়বে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১১ মাসে জ্বালানি তেল আমদানির এলসি নিষ্পত্তি হয়েছে ৮৬৮ কোটি ৫৮ লাখ ডলারের, যা আগের অর্থবছরের চেয়ে ৭ দশমিক ৭৫ শতাংশ বেশি। অন্যদিকে একই সময়ে সারের এলসি নিষ্পত্তি হয়েছে ৪৭০ কোটি ডলারের, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ শতাংশ বেশি। এ ছাড়া খাদ্যপণ্য আমদানির এলসি নিষ্পত্তি হয়েছে ৭৩০ কোটি ডলার, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় ১১ শতাংশ কম।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর আবদুর রউফ তালুকদার জানান, ডিসকাউন্ট রেটে ব্যাংকগুলোর কাছে আর কোনো ডলার বিক্রি করবে না বাংলাদেশ ব্যাংক। বাজারভিত্তিক দরে ডলার বিক্রি করা হবে। অর্থাৎ আন্তঃব্যাংকে সর্বোচ্চ যে দামে ডলারের লেনদেন হবে, ওই রেটেই ডলার বিক্রি করবে কেন্দ্রীয় ব্যাংক। মূলত আইএমএফের শর্তপূরণের অংশ হিসেবে এমন সিদ্ধান্তের কথা জানান গভর্নর।

সংশ্লিষ্টরা জানান, নতুন এই নিয়মে ১ জুলাই থেকেই ডলার বিক্রির কথা ছিল। কিন্তু ১ জুলাই শনিবার ব্যাংক বন্ধ ছিল। পর দিন রবিবার আন্তর্জাতিক লেনদেন বন্ধ থাকে। ফলে গত সোমবার থেকে বাজারভিত্তিক দরে ডলার বিক্রি শুরু করে কেন্দ্রীয় ব্যাংক।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত সোমবার আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ দর উঠেছিল ১০৮ টাকা ৮৫ পয়সা। এ দামে একই দিনে ব্যাংকগুলোর কাছে ৫ কোটি ৪৫ লাখ ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। গতকালও একই দরে ব্যাংকগুলোর কাছে ৭ কোটি ১৯ লাখ ডরার বিক্রি করা হয়েছে। এর আগে সর্বশেষ ১০৬ টাকায় ডলার বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। আর এই দর ছিল আন্তঃব্যাংকের চেয়ে কম। যদিও বাজারের সঙ্গে তাল মেলাতে রিজার্ভ থেকে ডলার বিক্রির রেটও ধীরে ধীরে বাড়িয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক। যেমন- চলতি বছরের শুরুতেও রিজার্ভ থেকে প্রতি ডলার বিক্রি করা হতো ৯৯ টাকায়। আর গত বছরের ৩ জুলাই প্রতি ডলার ছিল ৯৩ টাকা ৪৫ পয়সা। যদিও বাজারে এ সময় ১০৮ থেকে ১১৪ টাকায় ডলার কেনাবেচা হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, সদ্যসমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে বিভিন্ন ব্যাংকের কাছে রেকর্ড ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার বিক্রি করে। এর আগে ২০২১-২২ অর্থবছরে বিক্রি করা হয় ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার। এভাবে ডলার বিক্রির ফলে ৪৮ বিলিয়ন ডলারের ওপরে ওঠা রিজার্ভ এখন ৩১ বিলিয়নের ঘরে নেমেছে। গতকাল দিনশেষে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চ থেকে দেশে ডলার-সংকট প্রকট আকার ধারণ করে। সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু এতে সংকট আরও বেড়ে যায়। পরে ওই বছরের সেপ্টেম্বরে ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায় কেন্দ্রীয় ব্যাংক। তখন এই দায়িত্ব নেয় ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)। এর পর থেকে এবিবি ও বাফেদা কয়েক দফা রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ডলারের দাম বাড়িয়েছে।

সবশেষ গত ২৬ জুন তারা আবারও দাম বাড়ানোর ঘোষণা দেয়, যা গত ৩ জুলাই থেকে কার্যকর হয়েছে। ঘোষণা অনুযায়ী, এখন রপ্তানিকারকরা প্রতি ডলারের দাম পাবেন ১০৭ টাকা ৫০ পয়সা, আগে যা ছিল ১০৭ টাকা। তবে প্রবাসী আয়ে ডলারের দাম আগের দামেই অপরিবর্তিত রাখা হয়েছে। প্রবাসী আয়ে আগের দাম নির্ধারণ করা আছে ১০৮ টাকা ৫০ পয়সা। একই সভায় আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ দাম ১০৯ টাকায় বেঁধে দেওয়া হয়। ব্যাংকগুলোতে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বাফেদা জানায়, এখন থেকে ডিলার ব্যাংকগুলো যে রেটে ডলার কিনবে তার সঙ্গে এক টাকা যোগ করে বিসি সেলিং (বিলস ফর কালেকশন) রেট দেবে। তবে এই রেট ১০৯ টাকার বেশি হতে পারবে না।

সোনালী ব্যাংকের এমডি ও বাফেদার চেয়ারম্যান মো. আফজাল করিম আমাদের সময়কে বলেন, ডলারের বাজার স্থিতিশীল করে আন্তঃব্যাংকে ডলারের দামের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে। তবে এটা কোনো ফিক্সড রেট নয়। বলা হয়েছে, এই রেটের বেশি নিতে পারবে না ব্যাংকগুলো। অর্থাৎ ব্যাংকগুলো যে রেটে রপ্তানি আয় ও রেমিট্যান্স সংগ্রহ করবে, তার সঙ্গে সর্বোচ্চ ১ টাকা প্রফিট যোগ করে আন্তঃব্যাংকে ডলার বিক্রি করতে পারবে। তবে এটা ১০৯ টাকার বেশি হবে না।

নতুন সিদ্ধান্তের ফলে পণ্য আমদানির ক্ষেত্রে ডলারের দাম সর্বোচ্চ ১০৮ থেকে ১০৯ টাকার মধ্যে থাকার কথা। কারণ ডলার কেনার গড় দরের সঙ্গে সর্বোচ্চ এক টাকা যোগ করে আমদানির দর ঠিক হবে। যদিও সংকটের কথা বলে ব্যাংকগুলো আমদানিতে ডলারের দাম এর চেয়ে বেশি নিচ্ছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের।

এ বিষয়ে সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম বলেন, আমদানিতেও ডলারের দাম ১০৯ টাকার বেশি হওয়ার সুুযোগ নেই। কারণ রপ্তানি ও প্রবাসী আয়ে ডলার কেনার গড়ের সঙ্গে ১ টাকা যোগ করে আমদানি রেট নির্ধারণ করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া আছে। এই রেটের বেশি ব্যাংকগুলো আদায় করলে বাফেদা ও এবিবি কোনো ব্যবস্থা নিতে পারে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাফেদা ও এবিবির এ ধরনের ক্ষমতা নেই। কারণ কোনো পেনাল্টি ইমপোস করতে পারি না। আমরা কেবল ডলারের দাম নির্ধারণে যৌথ সিদ্ধান্ত নিতে পারি। তবে এই সিদ্ধান্ত যদি কেউ না মানে, তবে পেনাল্টি দেওয়ার ক্ষমতা আমাদের নেই। নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক এ ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী