কতটা সফল হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান?
স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে আগামী ৫ অক্টোবর। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
বিশ্বকাপের সূচি অনুযায়ী, টাইগাররা বিশ্বকাপের ছয়টি ভেন্যুতে খেলবে নয়টি ম্যাচ। দুইটি করে ম্যাচ খেলবে কলকাতা, পুনে ও ধর্মশালায়। এছাড়া একটি করে ম্যাচ রয়েছে ব্যাঙ্গালুরু, মুম্বাই ও চেন্নাইতে। ছয় ভেন্যুর প্রতিটি রাজ্যই আলাদা, সেখানকার আবহাওয়াও ভিন্ন, উইকেটের আচরণও থাকবে আলাদা। টুর্নামেন্ট শুরুর আগে এসবের ভাবনায় থাকবে বাংলাদেশের টিম ম্যানেজম্যান্টও।
আফগানিস্তান ম্যাচে দিয়ে বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ৭ অক্টোবর, ধর্মশালায়। প্রথম ম্যাচের মতো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচও খেলবে ধর্মশালায়। প্রতিপক্ষ সেখানে ইংল্যান্ড। এই মাঠে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে খেলেছিল বাংলাদেশ।
হিমালয়ের কোলঘেঁষা ধর্মশালার এই নৈসর্গিক স্টেডিয়ামে ঠান্ডার সঙ্গে লড়াই করতে হবে বাংলাদেশকে। এখানকার উইকেটে সাধারণত পেস ও বাউন্স থাকে। শেষ ৪ ওয়ানডেতে এখানে রাজত্ব করেছে পেসাররাই। স্পিনাররা যেখানে নিয়েছেন মাত্র ১৭ উইকেট, সেখানে পেসারদের ঝুলিতে ৩৫ উইকেট। আশার কথা হল, বর্তমানে বেশ শক্তিশালী পেস আক্রমণ রয়েছে বাংলাদেশের। পেস সহায়ক উইকেট পেলেই জ্বলে উঠতে পারে তাসকিন, এবাদত, শরীফুল ও মুস্তাফিজরা। এই দিক থেকে আফগানিস্তান তুলনামূলক দূর্বল হলেও ইংল্যান্ড অনেকটা তাদের হোম কন্ডিশনই পাবে।
বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচ খেলবে ১৪ অক্টোবর চেন্নাইতে। যেখানে প্রতিপক্ষ আগের আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামও পেস সহায়ক। শেষ ৪ ওয়ানডেতে পেসারদের ৩৭ উইকেটের বিপরীতে স্পিনাররা নিয়েছেন ২১ উইকেট। এখানে মূলত লড়াই হবে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের পেস আক্রমণের। এই মাঠে একবারই খেলেছে বাংলাদেশ, যেটি ১৯৯৮ সালে কেনিয়ার বিপক্ষে।
বাংলাদেশের চতুর্থ ম্যাচ আয়োজক ভারতের বিপক্ষে। ১৯ অক্টোবর পুনেতে হবে ম্যাচটি। পুনের সঙ্গে কোনো চেনাজানাই নেই বাংলাদেশের। রান বেশি হওয়ার দিক থেকে বিখ্যাত মহারাষ্ট্রের এই স্টেডিয়ামটি। শেষ ৪ ওয়ানডের তিনটিই দেখেছে তিনশ’ ছাড়ানো ইনিংস। ভারতের বিপক্ষে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে ব্যাট হাতেও বড় স্কোর করতে হবে বাংলাদেশের ব্যাটারদের। একই ভেন্যুতে ১২ নভেম্বর গ্রুপপর্বে বাংলাদেশ তাদের শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারতের মত অস্ট্রেলিয়ার বিপক্ষেও এই ম্যাচটি কঠিন হতে পারে।
২৪ অক্টোবর মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবেন তামিমরা। এই মাঠও অনেকটা ব্যাটিং সহায়ক। মুম্বাইতে এই মাঠকে ঘিরে প্রোটিয়াদের সুখস্মৃতিও আছে। এখানেই ভারতকে ৪৩৮ রানের লক্ষ্য দিয়ে ২১৪ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
কলকাতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ অক্টোবর। তামিমরা সেখানে খেলবে বিশ্বকাপ বাছাইপর্বের চ্যাম্পিয়ন দলের সঙ্গে। কলকাতায় বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষেও। কলকাতাকে বাংলাদেশের মানুষ অনেক আপন ভাবলেও এই শহরে টাইগারদের অভিজ্ঞতটা অতটা সুখের নয়। ২০১৬ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচে কলকাতাবাসী সমর্থন করেছে পাকিস্তানকে। মাশরাফিরা সেদিন ইডেনের গ্যালারিতে দেখেছে পাকিস্তানের চাঁদ তারার আধিপত্য।
কলকাতার উইকেটে স্পিনারদের আধিক্য থাকলেও শেষ ৪ ওয়ানডেতে অবশ্য পেসাররাই রাজত্ব করেছে। পেসারদের ৪৮ উইকেটের বিপরীতে স্পিনাররা নিয়েছেন মাত্র ১৫ উইকেট। তবে কলকাতায় পাকিস্তানের বিপক্ষে কন্ডিশনের থেকে বাংলাদেশের বড় পরীক্ষা হবে দর্শকদের চাপ।
৬ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের প্রতিপক্ষ হবে কোয়ালিফায়ার-২ দলের সঙ্গে। দিল্লির মাঠে একটি ম্যাচই খেলেছে বাংলাদেশ। টি-২০ ফরম্যাটের ওই ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে মুশফিকুর রহিমরা।











